আবেগ, অনুভূতি ও নীতিবোধ একান্তভাবেই হৃদয়ের ব্যাপার বলে সুদূর অতীত কাল থেকে মানুষ বিশ্বাস করে এসেছে। এ ধারণা ভুল নয়। এর যথেষ্ট শক্ত ভিত্তি আছে। আমরা জানি, প্রেমিক-প্রেমিকার মধ্যে প্রথম দেখার মুহূর্তটি প্রত্যেকের জীবনেই স্মরণীয় হয়ে থাকে। এর প্রধান কারণ হলো, সেই শুভ মুহূর্তে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যায়। সুতরাং হৃদয় বা হৃদযন্ত্রের সঙ্গে প্রেমের সরাসরি সম্পর্ক থাকাই স্বাভাবিক। এ কারণেই প্রেমের প্রতীক হিসেবে হৃদয়ের ছবি সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। আর তা ছাড়া প্রেম যেমন সুন্দর, হৃদয়ের ছবিটাও ঠিক তেমনি সুন্দর। সেখানে মস্তিষ্কের ছবিকে প্রেমের প্রতীক হিসেবে ব্যবহার করা হলে খুব বেমানান হতো।
মস্তিষ্কের কথাটি উঠল এ জন্য যে অনেকে বলেন প্রেমের উৎস হৃদয় নয়, মস্তিষ্ক। কারণ হৃদস্পন্দনের ওঠানামা নিয়ন্ত্রণে মস্তিষ্কের একটা ভূমিকা আছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আবেগ-অনুভূতি বা প্রেম, সবকিছুর সূচনায় অক্সিটোসিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ বা হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
মস্তিষ্ক এই হরমোন নিঃসরণের নির্দেশ পাঠায়। অন্যান্য গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের বিভিন্ন অংশ প্রেমাবেগ সৃষ্টিতে ভূমিকা রাখে। তাই কারও কারও মতে প্রেমের শুরু মস্তিষ্কে, হৃদয়ে নয়।
তবে তরুণ-তরুণীরা তা মানবে না। তারা বলবে, গবেষণায় যা পাওয়া গেছে, সেটা সেখানেই থাকুক, আপাতত প্রেমকে আমরা হৃদয়ঘটিত ব্যাপার বলে মেনে নেব।
তাতে ক্ষতি নেই। বিশেষত হৃদ্যন্ত্রের যে ছবিটা প্রেমের প্রতীক হিসেবে সবাই সাদরে গ্রহণ করে নিয়েছে, তা মনোমুগ্ধকর।