রিপাবলিকানদের সঙ্গে ছাড়ে প্রস্তুত হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নেভাদায় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে শেষ মুহূর্তে প্রচার চালিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সঙ্গে ছিলেন ইভা লনগোরিয়া। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নেভাদায় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে শেষ মুহূর্তে প্রচার চালিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সঙ্গে ছিলেন ইভা লনগোরিয়া। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ফলাফল কী হবে, তা জানার আগেই ওয়াশিংটনে আপস সমঝোতার আলাপ শুরু হয়েছে। রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা ও ছাড় দেওয়ার জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
মধ্যবর্তী নির্বাচনের একদিন আগে গতকাল সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন এ কথা বলেন।
সাক্ষাৎকারে বাইডেন বলেন, সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে তিনি মনে করেন না। প্রতিযোগিতা তীব্র হলেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। মধ্যবর্তী নির্বাচনে তাদের আসন আরও বাড়বে বলে শেষ মুহূর্তের জনমত জরিপে দেখা যাচ্ছে। মাত্র ছয়টি আসন যোগ করতে পারলে উচ্চকক্ষ সিনেটেও রিপাবলিকান দল তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতে পারবে।
সব কয়টি জনমত জরিপই রিপাবলিকানদের অনুকূলে। প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরবর্তী দুই বছর আইনপ্রণেতাদের সঙ্গে আপস করে চলতে হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দিনগুলোতে রিপাবলিকানরা রক্ষণশীল সব আইন প্রস্তাব গ্রহণ করবে। প্রেসিডেন্ট ওবামাকে ভেটো প্রদান করে এসব আইন প্রস্তাব ঠেকাতে হবে। রিপাবলিকানদের একমাত্র উদ্দেশ্য হবে, প্রেসিডেন্টের উদারনৈতিক কর্মোদ্যোগ বাধাগ্রস্ত করা। কংগ্রেসের অনুমোদন ছাড়া অভিবাসন সংস্কারসহ উদারনৈতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা ওবামার জন্য দুরূহ হয়ে উঠবে।

আগামী দিনগুলোতে ওয়াশিংটনের রাজনৈতিক অচলাবস্থা আরও জটিল আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। জো বাইডেনও সাক্ষাৎকারে বলেছেন, সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অচলাবস্থাকে কঠিন করে তুলবে। রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হবে সরকারি কার্যক্রমকে তারা এগিয়ে নিতে চায়, না অব্যাহতভাবে বাধাগ্রস্ত করতে চায়। হোয়াইট হাউস আইনপ্রণেতাদের সঙ্গে আপসের জন্য উভয় পক্ষের সমঝোতার ক্ষেত্র খোঁজার জন্য প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

ডেমোক্র্যাটদের জন্য নির্বাচন কঠিন হয়ে উঠেছে কেন—এমন প্রশ্নের জবাবে নিজেদের দায়-দায়িত্বের কথা স্বীকার করে জো বাইডেন বলেন, জনগণের সঙ্গে নানা বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তিনি নিজে সঠিক সংযোগ সৃষ্টি করতে পারেননি। আগামী দিনগুলোতে জনগণের সঙ্গে আরও ভালো সংযোগ সৃষ্টির উপায় খুঁজতে হবে।

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে প্রেসিডেন্ট বারাক ওবামা তেমন সক্রিয় ছিলেন না। নিম্নমুখী জনপ্রিয়তার কারণে ডেমোক্র্যাট প্রার্থীরা প্রেসিডেন্ট ওবামার প্রচারকে কার্যত এড়িয়ে চলেছেন। তবে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দলের অভিভাবক হিসেবে প্রার্থীদের নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন।