যাপিত রম্য
হাতকড়া পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি
মানুষ মাঝেমধ্যে সব জেনে-বুঝেও এমন সব প্রশ্ন করে যে শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। সে রকম কিছু প্রশ্নের দাঁতভাঙা জবাব দেওয়ার চেষ্টা করেছি আমরা...
১.
লাউ বিক্রেতা লাউ নিয়ে বসে আছে। ক্রেতা এসে আঙুল তুলে একটা লাউ দেখিয়ে জিজ্ঞেস করবে, ‘এটা কি গাছের লাউ?’
উত্তর যেমন হতে পারে:
ক. জি না, এটা কম্পিউটারে তৈরি করা লাউ।
খ. জি না, এটা নদীর লাউ, একটু আগে বড়শি দিয়ে ধরেছি।
গ. জি না, এইটা লাউয়ের একটা রেপ্লিকা, চারুকলার পোলাপানেরা বানিয়েছে।
২.
এক লোক পুকুরের পানিতে বড়শি ফেলে মাছ ধরছে, আরেক লোক এসে জিজ্ঞেস করবে, ‘কি ভাই, মাছ ধরছেন নাকি?’
উত্তর যেমন হতে পারে:
ক. না, কেঁচোটাকে গোসল করাচ্ছি, সারা দিন মাটিতে থাকে তো...
খ. না, পানির গভীরতা মাপছি।
গ. না, বড়শির মাধ্যমে মাছদের কেন্দ্রীয় নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
৩.
রাস্তায় প্রচণ্ড জ্যাম। তা দেখেও এক লোক তার পাশের লোকটিকে বলবে, ‘রাস্তায় কি জ্যাম লেগেছে?’
উত্তর যেমন হতে পারে:
ক. আরে না, রাস্তায় গাড়ির প্রদর্শনী হচ্ছে, সবাই আমন্ত্রিত।
খ. আরে না, শহরে কয়টা গাড়ি আছে তা গুনে দেখা হবে, এ জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে।
গ. আরে না, এটা তো একটা পার্কিং প্লেস, মানুষ গাড়ি পার্ক করে রেখে গেছে।
৪.
এক লোক গাড়িসহ খালের পানিতে পড়ে গেছে। লোকটার পকেট থেকে মাছ লাফিয়ে উঠছে। তা দেখে অন্য এক লোক বলবে, ‘সে কি? আপনার গাড়িটা খালে পড়ে গেছে?’
উত্তর যেমন হতে পারে:
ক. না, গাড়িটা ধোয়ার জন্য খালে নেমেছি, অনেক ধুলা জমেছে।
খ. না, ইঞ্জিনটা গরম হয়ে গিয়েছিল তো, তাই পানিতে নামিয়ে ঠান্ডা করছি।
গ. না, খালে কুমির আছে কি না দেখতে নেমেছি, একটা পেলে গাড়িতে করে বাসায় নিয়ে যাব।
৫.
লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে সবাই ভাত খাচ্ছে, কেউ হয়তো এসে বলবে, ‘আরে, কারেন্ট চলে গেছে নাকি?’
উত্তর যেমন হতে পারে:
ক. না, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা মেইন সুইচ অফ করে রেখেছি।
খ. না, আমরা ক্যান্ডেললাইট ডিনার করছি। আমাদের বাসায় মোমবাতি বেশি হয়ে গেছে তো, তাই মোমবাতিগুলো কাজে লাগাচ্ছি।
গ. না, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা বাতি নিভিয়ে রেখেছি।
৬.
এক লোককে হাতকড়া পরিয়ে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে, সামনেই থানা। তা দেখে রাস্তার এক পথচারী বলবে, ‘ওনারা কি আপনাকে থানায় নিয়ে যাচ্ছে?’
উত্তর যেমন হতে পারে:
ক. না, সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে। আপনি যাবেন?
খ. না, হাতকড়া পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি, অনেক দিন পর দেখা তো...
গ. না, আমি নিজ উদ্যোগে থানায় যাচ্ছি, বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগছিল।