স্যার আলুকে যেমন দেখেছি

কেউ ধরাছোঁয়ার বাইরে চলে গেলে প্রশংসাসূচক এবং স্মৃতিকাতরময় রচনা প্রসব করা হয়। এ ধরনের রচনার চিরচেনা এক শিরোনাম থাকে—অমুককে যেমন দেখেছি। অতিপরিচিত সবজি আলুও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই সময় থাকতেই স্যার আলুকে নিয়ে কিছু স্মৃতিচারণা করার লোভ সামলাতে পারছি না। কেবল স্মৃতিচারণা নয়, কল্পনায় আলুকে যেভাবে দেখতাম, তা-ও দেখানোর চেষ্টা করছি। এই লেখার বদৌলতে বাজারে গিয়ে যদি আলুর সুদৃষ্টি মেলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিলেন আলু খান এবং বেচারা ভাত

হুসেইন মুহম্মদ এরশাদের আমলে বলা হয়েছিল, ‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’। আমরা যারা আশির শেষ এবং নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি, তারা এই ছন্দময় স্লোগান যতবার শুনেছি, ততবার আলু খেলে ভাত জিনিসটাই উধাও হয়ে যেত। তেমনটা হলে ‘ভেতো বাঙালি’র বদলে আমাদের পরিচয় কী হতো? আলু-বাঙালি? কেলেঙ্কারি হয়ে যেত তাহলে! কারণ, বাঙালি দোষ করলেই সেটা হয়ে যেত আলুর দোষ! (এ প্রসঙ্গেও স্মৃতি আছে। বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন!)

যা হোক, দোষ, কেলেঙ্কারি না দেখে আমরা অতীতে চোখ বুলাই। ছেলেবেলায় ওই স্লোগান শুনলেই মনে হতো, ভাত কেন চাপে আছে? আহা, বেচারা ভাত, নরমসরম সাদা মনের ‘মানুষ’! আলুর চাপে মাথা তুলে দাঁড়াতে পারছে না! ভাত কি নায়ক জসিমের মতো? আলুই-বা কেন ভাতকে চাপে রাখছে? ব্যাটা ভিলেন নাকি? মনে রাখবেন, এই স্মৃতি একেবারেই ছেলেবেলার। ফলে স্লোগানের আক্ষরিক অর্থ ‘ডিকোড’ করতে পারলেও গূঢ় অর্থ উপলব্ধি করার মতো যথেষ্ট জ্ঞানগম্যি তখনো হয়নি। তাই স্লোগানটি শুনলেই একটা ছবি চোখে ভাসত। সেই ছবি অনেকটা এ রকম—

ভাতের ওপর চাপ প্রয়োগ করছে ভিলেন আলু

পটোলের চেয়ে আলু তোলা কঠিন

এটাও ছেলেবেলার গল্প। শীতকাল। নানাবাড়িতে গেছি। নানি আলু বুনেছিলেন। (মাটির) তলে তলে আলু অনেক বাড় বেড়েছে। মানে সেগুলো তোলার সময় হয়েছে। সাতসকালে তিন-চারজন এসে নেমে গেল আলুর খেতে। কিছুক্ষণ পর নানিও খেতে নেমে গেলেন। আমিই-বা বসে বসে আলু খাব কেন? জীবনের লক্ষ্য রচনার মতো ‘আমি কৃষক হইতে চাই’ বলে নেমে পড়লাম খেতে। অভিজ্ঞতাটা মিশ্র। মাথার ওপর রবির আলো, পায়ের নিচে খেতের আলু। শীতকালেও কিছুক্ষণের মধ্যে ঘেমেনেয়ে একাকার। সোয়েটার খুলে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লাম। নরম ঝুরঝুরে মাটি, হাত দিয়ে আলু তুলছি। একটা করে আলু পাচ্ছি আর নিজেকে সফল কৃষক মনে হচ্ছে। দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি, বিটিভিতে শাইখ সিরাজের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানে আমাকে দেখাচ্ছে। আমার হাতে আলু, মুখে হাসি। শাইখ সিরাজ বলছেন, ‘আমরা এসেছি সফল আলুচাষি...’।

যাকগে, আসল কথায় ফিরে আসি। আলু তুলতে তুলতে ঘণ্টাখানেকের মধ্যে ব্রহ্মতালু টিক টিক করতে লাগল। কিছুক্ষণ পরপর চোখে আঁধার দেখছি। হঠাৎ করে মনে হলো, একটা আলু কোনোভাবেই তুলতে পারছি না। যতই টানি, আলু অনড়! নানিকে বললাম, ‘নানু, এই আলুটা ওঠে না কেন?’ নানি ‘কই, দেখি...’ বলে আলুটা ধরে টানলেন এবং আবিষ্কার করলেন, আলুর বদলে আমি এতক্ষণ আমার ডান পায়ের দ্বিতীয় আঙুলের ডগাটা টানছিলাম! পায়ের ওপরে মাটি উঠে কেবল দ্বিতীয় আঙুলের ডগাটাই বের হয়ে ছিল। আর আমি সেটাকেই আলু ভেবে...! কেউ কেউ মানুষ চিনতে ভুল করে, আমি সেই বাল্যকালে আলু চিনতে ভুল করেছিলাম!

প্রতীকি ছবি, তবে দৃশ্যটা অনেকটা এরকমই ছিল

আলুর নিজস্ব কোনো দোষ নেই

বড়রা মনে করেন, ছোটদের সামনে যা বলা হচ্ছে, তা ওদের কানে যাচ্ছে না। আসলে কথাগুলো খুব পরিষ্কারভাবেই ছোটদের কর্ণকুহরে প্রবেশ করে। গূঢ় অর্থ না বুঝলেও কোনো কোনো অপরিচিত শব্দ তো বিপুল আগ্রহ সৃষ্টি করে। কান দিয়ে ঢুকে শব্দটা চলে যায় মাথায়। কিছুক্ষণ পর পর মীনা কার্টুনের দৈত্যের মতো ‘দুড়ুম দুড়ুম গড়ি’ উড়ে এসে বলতে থাকে, ‘ছোট্ট বন্ধু, আমার অর্থ জেনে নাও! অর্থ জেনে নাও!’ কাজেই তখন ছোটরা বাধ্য হয়ে মনে মনে ভাবে, বড়রা যে শব্দটা বলল, সেটার মানে কী? অর্থ কী এর? ছেলেবেলার কৌতূহল আজকালকার স্ক্রিনশটের মতো, চেপে রাখা অসম্ভব! অসম্ভবকে সম্ভব কেবল অনন্ত জলিলই করেননি, আমিও করেছিলাম। খেলার মাঠে স্কুলের বড় ভাইদের কাছে শুনলাম, ‘অমুকের আলুর দোষ আছে।’ অবুঝ কৌতূহলী মন, তাই সরল মুখে জানতে চাইলাম, ‘ভাই, আলুর দোষ কী?’ বড় ভাইয়েরা আমার বালখিল্য প্রশ্ন শুনে সেয়ানামার্কা অর্থপূর্ণ হাসি হেসে বললেন, ‘তুমি বুঝবা না। যাও, স্টাম্পগুলা সেট করো।’ তথাস্তু। মাটির পিচে ব্যাটের হাতল দিয়ে স্টাম্প ঠুকি আর ঘুরেফিরে একটা শব্দই তাতে তাল দেয়—আলুর দোষ... আলুর দোষ...আলুর দোষ...। কী মুশকিল!

মুশকিলের আসান নিজেই করলাম। হঠাৎ একদিন খেয়াল করলাম, সবজির ডালায় কিছু বিচিত্রদর্শন আলু। আলুগুলোর শরীরে টিউমারের মতো শিকড় গজিয়েছে। কেউ একজন বলল, ‘এহ্ হে, আলু তো পচে গেছে!’ আমি মনে মনে ‘ইউরেকা’ বলে গোপন উল্লাস করলাম। আলু পচে গিয়ে খাওয়ার অযোগ্য হয়েছে, মানে এটাই হলো আলুর দোষ! আলু আমাকে বাল্যকালেই ভাষাবিদ বানিয়েছিল। সেই আলুকে স্যার না ডেকে উপায় আছে?

একেই বলে আলুর দোষ

এখন আমি আলুকে যেভাবে দেখি...