শিশুকে আজ লাইব্রেরিতে নিয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার ওপরে দাঁড়াইয়া আছি। কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোনো পথ মানব-হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে।’—রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যিই তা–ই। লাইব্রেরি যেন বিশ্বব্রহ্মাণ্ডের তাবৎ জ্ঞানের গুদামঘর। কিংবা সমূহ সম্ভাবনার আশ্চর্য আঁতুড়ঘর। অথবা এমন এক অত্যাশ্চর্য সন্ধিস্থল, যেখানে এসে মিলিত হয় সৃষ্টির আদি থেকে অন্ত, আদিগন্ত পৃথিবী।

৫ ফেব্রুয়ারি শিশুকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া দিবস
ছবি: কবীর শাহরীয়ার

পৃথিবীতে আরেক আশ্চর্যের নাম ‘শিশু-কিশোর’। নতুনকে জানার তাদের প্রবল তৃষ্ণা। অজস্র জিজ্ঞাসা নিয়ে প্রতিটি শিশু বেড়ে উঠতে থাকে। তাদের একটি সুন্দর, জ্ঞানদীপ্ত পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাইব্রেরি সবচেয়ে যথার্থ স্থান। অবশ্য আধুনিক তথ্যপ্রযুক্তি তাতে বেশ বড়সড় ধাক্কা দিয়েছে। কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রেই এ প্রজন্মের লাইব্রেরি। এরপরও কিন্তু ইট-কাঠ–কাগজের লাইব্রেরির আবেদন ফুরাবার নয়।

অজস্র জিজ্ঞাসা নিয়ে প্রতিটি শিশু বেড়ে উঠতে থাকে
ছবি: প্রথম আলো

আজ ৫ ফেব্রুয়ারি, শিশুকে লাইব্রেরিতে নিয়ে যাওয়ার দিন। যুক্তরাষ্ট্রের ওয়াটারফোর্ড পাবলিক লাইব্রেরি ও স্ট্র্যাটফোর্ড লাইব্রেরির দুই লাইব্রেরিয়ান নাদিন লিপম্যান ও ক্যাইটলিন অগাস্টার উদ্যোগে ২০১১ সালে দিবসটি প্রথম পালিত হয়। আজ আবার বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার দিবসও। ২০১৮ সালে চালু হয় এটি।

যাহোক, আপনার শিশুকে আজ লাইব্রেরিতে নিয়ে যেতে পারেন। সে চোখ মেলে দেখুক সারিবদ্ধ বইয়ের তাক, তাকের গোড়া থেকে চূড়া অবধি সুসজ্জিত বই, রংবেরঙের মলাট আর আপনি মুগ্ধতা নিয়ে দেখুন তাকে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে