ডালগোনা কফি যেখানে ১ নম্বরে

গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া রেসিপির তালিকায় এ বছর ডালগোনা কফি আছে এক নম্বরে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ডালগোনা কফির রেসিপি খুঁজতে আপনিও কি গুগলের দ্বারস্থ হয়েছিলেন? তাহলে জেনে রাখুন, ২০২০ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া রেসিপির তালিকায় ডালগোনা কফিকে ১ নম্বরে তুলে আনতে ভূমিকা আছে আপনারও।

বছরজুড়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলো নিয়ে প্রতি বছরের শেষভাগে ‘গুগল ট্রেন্ডস’ একটি তালিকা প্রকাশ করে। চলুন জেনে নেওয়া যাক, ২০২০ সালে বিশ্বব্যাপী কোন বিষয়গুলো নিয়ে মানুষ আগ্রহী ছিল।

সবচেয়ে বেশি সার্চ এর দিক থেকে করোনাভাইরাস–এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন নির্বাচন
ছবি: এএফপি

পৃথিবীর যেকোন প্রান্তের মানুষকে যদি জিজ্ঞেস করা হয়—এ বছরের সবচেয়ে আলোচিত বিষয় কোনটি? সম্ভবত উত্তর হবে একটাই—'করোনাভাইরাস'। গুগলের সর্বাধিক সার্চের তালিকাতেও এর প্রতিফলন হিসেবে করোনাভাইরাস আছে শীর্ষে। সবচেয়ে বেশি সার্চ হওয়া খবর–এর তালিকাতেও করোনা আছে এক নম্বরে।

করোনাভাইরাস–এর নিকটতম প্রতিদ্বন্দ্বী বলা যায় ‘মার্কিন প্রেসডেন্ট নির্বাচন’ কে। ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন–এর লড়াইয়ের প্রতি মুহূর্তের হালনাগাদ তথ্য জানতে মানুষ বারবার গুগলেরই দ্বারস্থ হয়েছে। তাই সর্বাধিক সার্চ আর সবচেয়ে বেশি সার্চ হওয়া খবর—দুই তালিকাতেই ‘নির্বাচনের ফলাফল’ এর অবস্থান দ্বিতীয়।

২০২০ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া অভিনয়শিল্পীর তালিকায় ১ নম্বরে আছেন টম হ্যাংকস
ছবি: ইনস্টাগ্রাম

চলমান মহামারিতে পড়াশোনা থেকে শুরু করে অফিসের মিটিংয়ের কাজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম’—জুম। তাই বছরজুড়ে মানুষ গুগলে এই সফটওয়্যার সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। ফলে সর্বাধিক সার্চ হওয়ার তালিকায় জুমের অবস্থান ৪ নম্বরে।

ব্যক্তির ক্ষেত্রে ২০২০ সালজুড়ে মানুষের আগ্রহ ছিল রাজনীতিবিদদের নিয়ে। সবচেয়ে আলোচিত ব্যক্তির তালিকায় সেরা পাঁচের চারজনই রাজনীতিবিদ। এই তালিকায় শীর্ষে আছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরের তিনটি অবস্থানে আছেন যথাক্রমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন ও যুক্তরাস্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকার পাঁচ নম্বরে আছেন মার্কিন অভিনেতা টম হ্যাংকস। ৬৪ বছর বয়সে এসেও জনপ্রিয়তা একটুও কমেনি ফরেস্ট গাম্পখ্যাত এই অভিনেতার। কেননা, সর্বোচ্চ সার্চ হওয়া অভিনেতার তালিকাতেও শীর্ষস্থানে রয়েছেন তিনি। একই তালিকার তিন নম্বরে থাকা বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও প্রমাণ করেছেন, এখনও তাঁকে নিয়ে মানুষের আগ্রহ কমেনি।

এ বছর আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের মধ্যে ‘গুগল সার্চ’ এর তালিকায় সবচেয়ে ওপরে আছেন অলিম্পিকজয়ী মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। এই তালিকায় চতুর্থ অবস্থান ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।

২০২০ সালজুড়ে আগ্রহ ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েও।
ইনস্টাগ্রাম
গুগলে ২০২০ সালে সবচেয়ে আলোচিত চলচ্চিত্র প্যারাসাইট

অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো যাঁরা নিয়মিত ব্যবহার করেন, তাঁরা নিশ্চয়ই করোনা প্রকোপের শুরুর দিকে ডালগোনা কফির নাম শুনেছেন। অনেকে হয়ত তখন এই কফি বানানোর চেষ্টাও করেছেন। ডালগোনা কফি নিয়ে মানুষ গুগলে এত বেশি সার্চ করেছে যে, এটি সর্বাধিত সার্চ হওইয়া রেসিপির তালিকার এক নম্বরে আছে।

এদিকে বিগত বছরগুলোতে মার্ভেলের সুপারহিরোভিত্তিক সিনেমাগুলো নিয়ে মানুষের আগ্রহ থাকলেও এ বছর গুগলে মানুষ জানতে চেয়েছে অস্কারপ্রাপ্ত সিনেমা প্যারাসাইট নিয়ে। চলমান মহামারি পরিস্থিতির সঙ্গে ২০১১ সালের কনটাজিওন সিনেমার দৃশ্যপট অনেকটাই মিলে যায়। তাই নয় বছরের পুরাতন সিনেমা নতুন করে আলোচনায় আসে এই বছর। ফলে সর্বাধিক সার্চ হওয়া সিনেমার সেরা পাঁচে আছে কন্টাজিওনও।

করোনাকালে বিশ্বজুড়ে নেটফ্লিক্স, অ্যামাজনসহ অন্যান্য ওটিটি (ওভার দ্য টপ) মাধ্যমগুলোতে দর্শকসংখ্যা বেড়েছে। তবে এই বাজারে বছরজুড়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল নেটফ্লিক্সের টিভি সিরিজগুলো। ফলে গুগলে সর্বাধিক সার্চ হওয়া সেরা পাঁচটি টিভি সিরিজের মধ্যে চারটিই নেটফ্লিক্সের। সার্চ তালিকার ১ নম্বরে আছে টাইগার কিং, ৩,৪ ও ৫ নম্বরে আছে যথাক্রমে মানি হেইস্ট, কোবরা কাই ও দ্য আমব্রেলা অ্যাকাডেমি।

খুব সাধারণ মানের গ্রাফিকস নিয়েও এ বছর বেশ জনপ্রিয়তা পায় অনলাইন ভিডিও গেম অ্যামং আস। গুগলে সর্বোচ্চ সার্চ হওয়া গেমের তালিকাতে শীর্ষস্থানে আছে এটি।এ ছাড়া ফল গাইজ: আল্টিমেট নটআউট ও ভ্যালোরান্ট গেম দুইটি রয়েছে ২ ও ৩ নম্বরে।

২০২১ সাল শেষেও হয়তো গুগল এমন একটা তালিকা প্রকাশ করবে। সবচেয়ে বেশি সার্চ হওয়ার তালিকার শীর্ষে ‘করোনাভাইরাস’ এর মতো অশুভ, অপ্রীতিকর কিছু আগামী বছর থাকবে না—সেই আশা কি আমরা করতে পারি?