উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে চবিসাসের নতুন কমিটির সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম ও সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ২৮ মে দুপুরে দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন তাঁরা।
সাক্ষাতে উপাচার্য সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক সমিতির গৌরবদীপ্ত, অতীত ও ঐতিহ্য রয়েছে। সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন, সুনাম ও সমস্যা তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সহ–উপাচার্য বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দেশ ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সংবাদকর্মীদের নির্ভীকতার সঙ্গে সত্য উচ্চারণ করে যেতে হবে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মণ্ডল মোহাম্মদ আরিফ এ সময় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনে উপাচার্য ও সহ–উপাচার্যের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, সমিতির সহসভাপতি মীর রাতুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক আবদুস সামাদ, প্রচার সম্পাদক রহমান শোয়েব, নির্বাহী সম্পাদক হাসান তারেকসহ সমিতির সদস্যরা।