চলতি রম্য
৮০ শতাংশ গরিব পরিবহনমালিককে বাঁচাতে কিছু মানবিক উদ্যোগের প্রস্তাব
শনিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক বা হাফ ভাড়া কার্যকর করা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন পরিবহননেতারা। বৈঠক শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকায় চলাচলকারী পরিবহনমালিকদের ৮০ শতাংশ গরিব। একটি বাস দিয়ে নিজের সংসার চালায় কেউ কেউ। তারা কীভাবে ক্ষতি সামলাবে।’ এনায়েত উল্যাহর এই বক্তব্য শোনার পর চোখের জল নাকের জল এক করে কিছু প্রস্তাব তুলে ধরছি আমরা...
তিলে তিলে জীবনের যাবতীয় সঞ্চিত অর্থ দিয়ে যাঁরা এক বা একাধিক বাস কিনেছেন, তাঁরা আজ বড় অসহায়। আজ তাঁরা পথে বসেছেন! কেবল বাস কিনে বসে থাকেননি তাঁরা, নিজেদের গাঁটের পয়সা খরচ করে সাধারণ জনগণকে দিচ্ছেন পরিবহনসেবা। কে বলে ‘বিজ্ঞান দিয়েছে বেগ’! বরং বলতে হবে, ‘পরিবহনমালিকেরা দিয়েছেন বেগ’। অথচ আমরা তাঁদের বেগে জীবন চালিয়ে হয়ে পড়েছি আবেগশূন্য। একবারও কি ভেবে দেখেছেন, কী করে চলছে এই পরিবহনমালিকদের পরিবারগুলো? খোঁজ নিলে হয়তো দেখা যাবে, দিন শেষে গ্যারেজে ঝিমানো বাসেই তাঁরা মাথা গুঁজে রাত কাটান অবর্ণনীয় দুঃখকষ্টে। তাঁরা কী খান, কী পরেন—তারই-বা খোঁজ রাখে কে! দারিদ্র্যের নির্মম কশাঘাতে তাঁদের জীবন আজ পর্যুদস্ত!
এই তো গত মঙ্গলবারের কথা। ৭৬তম বৈঠকের ৪০তম প্ল্যানারি সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আমরা যখন উন্নয়নের মোহন বাঁশিতে মজে আছি, তখন ওই পরিবহনমালিকেরা বাজাচ্ছেন করুণ হাইড্রোলিক হর্ন! এই হর্নের করুণ সুর কি আমাদের কর্ণকুহরে প্রবেশ করছে না? আমরা কী করে এতটা অমানবিক হয়ে গেলাম! তাই আসুন, ৮০ শতাংশ গরিব পরিবহনমালিককে বাঁচাতে আমরা কিছু মানবিক উদ্যোগ নিই। মনে রাখবেন, বাঁচলে পরিবহনমালিক, গান ধরবে ময়না-শালিক।
১. পরিবহনমালিকের মাথায় হাত, প্রয়োজনে খাব না ভাত
গত ২৪ অক্টোবর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রতি প্রায় ২০০ গ্রাম চাল খায়। কিন্তু আমাদের দেশে চাল খাওয়ার পরিমাণ প্রায় ৪০০ গ্রাম। বুঝুন অবস্থা! দ্বিগুণ ভাত খেয়ে কতটা পেটুক, আরামপ্রিয় আর আবেগশূন্য হয়ে পড়েছি আমরা! অনেকেই মন্ত্রীর বক্তব্যকে ‘খাওয়ার খোঁটা’ হিসেবে নিয়েছেন। অবুঝ শিশুর মতো আচরণ না করে মন্ত্রীর বক্তব্যকে উন্নয়নমূলক পরামর্শ হিসেবেই মেনে চলুন। উন্নত বিশ্বের লোকজন ভাত খায়ই না বলা চলে। আমরাও যেহেতু উন্নত হতে চলেছি, সেহেতু আমরা কেন ভাত খাব? আমরা বরং ভাত না খেয়ে, উপোস থেকে বেঁচে যাওয়া টাকা পরিবহনমালিকদের হাতে তুলে দেব। পরিবহনের মধ্যে পড়ে যানবাহন, এই যানবাহনকে ‘জানবাহন’ ডাকার সময় এসেছে। আমাদের জানকে যাঁরা বহন করছেন, তাঁদের এমন দুর্দশা মেনে নেওয়া যায় না।
২. পরিবহনমালিকের ছুটছে ঘাম, বাড়াতে হবে ডিজেলের দাম
ডিজেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। খুশির এই খবরেও আমরা বেঁকে বসলাম। হইচই-হাঙ্গামা করে প্রতিবাদও হলো ব্যাপক। কেন হলো? পরিবহন খরচ বেড়ে যাওয়ায় জীবনযাত্রাও ব্যয়বহুল হলো বলে। আশ্চর্য! উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে চাইব, আবার পকেট থেকে একটা ফুটো পয়সাও ছাড়ব না, তা কী করে হয়! ভুলে গেলে চলবে না, আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার। এত টাকা দিয়ে কী করবেন? মনে রাখবেন, সাত দিনে সপ্তাহ হলেও দুনিয়াটা দুই দিনের। কাজেই এই দুই দিনের দুনিয়ায় এত টাকা টাকা করবেন না। তাই আসুন, দিকে দিকে ডিজেলের দাম আরও বাড়ানোর জোর দাবি তুলি।
৩. পরিবহনমালিক কেঁদেই সারা, কিসের আবার হাফ ভাড়া
কথায় আছে, ‘লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে’। প্রাচীন গুণীজনেরা তো শুধু শুধু এ কথা বলে যাননি। তাঁরা জানতেন, একদিন নিঃস্বার্থে এ দেশ চালাবেন পরিবহনমালিকেরা। তাই তাঁরা ‘গাড়িঘোড়া’, অর্থাৎ পরিবহনমালিকদের এতটা উঁচু স্থানে বসিয়ে গেছেন। অথচ দেশের কোমলমতি শিশু-কিশোরেরা পরিবহনমালিকদের বিরুদ্ধেই স্লোগানে মুখর! ছোট্ট সোনামণিরা, মনে রাখবে, পরিবহনমালিকেরা আছেন বলেই আজ আমরা উন্নয়নের জোয়ারে ভাসছি। কাজেই তাঁরা যে ভাড়া দাবি করবেন, সেটাই সোনামুখ করে গুনে দিয়ে আসতে হবে। তোমরা বরং মা-বাবাকে বোঝাও, যত দিন পরিবহনমালিকদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। পরীক্ষায় রচনা লিখতে বলা হয়—আমার জীবনের লক্ষ্য। তোমরা তো কেবল চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী হওয়ার কথাই লিখে দিয়ে আসো। কিন্তু তোমরা জানো না, সমাজ গড়ার অন্যতম কারিগর এই পরিবহনমালিকেরা। তাই এর পর থেকে ‘জীবনের লক্ষ্য’ রচনায় ‘আমি পরিবহনমালিক হইতে চাই’ লিখে দেবে। আর ভুলেও হাফ ভাড়ার কথা মুখে আনবে না! প্রয়োজনে আমরা চাঁদা তুলে দ্বিগুণ ভাড়া দিয়ে গরিব পরিবহনমালিকদের রক্ষা করব। এটাই হোক আমাদের আজকের পণ।