উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা দুর্নীতি ও অসচেতনতা। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সোচ্চার হতে হবে দুর্নীতির বিরুদ্ধে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ৮ ডিসেম্বর আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও দুর্নীতিবিরোধী নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সনাক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর। বক্তব্য দেন পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মতিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনছুর আহমদ তালুকদার, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, পটিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কে আখতার, বেসরকারি সংস্থা ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সত্য নারায়ণ পাল, সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সনাক পটিয়ার সহসভাপতি শীলা দাশ। দিবসটির তাৎপর্য তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মো. ফরহাদ ইসলাম।
সভায় তথ্যমেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী নাটক প্রদর্শন করা হয়।