তদন্তে কেন্দ্রীয় সরকার, তৃণমূল-বিজেপির বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিতে জামায়াতে ইসলামীকে অর্থ জোগানোর অভিযোগে ভারতের সারদা গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
এদিকে সারদার আর্থিক কেলেঙ্কারি ও জামায়াতকে টাকা পাঠাতে সহযোগিতার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে। তবে আহমেদ হাসান ইমরান নামের ওই সাংসদের সংশ্লিষ্টতা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছে তৃণমূল ও কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল বলছে, হাসান ইমরান সংখ্যালঘু হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে জড়ানো হচ্ছে। আর বিজেপির বক্তব্য, সংখ্যালঘু বলে নয়, তাঁর সমালোচনা করা হচ্ছে, কারণ তিনি দেশদ্রোহে যুক্ত।
চিট ফান্ডের মাধ্যমে সারদার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গত বছর গ্রেপ্তার হন ব্যবসায়িক গোষ্ঠীটির প্রধান সুদীপ্ত সেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। নাম আসছে, রাজনীতিবিদ ও চলচ্চিত্র তারকাসহ বহু পরিচিত মুখের। তবে এতে সবচেয়ে বেকায়দায় আছে তৃণমূল কংগ্রেস। দলটির একাধিক নেতাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তবে এবার বিজেপির পক্ষ থেকে সাংসদ হাসান ইমরানের বিরুদ্ধে অভিযোগ তোলায় আরও বিপাকে পড়েছে তৃণমূল। দলটি অভিযোগ করেছে, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে।
গুরুতর জালিয়াতি তদন্ত সংস্থা বা এসএফআইওর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গতকাল কলকাতার একাধিক পত্রিকা বলেছে, সারদা গোষ্ঠীর জালিয়াতির টাকার একটি বড় অংশ বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পাচার হয়েছে। টাকা পাচারে সারদাকে সহযোগিতা করেন ইমরান। সেই টাকার একটি অংশ তিনি বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর হাতে তুলে দেন। জামায়াত সেই টাকা নিজেদের দেশে অস্থিরতা সৃষ্টিতে ব্যবহার করে বলে মনে করছেন গোয়েন্দারা।
বিবিসি জানায়, বিজেপি সর্বভারতীয় নেতা সিদ্ধার্থ নাথ সিং গত বৃহস্পতিবার অভিযোগ করেন, সারদা গোষ্ঠীর বেআইনিভাবে তোলা আমানত ইমরানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর কাছে পাঠানো হয়েছে। এর পরদিনই সিদ্ধার্থের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন ইমরান।
ওই দিনই নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকেরা রাজনাথ সিংয়ের মুখোমুখি হন। অনুষ্ঠানে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে বলে তৃণমূল যে অভিযোগ তুলেছে, তা নিয়ে মন্ত্রণালয় কী ভাবছে? জবাবে রাজনাথ বলেন, ‘সিবিআই আইন মেনেই কাজ করছে। আইন আইনের পথেই চলবে। এতে আমরা কোনো হস্তক্ষেপ করব না।’
তবে ইমরানকে জড়িয়ে গণমাধ্যমে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে তৃণমূল। দলটির প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায় শুক্রবার বলেন, এর পেছনে বিজেপি রয়েছে। তারা প্রাদেশিকতা ও সংঘর্ষ ছড়াতে চাইছে।
তৃণমূলের এই অভিযোগের জবাবে বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, সংখ্যালঘু বলে ইমরানকে আক্রমণ করার প্রশ্নই আসে না। তিনি দেশদ্রোহে যুক্ত। তাই তাঁর সমালোচনা করা হচ্ছে।
এদিকে তৃণমূল নেতা ইমরানের মাধ্যমে সারদার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার ঢাকায় দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তৃণমূল কংগ্রেসের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তাদের নেতা হাসান ইমরানের মাধ্যমে টাকা পাওয়ার প্রশ্নই আসে না।’
স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি: কলকাতা প্রতিনিধি জানান, ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক রাহুল সিনহা। গতকাল শনিবার রাজ্য কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ খবর জানান।