ঈদে ভাইয়াকে খুব মিস করব

কয়েক বছর আগেও ঈদে ব্যাপক আনন্দ হতো। ভাইবোন সবাই মিলে সারা রাত আড্ডা বসিয়ে দিতাম। রাজ্যের সব গল্পের হাঁড়ি খুলে বসতাম। সকাল হলেই তিন ভাই মিলে ঈদগাহে চলে যেতাম। যাওয়ার আগে ভাইয়া নতুন কচকচে টাকা ধরিয়ে দিতেন। গত দুই বছর থেকে আগের সেই ঈদের আনন্দ আর নেই। ভাইয়া বিদেশ চলে গেছেন দুই বছর হলো। জীবিকার তাগিদে বিদেশেই অবস্থান করছেন। ঈদ এলেই খুব মনে পড়ে ভাইয়াকে। তিন ভাই মিলে কাঁধে কাধ মিলিয়ে ঈদগাহে যাওয়ার দৃশ্য এখন আর দেখা যায় না। ভাইয়া বয়সে বড় হওয়ায় একটু ভয়ও পেতাম। কখনো বলা হয়ে ওঠেনি ভাইয়াকে ‘ভীষণ ভালোবাসি’।

বিদেশে কেমন করে কাটে ঈদ, জানি না। নিশ্চয় ভালো কাটে না। পরিবার পরিজন ছেড়ে একজন প্রবাসী ভালো থাকতে পারে কি? ভাইয়াকে ছাড়া আমাদের ঈদও ভালো কাটে না। প্রতিনিয়ত ভাইয়াকে খুব মিস করি। ভাইয়া, ভালো থাকেন। আপনার প্রবাস জীবন যেন সুখকর হয়, সেই শুভকামনা রইলো।
তারেকুর রহমান
লক্ষ্মীপুর