দুচোখ যত দূর যায়, শুধু সোলার প্যানেল আর সোলার প্যানেল। সারাটা দিন রোদের আলো খায় প্যানেলগুলো আর ওই আলো দিয়ে বানিয়ে ফেলে বিদ্যুৎ। এই এলাকার সবকিছু ওদের বানানো বিদ্যুতেই চলে। তাই সোলার প্যানেলগুলোর গর্বের শেষ নেই। রোদের আলোয় ওদের মাথা ঝিকমিকিয়ে ওঠে। কেউ কেউ গান ধরে। সব মিলিয়ে ওরা খুব খুশি। শুধু একটা সোলার প্যানেলের মন খারাপ। কেন মন খারাপ? কারণ, সে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না!
খুশিতে ডগমগ সোলার প্যানেলগুলোর মিটারের কাঁটা ঘুরছে সব সময়; মানে ওরা নিয়মিত বিদ্যুৎ উৎপাদন করছে। আর ওই দুঃখী সোলার প্যানেলের মিটারের কাঁটা বসে আছে তো বসেই আছে। সে অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই মিটারের কাঁটাটাকে নড়াতে পারেনি। হতাশ সোলার প্যানেল ভেবেই পায় না, কেন এমন হচ্ছে।
সোলার প্যানেলগুলোর পাশেই ছিল লম্বা কতগুলো গাছ। একদিন একটা গাছ সামনে ঝুঁকে এসে দুঃখী সোলার প্যানেলকে বলল, ‘এই যে, মন খারাপ কেন? কী করছ তুমি?’
সোলার প্যানেল মুখ ভার করে বলল, ‘মাথার চুল ছিঁড়ছি।’
গাছটা অবাক, ‘তোমার মাথায় তো কোনো চুলই নেই!’
সোলার প্যানেল কিছু না বলে লজ্জায় মাথাটা নিচু করল। আর কী কাণ্ড! অমনি সোলার প্যানেলের মাথায় জমা হওয়া রাশি রাশি গাছের পাতা ঝরে পড়ল ঝরঝর করে!
সোলার প্যানেল বিস্ময়ে হতবাক। বিস্ময়ের ঘোর কাটতেই গাছটার দিকে তাকিয়ে বলল, ‘আরে আরে, দেখো! আমার মাথায় তোমাদের পাতা জমে ছিল! এ কারণেই এত দিন আমার মাথায় রোদ পড়ত না ভালো করে, তাই বিদ্যুৎও বানাতে পারিনি!’
সোলার প্যানেলটা যখন ওর মাথা থেকে শেষ পাতাটাও ফেলে দিল, তখন আকাশ ঢেকে গেছে মেঘে! সোলার প্যানেলের মুখ আবার কালো হয়ে গেল। মনে মনে ভাবল, ‘হায় রে, আলো তো চলে গেছে! এখন বিদ্যুৎ বানাব কী করে!’
মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল কালো মেঘের দল। ওদের দিকে তাকিয়ে সোলার প্যানেল বলল, ‘মেঘ ভাই, তোমরা কি একটু দূরে সরে যাবে?’
একটা মেঘ মুখ ভেংচে বলল, ‘এহ্, এসেছে আমাদের কাজে নাক গলাতে! তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করছি।’
সোলার প্যানেলের কাঁদো কাঁদো মুখটা দেখে একটা মেঘের মায়া হলো। একটু থেমে বলল, ‘এই যে, শোনো, আমরা সূর্যের সঙ্গে লুকোচুরি খেলছি। শিগগিরই চলে যাব। চলে যাওয়ার সময় বৃষ্টি হয়ে ঝরে পড়ব। তারপর মনের সুখে আলো খেয়ো।’
সোলার প্যানেল বলল, ‘কিন্তু আমি তো বৃষ্টি চাই না!’
মেঘের দল ওর কথা আর কানেই তুলল না! ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, মেঘগুলো আর বৃষ্টি হয়ে ঝরল না। শেষমেশ সোলার প্যানেল একটা বুদ্ধি আঁটল। ভাবল, মই বেয়ে মেঘের দেশে যাব। তারপর ওদের ঘাড় ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব।
কিন্তু অত বড় মই কোথায় পাবে সোলার প্যানেল? তা ছাড়া সে তো উড়তেও পারে না! কাজেই মেঘেদের দুষ্টুমি দেখতে দেখতে একসময় সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে দেখল বিচিত্র এক স্বপ্ন। সব সোলার প্যানেল ওকে দল থেকে তাড়িয়ে দিচ্ছে। ও দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। হঠাৎ দেখে, সামনে একটা গনগনে সূর্য। আর ঠিক তখনই ঘুমটা গেল ভেঙে। ঘুম ভাঙতেই সোলার প্যানেল দেখল, রোদে ঝলমল করছে চারপাশ! মানে ওর ঘুমের মধ্যে কোন ফাঁকে মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়েছে!
‘ইয়াহু!’ বলে চেঁচিয়ে উঠল সোলার প্যানেল। রোদের আলো খেতে শুরু করল চোখ বুজে। কতক্ষণ যে এভাবে সূর্যের আলো খেল, তার কোনো হিসাব নেই। হঠাৎ একটা বিপ বিপ আওয়াজ কানে এল। চোখ মেলে মিটারের দিকে তাকাতেই আরও জোরে চেঁচিয়ে উঠল ও, ‘আমি বিদ্যুৎ বানাচ্ছি! আমি বিদ্যুৎ বানাচ্ছি!’
গোটা এলাকার সব সোলার প্যানেল মাথা ঘুরিয়ে তাকাল ওর দিকে। তালি দিয়ে অভিবাদন জানাল। উল্লাসে মেতে উঠল সবাই, ‘হিপ হিপ হুর রে! হিপ হিপ হুর রে!’