আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
নতুন এক যাত্রা শুরু হলো আপনার জীবনে। ভারি সুন্দর এই আগামী দিনগুলো। ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না’—এমন ভাবার কোনো কারণ নেই। এখনো আপনার সোনালি দিনগুলো শেষ হয়নি। বরং ঢের ঢের বাকি আছে। তবে হ্যাঁ, ‘পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কী করে এখানে তুমি আসবে?’ অনেকটা পাথুরে খাড়া পথ বেয়েই তো আপনি আপনার আজকের এই পর্যায় অবধি এসে পৌঁছেছেন। কোনো সন্দেহ নেই। এখন বিশ্বাস রাখুন আপনার আগামী সমৃদ্ধ জীবনের ওপর। ‘হেই মারো মারো টান/ হেইও হেইও! খর বায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে: রবিঠাকুর)।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মেষ যদি ‘মেশ’ হয়, বৃষ কেন ‘বৃশ’ নয়? ছিঃ অমন উচ্চারণ করে না! বলুন—বৃষ+অ-বৃষ। এই তো, বাহ্! আপনার রাশিসঙ্গী আছেন একদল মহান ব্যক্তি—রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় এবং আমাদের দেশেরও অনেক সুখ্যাত, মহান ব্যক্তি। এঁদের জীবনী পড়ুন এবং নিজের সঙ্গে মেলান। কিছু হয়তো মিলবে, কিছু মিলবে না। রাশিশাস্ত্র বলুন আর সমগ্র জ্যোতিষশাস্ত্রই বলুন, কোনোটাই বিজ্ঞান নয়—হাজার হাজার বছর ধরে চলে আসা একটি শাস্ত্র। তাই গ্যারান্টি চাহিয়া লজ্জা দিবেন না। প্লিজ, না!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
গত রবিবার পয়লা নভেম্বর ছিল ‘জাতীয় যুব দিবস’। প্রিয় মিথুন এই দিবসটি একটি ‘সাত দিনে পুরো সপ্তাহ’ হয়ে উঠুক আপনার জীবনে। ‘টুয়েন্টি ইজ দ্য এজ অব হিলারিয়াস লাফটার’ (দ্যাফেঁ দ্যু মারিয়াঁ), টিনএজ হচ্ছে উচ্ছ্বসিত হাসির বয়স। এ বয়সে আমরা দলে বলে শুধু হাসির উপলক্ষ খুঁজে বেড়াই। হাসার মতো একটা কিছু পেলেই হলো আর কী! ভেবে দেখুন, ঠিক বললাম কি না।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
একজন এক দিনের পরিচিত কর্কট তরুণী আছে আমার সরাসরি যোগাযোগ নেটওয়ার্কে। নাম মনে নেই, তবে খাঁটি কর্কট বটে—এই হাসিমুখ, তো এই বিষণ্ন। সফল ব্যবসায়ী হয়ে ওঠাই মেয়েটির জীবনের লক্ষ্য। মনে হয় সে পারবে। কর্কট জাতক হিসেবে ওর মধ্যে আছে একদিকে প্রবল কল্পনাশক্তি, অন্যদিকে গভীর বাস্তবতাবোধ। ইচ্ছা করলে ও সফল একজন শিল্পীও হতে চাইতে পারত তবে সেদিকে তার ঝোঁক নেই, সে জানাল আমাকে। আপনার নিজের সঙ্গে মেলান, প্রিয় কর্কট। অক্কে সাপ্তাহিক কর্কটিয়া: তুমি যাহা চাও, তা-ই যেন হও, মোদের আপত্তি নেই কো।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
গেল সপ্তাহে আপনাকে নিয়ে ...না রে, ওসব ছিল স্রেফ ঠাট্টা! চলতি সাত দিনে আপনি ভ্যাবাচেকা খাবেন ‘কিয়ের লাই’ (কিসের জন্য)? কথা দিচ্ছি, ‘যথেষ্ট’ ভালো কাটবে আপনার চলমান সাতটি দিন। ‘আমনে’ (আপনে) আরামে গুম (ঘুম) যান। ঘুম কেনার দরকার হলে না হয় কিনেই খাবেন, চিন্তা কিসের?! পয়সা থাকলে সিংহের চোখও পাওয়া যায়, যায় না?
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
ওপরে তাকিয়ে দেখুন কন্যা রাশির ভর # হচ্ছে ২। রাশির ভর # আর আপনার নিজ জন্মতারিখভিত্তিক ‘জন্মসংখ্যা’ দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। নিউমারলজির জনক পিথাগোরাস (যাঁর জন্ম যিশুখ্রিষ্টের জন্মেরও পাঁচ শ বছর আগে) দেখিয়েছেন, ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার মহিমা। তাঁর মতে সংখ্যা ২ হচ্ছে একটি প্রচণ্ড রকমের সুন্দর সংখ্যা। ‘কন্যায়-২’ এর মোট অর্থ চমৎকার সৌভাগ্য। প্রিয় নারী অ্যান্ড পুরুষ কন্যা, এই সাত দিনে আপনি অন্তত একটি আনন্দময় ভ্রমণ করবেন। আবার যেমন ইচ্ছা তেমন বনবন ঘোরাও ঘুরতে পারেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
রাখঢাক না করেও সাহসী তুলাকে বলা যায় সপ্তাহটা তাঁর একটু মনের কষ্ট নিয়েই কাটবে। কাছের মানুষ তাঁকে ভুল বুঝবে। তাই বলে কি এই সাত দিন তুলার কেবলই দীর্ঘশ্বাস? মোটেও না; কিছু ‘ব্রাট’ (বিরাট) সফলতাও আছে, ‘কুয়াশা-হতাশার’ পাশাপাশি। তিনি এভারেস্ট না হোক, ‘কেওক্রাডাং’ তো নির্ঘাত জয় করেছেন, সঙ্গে সঙ্গে জয় ‘ক্রেচেন’ (করেছেন) কুড়িটির বেশি ছোট ছোট শৃঙ্গ। উরি বাউরে (ওরে বাপরে)! দেহের কষ্ট যিনি জয় করেছেন অনায়াসে, অনেক সময় তিনি মনের অল্প আঘাতেই ভেঙে পড়েন। ও রকম হতেই পারে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কঠিন খাড়া বেয়ে উঠতে উঠতে মাথার ওপর আপনি হঠাৎ দেখতে পাবেন এক টুকরো গাঢ় নীল আকাশ। আহা, কী আনন্দ আকাশে-বাতাসে! দেহ-মন জুড়িয়ে যাবে ঠান্ডা হাওয়া আর আচমকা গুঁড়ি গুঁড়ি ঠান্ডা বৃষ্টির ছাটে। ওই মুহূর্ত মন উঠবে গেয়ে: সার্থক জন্ম মাগো, জন্মেছি ‘বৃশ্চিক’ হয়ে! ....আহা, আহা, আহা, আহা, আহারে, আহারে!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ওই চেয়ে দেখুন, ‘হাইড্রা-হেডেড’ ধনুর দিকে, গ্রিক পুরানের সেই বিশাল সামুদ্রিক সাপের দিকে, যার রয়েছে অসংখ্য ভয়ংকর মাথা। তলোয়ার দিয়ে তার একটি মাথা কেটে ফেললে মুহূর্তে গজিয়ে ওঠে তার অন্য মাথা। ফিনিক্স পাখির মতোই ধনুকে পুড়িয়েও শেষ করা যায় না। ছাই থেকে সে জীবিত হয়ে উঠে দাঁড়ায় বারবার। ধনুর এই অবস্থা টু বি কনটিনিউড...। বোঝাতে পারলাম কিছু?
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার জন্য সপ্তাহটি হয়ে উঠবে জাতীয় যুব দিবসের মতোই জাতীয় তরুণ সপ্তাহ। সামনেই আছে আপনার এক সুন্দর পরিবর্তনের পালা-ভালোবাসা আসবে নতুন করে ফিরে। আসবে নতুন বন্ধুত্ব, পরিচিত, নতুন চাকরি, নতুন জমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি অ্যান্ড ইত্যাদি অ্যান্ড ইত্যাদি। —ব্যস্, শুরু করে দিন কায়কারবার, নাই নাই ভয়, হবে হবে জয়!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
উফ্ দুর্দান্ত বাম্পার সাতটি দিন পড়ে আছে আপনার সামনে—ফুলে ফুলে ভরা। বিশ্বাস করুন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ফুলেল-তেলেল হয়ে উঠছে আপনার দেহ মন। (বা রে, ফুল থেকে যদি ফুলেল হয়, তাহলে তেল থেকে কেন ‘তেলেল’ নয়?) কুম্ভ এ সপ্তাহে যেমন টাকা-পয়সা কামাবেন, তেমনই ভালোবাসা ও সম্মান। আবার বলছি, বিশ্বাস করুন...।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ আপনার অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার সাতটি মিষ্টি দিন। আনন্দ?-সীমাহীন! মনে এও ভাবনা আসবে-‘ইহার চেয়ে হতেম যদি আরব বেদুঈন’ (রবীন্দ্রনাথ)। আদর করতে করতে এবং আদর পেতে পেতে কেটে যাবে সাত দিন। ‘পায়ের তলে ধূসর মরু দিগন্তে বিলীন’ (ওই রবীন্দ্রনাথ)—সম্মানে সমাদরে শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন। আমরাও তাই দেখতে চাই।
দ্রষ্টব্য: ৪ নভেম্বর গেল প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমিও প্রায় সারাটা কালজুড়ে আপনাদের জন্য লিখে যাচ্ছি এই রাশিফলগুলো। শুভ হোক সবার!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।