হায় মিষ্টি হায় মোটিভেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে, ‘অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়’।

আমার বেলায় সেটা সাগর না হয়ে কেন জানি মহাসাগর হয়ে যায়! গতকালও তা–ই হয়েছে। আমার মহাসাগর শুকিয়ে গেছে!

এই তো দিন চারেক আগের কথা। বউকে বললাম, ব্যবসা করব।

বউ বলল, কিসের ব্যবসা?

বললাম, মিষ্টির ব্যবসা।

ব্যস, দুজনে মিলে একটা মিষ্টির দোকান দিয়ে দিলাম। নাম দিলাম ‘ভনভন মিষ্টান্ন ভান্ডার’। যদিও ভান্ডার নামটা বউয়ের পছন্দ হয়নি। তার কথা হলো, ভান্ডার শুনলে কেমন যেন খ্যাত খ্যাত লাগে। এক কাজ করো, আমাদের দোকানের নাম দাও ‘ভনভন মিষ্টান্ন মল’।

বউয়ের কথা শুনে চমকে উঠলাম। বললাম, এটা কি শপিং করার জায়গা যে শেষে মল জুড়ে দেব? তা ছাড়া মিষ্টির সঙ্গে মল থাকলে কেউ আমাদের মিষ্টি কিনবে?

যাহোক, অনেক কাঠখড় পুড়িয়ে দোকানের নাম ঠিক হলো ‘ভনভন মিষ্টান্ন ভান্ডার’।

২.

বাজারে খুললাম মিষ্টির দোকান। আর মনে খুললাম স্বপ্নের দোকান। বউ আর আমি সারা দিন স্বপ্ন দেখি। মিষ্টি বিক্রি হচ্ছে হুহু করে। টাকা গুনে শেষ করা যাচ্ছে না। বউকে ডেকে বলি, বুঝলা বউ, শহরের সব লোক আমাদের দোকানে মিষ্টি খেতে আসবে। ক্যাশবাক্স উপচে পড়বে টাকায়। লাভের টাকায় আমরা কক্সবাজার যাব। রাতে ব্যালকনিতে বসে আকাশের চাঁদ দেখব।

বউ বাধা দিয়ে বলল, সুইমিংপুলওয়ালা একটা হোটেল নিবা। সুইমিংপুলের পাশে বসে আমার কমলার জুস খাওয়ার খুব শখ!

বউয়ের কথায় স্বপ্নটা ভেঙে যাচ্ছিল প্রায়। কোনোরকমে আবার সেটাকে জোড়া দিয়ে বললাম, এত বড় সাগর থাকতে পুঁচকে সুইমিংপুল দিয়ে কী করবে? সাগরতীরে বসে কমলার জুস খাওরাই–বা শখ হলো কেন?

বউ চোখ পাকিয়ে তাকাল। মাঝপথে স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে আমি আর বাধা দিলাম না। বললাম, ঠিক আছে, সুইমিংপুলওয়ালা হোটেলেই উঠব! তারপর আমাদের মিষ্টির দোকানের নামডাক আরও ছড়িয়ে যাবে। সারা দেশ থেকে মানুষ আসবে ভনভন মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি কিনতে। আমি দোকানে বসে পায়ের ওপর পা তুলে পা নাচাব। লাভের অঙ্ক আরও বড় হবে। তখন আমরা দেশের বাইরে ট্যুর দেব। আচ্ছা, বলো তো দেশের বাইরে কোথায় যাওয়া যায়?

বউ উত্তর দিল, ভারত চলো! ওখানে গিয়ে তোমার চোখের সমস্যাটাও দেখিয়ে আসা যাবে!

স্বপ্নের দৈর্ঘ্য আর বাড়ানো গেল না! স্বপ্নের মধ্যেও বউ আমার যাপিত জীবনের সমস্যা টেনে নিয়ে আসছে!

লোকটা এবার একটু কেশে বলল, ব্রো, আমি একজন মোটিভেশনাল স্পিকার। আপনার মতো আমারও স্বপ্নভঙ্গ হয়েছে! ভেবেছিলাম, এবার এইচএসসি পরীক্ষার পর যারা রেজাল্ট খারাপ করবে, তাদের মোটিভেশন দেওয়ার অনেক সুযোগ পাব! তার ওপর করোনাকালে সবার মানসিক অবস্থা ভয়াবহ। কিন্তু কপাল মন্দ! পরীক্ষা হবে না। কেউ ফেল করবে না। তো আমি মোটিভেশন কাকে দেব?

৩.

এভাবেই আমাদের দিন কাটছিল। মনে আশা ছিল, এবার এইচএসসি পরীক্ষার পর বাম্পার একটা সেল দেব! কিন্তু তা আর হলো কই? তার আগেই মহাসাগর শুকিয়ে গেল! মানুষ অভাগা হয়। আর আমি হলাম মহা অভাগা! তা না হলে আমি মিষ্টির দোকান দেওয়া মাত্রই কেন এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাবে! স্বপ্ন দেখেছিলাম, এবার এইচএসসি পরীক্ষার সময় মিষ্টি বিক্রি করে লাভের টাকায় আমেরিকা থেকে ঘুরে আসব। প্লেনের জানালার পাশে বসব। নিচের দিকে তাকিয়ে সাদা মেঘ দেখব। প্লাস্টিকের বাটিতে করে ট্রাম্পের জন্য মিষ্টি নিয়ে যাব। ট্রাম্প মিষ্টি খেয়ে বলবে, ওয়াও কিছলু, ওয়াও! ভেরি গুড সুইট! আই লাইক ইট!

নাহ্, তার কিছুই হলো না! সব শেষ হলো একটি মাত্র ঘোষণায়। এবার এইচএসসি পরীক্ষা হবে না! বলি, আমরা কি এমন এইচএসসি পরীক্ষাই চেয়েছিলাম? সবাই পাস করবে, কিন্তু কেউ মিষ্টি কিনবে না! এই দুঃখ কোথায় রাখি!

৪.

এখন আমি আমার মিষ্টির দোকানে মন খারাপ করে বসে থাকি। আমার মনে হয়, মনটা শুধু আমারই খারাপ না! ওই যে মাটির হাঁড়িতে যে রসগোল্লা রাখা আছে, ওদেরও মন খারাপ। শুধু মন খারাপ না, রসগোল্লাগুলো মনে হয় আমার দুঃখে কাঁদেও! তা না হলে ওদের রস এত বেশি হবে কেন? শুধু রসগোল্লাই নয়, কালোজামদের মনটা এতই খারাপ যে ওদের আরও কালো মনে হয়। মিষ্টি দইগুলো অধিক শোকে টক হয়ে গেছে! শুধু গোলাপজামের মন খারাপ না! সে একটু বিদ্রোহী–টাইপের মিষ্টি! এই সিদ্ধান্তে সে রেগে আরও লাল হয়ে গেছে! ছানার সন্দেশগুলো আমার মতোই অভাগা। শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে!

৫.

‘আসতে পারি, ব্রো!’

কথাটা শুনে চমকে তাকিয়ে দেখি, বেশ কেতাদুরস্ত এক লোক আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় ভাবলাম, এত দিন তো দোকানের মিষ্টিগুলো মাছিরাই খাচ্ছে, আজ মনে হয় একটা গতি হলো!

মুখে হাসি টেনে বললাম, আসেন স্যার, আসেন!

লোকটা এবার একটু কেশে বলল, ব্রো, আমি একজন মোটিভেশনাল স্পিকার। আপনার মতো আমারও স্বপ্নভঙ্গ হয়েছে! ভেবেছিলাম, এবার এইচএসসি পরীক্ষার পর যারা রেজাল্ট খারাপ করবে, তাদের মোটিভেশন দেওয়ার অনেক সুযোগ পাব! তার ওপর করোনাকালে সবার মানসিক অবস্থা ভয়াবহ। কিন্তু কপাল মন্দ! পরীক্ষা হবে না। কেউ ফেল করবে না। তো আমি মোটিভেশন কাকে দেব? অনেক ভেবে দেখলাম, এই মুহূর্তে আপনারই মোটিভেশন দরকার! টেনশন করবেন না, আমি ডিসকাউন্ট প্রাইসে আপনাকে মোটিভেশন দিয়ে দেব। এত সহজভাবে দেব যে শোনামাত্রই আমার সব কথা আপনার হজম হয়ে যাবে। তো যেটা বলছিলাম, হতাশ হবেন না, আপনাকে দিয়েই হবে। এবার হয়নি তো কী হয়েছে...বক বক বক...!

চার ঘণ্টা ধরে মোটিভেশনাল স্পিকার আমার দোকানে বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে! তার বকবকানির চোটে দোকানের মাছিগুলোও ভেগেছে। আমিও ভাগব কি না ভাবছি। দোকানটার মায়ায় যেতে পারছি না! আরও কিছুক্ষণ পর তাকিয়ে দেখি, মোটিভেশনাল স্পিকারের বকবকানি থেকে বাঁচতে রসগোল্লাগুলোও রসের নিচে ডুব দিয়েছে। আমি কিসের নিচে ডুব দেব বুঝতে পারছি না। আমার তো রস নেই।