ঘুরতে যাবেন?

বেড়াতে যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিতে হবে। ছবি: অধুনা
বেড়াতে যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিতে হবে। ছবি: অধুনা

কাজে বা নিছক ঘুরতে যাওয়ার জন্য কোথাও যাবেন। তার আগে অবশ্যই আপনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যেখানে ঘুরতে যাবেন সেই জায়গার আবহাওয়া ও আপনার কাজের ধরন বুঝে প্রস্তুতি নিয়ে নিন। তাহলে শেষ মুহূর্তে আর তাড়াহুড়া হবে না। তা না হলে দেখা যাবে, গুরুত্বপূর্ণ জিনিসটিই নিতে ভুলে গেছেন। দ্য বেঙ্গল ট্রাভেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মাসুদ হোসেন বলেন, ‘বেড়ানোর প্রস্তুতি নির্ভর করে আপনি কোথায় ঘুরতে যাবেন তার ওপর। সমুদ্রসৈকতে ঘুরতে গেলে একরকম প্রস্তুতি। আবার বন-জঙ্গলে ঘুরতে গেলে আরেক রকম প্রস্তুতি নিতে হবে। তাহলে ঘুরতে যাওয়ার সময় কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না।’ তাই পরিবেশের ভিন্নতা ভেদে আপনার প্রস্তুতি হবে বিভিন্ন ধরনের।

প্রাথমিকভাবে যা করণীয়
 প্রথমেই জামাকাপড়ের ব্যাগ গুছিয়ে ফেলুন। ব্যাগ যথাসম্ভব হালকা রাখুন।
 যাত্রার সময় এবং তারিখ ভালোভাবে দেখে নিন।
 যাত্রার টিকিট সঠিক স্থানে রাখুন।
 টাকার পরিমাণ সঠিকভাবে জেনে নিন।
 ক্রেডিট কার্ড-সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে জেনে নিন।
 পাসপোর্টের মেয়াদ-সংক্রান্ত বিষয়গুলো জেনে রাখুন।
 ছোট ছোট সামগ্রী যেমন, ঘড়ি, রোদচশমা, টুপি ইত্যাদি গুছিয়ে রাখুন।
 গরম কাপড়চোপড় ঠিকভাবে গুছিয়ে রাখুন।
 সঙ্গে অবশ্যই পানির বোতল রাখা উচিত।
 ওষুধপত্র ঠিকভাবে গুছিয়ে রাখুন।
 শিশু থাকলে কাপড়চোপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আলাদাভাবে গুছিয়ে রাখুন।
 দিকনির্দেশনার জন্য সঙ্গে কম্পাস রাখতে পারেন। আজকাল অবশ্য স্মার্টফোন থাকায় বাড়তি সুবিধা পাওয়া যায়।
 সম্ভব হলে জুতা ও স্যান্ডেল দুটোই সঙ্গে রাখুন।
 ক্যামেরা, ব্যাটারি এবং চার্জার হাতের নাগালে রাখুন।
 একটি ছোট টর্চলাইট সঙ্গে রাখতে পারেন।
 মুঠোফোন এবং মুঠোফোনের চার্জার হাতের কাছে রাখুন।
 চাইলে অবসরে পড়ার জন্য দুটি গল্পের বইও সঙ্গে রাখতে পারেন।
 অবশ্যই টুথব্রাশ এবং টুথপেস্ট সঙ্গে রাখুন।
 সমুদ্রসৈকতে ঘুরতে গেলে সানস্ক্রিন ক্রিম ও ছাতা সঙ্গে নিয়ে যেতে পারেন।
 বন-জঙ্গলে ঘুরতে গেলে অবশ্যই একটি চাকু, দড়ি, সম্ভব হলে স্লিপিংব্যাগ অথবা তাঁবু নিয়ে যেতে পারেন। এমনকি মশা নিধনের স্প্রে নিতে পারেন।