
পাকিস্তান ও আফগানিস্তানে গতকাল সোমবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২৬৩ জন। পাকিস্তানেই অন্তত ২০০ জনের প্রাণহানি হয়েছে। আফগানিস্তানে অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে একই স্কুলের ১২ শিক্ষার্থী। ভূকম্পন অনুভূত হয়েছে ভারতেও। এক মিনিট স্থায়িত্বের এই ভূমিকম্পের সময় আতঙ্কে এই তিনটি দেশের বিস্তীর্ণ এলাকার মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। খবর এএফপি ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জুরম জেলা। এলাকাটি হিন্দুকুশ পাহাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত এবং রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রথম ভূমিকম্পের চার মিনিটের মাথায় একই এলাকায় পরাঘাত সংঘটিত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৮।
গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থলটির মাত্র কয়েক শ কিলোমিটার দূরে ২০০৫ সালে সংঘটিত হয়েছিল ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প, যাতে প্রাণ হারায় ৭৫ হাজারের বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছিল ৩৫ লাখের বেশি। তবে এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটির অনেক গভীরে (২১৩ দশমিক ৫ কিলোমিটার) হওয়ায় ক্ষয়ক্ষতি কম হতে পারে। ২০০৫ সালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ২৬ কিলোমিটার গভীরে।
প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের এলাকাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির খবর আসতে কয়েক দিন লেগে যেতে পারে। তবে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে। দেশটির করাচি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, কোহাত ও মালাকান্দসহ উত্তরাঞ্চলের অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানে মৃতের সংখ্যা ছিল ২০০ জন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের প্রত্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও কেন্দ্রশাসিত উপজাতি এলাকারই (এফএটিএ) ১৯১ জন। এ ছাড়া পাঞ্জাব প্রদেশের পাঁচজন, গিলগিত বালতিস্তানের তিনজন ও আজাদ জম্মু-কাশ্মীরের একজন রয়েছে।
পেশোয়ারের মেয়র আরবাব মোহাম্মদ অসিম এএফপিকে বলেন, শহরটির বহু ভবন ধসে পড়েছে। এরই মধ্যে দেড় শর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগানিস্তানে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের তালুকান শহরে। ভূমিকম্প শুরু হলে শহরটির একটি স্কুলের আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে মারা যায় অন্তত ১২ ছাত্রী। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩৫ শিক্ষার্থী।
আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, ‘প্রাথমিক খবর মোতাবেক আমরা বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পাশাপাশি সম্পদের বিরাট ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি। সবচেয়ে বেশি ক্ষতির শিকার প্রদেশগুলোর মধ্যে রয়েছে বাদাখশান, তাখার, নাঙ্গরহর ও কুনার। রাজধানী কাবুলেও ক্ষয়ক্ষতি হয়েছে।’
বাদাখশান প্রদেশের গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিব জানান, ভূমিকম্পে প্রদেশের বেশ কিছু জেলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা দেড় হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার খবর পেয়েছি।’
এদিকে ভারতের দিল্লি, কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবসহ উত্তরাঞ্চলে গতকাল শক্তিশালী ভূকম্পন অনুভূত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে সাড়ে ৭ মাত্রার ওই ভূকম্পন অনুভূত হয় বলে এনডিটিভির খবরে জানানো হয়।
খবরে বলা হয়, ভূমিকম্পের সময় লোকজন ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এ সময় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিল্লির মেট্রো সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এ ছাড়া ভূমিকম্পের কারণে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে টেলিফোন ও বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায় বলেও জানিয়েছে এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানগত অনুমান অনুসারে, গতকালের ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। আর কয়েক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে ২৩৩ জন নিহত