ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। শুক্রবার দেশটির একটি উপকূলীয় শহরে এই সুনামি আঘাত হানে।
বিবিসি জানিয়েছে, সুনামির ফলে পালু শহরের সুলাওয়েসি দ্বীপে দুই মিটার (৬.৬ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। পরে সেটি বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা তুলে নিয়েছে।
ভূমিকম্প ও সুনামির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বেশ কিছু ভবন, ঘরবাড়ি ও একটি মসজিদ বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। এই ঘটনায় পাঁচ নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে সেন্ট্রাল সুলাওয়েসিতে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ঘটনায় তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য ঘণ্টা খানেকের মধ্যে তা তুলে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত মাসে ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে সিরিজ ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে ৫ আগস্টে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের হানায় দেশটিতে ৪৬০ জনের বেশি মানুষ মারা যায়।