চলতি রম্য
সন্তানকে স্কুলে ভর্তির কিছু মোক্ষম ‘প্রিপারেশন’
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্লে গ্রুপে ভর্তির বিজ্ঞপ্তি দেখে অনেক অভিভাবকই টেনশনে পড়ে গিয়েছিলেন। ২০২২ সালে প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ‘শিক্ষার্থীর যোগ্যতা’ অংশে বয়স, উচ্চতা, ওজন, দুধদাঁত, শারীরিক ও মানসিক সুস্থতা-সংক্রান্ত নানা শর্ত দিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। ‘“মোটা” শিশুদের ভর্তি নেয় না প্রিপারেটরি স্কুল’—এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে। যা হোক, এমন উদ্ভট শর্ত যখন একবার দেওয়া হয়েছে, তখন ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান যে দেবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই অভিভাবকদের জন্য দেওয়া হলো কিছু অমূল্য পরামর্শ...
শর্ত ১: বয়স ১ জানুয়ারি ২০২২ সালে ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে।
আপনি এখন যা করবেন: যখনই আপনি মা–বাবা হওয়ার কথা ভাববেন, মানে আম্মা–আব্বা ডাক শোনার প্রস্তুতি নেবেন, তখন থেকেই পরিকল্পনায় রাখুন, বছরের জানুয়ারি মাসে যাতে আপনার সন্তানের বয়স পাঁচ বছরের বেশি না হয়ে যায়। তা হলেই একটি শর্ত পুরোপুরি আপনার হাতের মুঠোয় বলা চলে।
শর্ত ২: উচ্চতা ৩ ফুট থেকে ৩ ফুট ৮ ইঞ্চির মধ্যে হতে হবে।
আপনি এখন যা করবেন: সন্তানকে সারা বছর ‘সাইজের’ মধ্যে রাখুন। প্রয়োজনে সন্তানের ঘরের ছাদ ৩ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বানিয়ে রাখুন। কোনো কারণে আপনার সন্তানের মাথা যদি ছাদে গিয়ে ঠেকে, মানে ৩ ফুট ৮ ইঞ্চি হয়ে যায়, তাহলে তারপর থেকে স্কুলে ভর্তির সময় পর্যন্ত ওই কক্ষের বাইরে যেতে বারণ করুন। তার পরও যদি ১–২ ইঞ্চি বেড়ে যায়, তাহলে সন্তানকে সোল খুলে শুধু জুতা পরিয়ে নিয়ে যাবেন।
শর্ত ৩: ওজন ১৩ কেজি থেকে ২১ কেজির মধ্যে হতে হবে।
আপনি এখন যা করবেন: বাসায় ওজন মাপার যন্ত্র কিনে রাখুন। প্রতিদিন শিশুর ওজন মেপে খাবার খেতে দিন। এতে ওজন নিয়ন্ত্রণে আছে কি না, পরীক্ষা করতে পারবেন। ওজন যদি শর্তের বেশি হয়ে যায়, তাহলে স্কুলে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে সন্তানকে বাথরুম করিয়ে নিয়ে যাবেন। এতে অন্তত ২০০ থেকে ৩০০ গ্রাম ওজন কমে যেতে পারে।
শর্ত ৪: শিক্ষার্থীর সব দুধদাঁত (২০টি) অটুট থাকতে হবে।
আপনি এখন যা করবেন: সন্তানের দুধদাঁত উঠলে তা খুব যত্নসহকারে রক্ষা করার চেষ্টা করবেন। গুনে গুনে ২০টি দাঁতই রাখতে হবে ভর্তির আগ পর্যন্ত। কোনো কারণে দাঁত পড়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। ঝটপট দন্তচিকিৎসকের খোঁজ করুন। সাইনবোর্ডে লেখা থাকতে পারে—‘এখানে দুধদাঁত বাঁধাই করা হয়’! আরও একটি কাজ করতে পারেন। পড়ে যাওয়া দাঁতের ফাঁকা জায়গায় চুইংগাম চিবিয়ে দাঁতের শেপ করে লাগিয়ে দিতে পারেন। এ ক্ষেত্রে সাক্ষাৎকারের মাঝপথে চুইংগাম রাজনৈতিক নেতাদের মতো পল্টি দিলে আমাকে দায়ী করা চলবে না।
শর্ত ৫: শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
আপনি এখন যা করবেন: সন্তান শারীরিকভাবে ঠিক আছে তা প্রমাণের জন্য সাক্ষাৎকারের সময় দৌড়াদৌড়ি করতে বলতে পারেন। এতে শিক্ষার্থীর ফিটনেসের পাশাপাশি শিক্ষকের ফিটনেস পরীক্ষা হয়ে যাবে। শেষে দেখা যাবে, শিক্ষক ক্লান্ত হয়ে বলবেন—বাবা, আসো, আমরা বসে বসে কথা বলি! আর সন্তানের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যা করা দরকার তা তো আপনি জানেনই। শুধু মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দেওয়ার আগে সন্তানকে জানিয়ে রাখবেন, এই দেশে অসুস্থরাই সুস্থতার পরীক্ষা নেয়। কাজেই এতে ভয়ের কিছু নেই।
শর্ত ৬: ছোঁয়াচে অসুখ থাকলে ভর্তির জন্য বিবেচিত হবে না।
আপনি এখন যা করবেন: ছোঁয়াচে অসুখ থাকলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সেটি ঠিক আছে। যদি অসুখের বাহানায় ভর্তি করাতে না চায়, তাহলে সাক্ষাৎকার গ্রহীতার গা ঘেঁষে হাত ধরে শিক্ষার্থী ঝুলে থাকতে পারে। এতে শিক্ষক সংক্রমিত না হলে ভর্তির জন্য বিবেচনা করলেও করতে পারেন।
(এত পরামর্শ দেওয়ার পরও যদি ওই স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাতে ব্যর্থ হন, তাহলে অন্য স্কুলে ভর্তি করাবেন। কেননা, প্রতিষ্ঠান যেটাই হোক, সঠিক শিক্ষা পেলে আপনার সন্তানই একদিন এমন উদ্ভট ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে সোচ্চার হবে।)