আমার গ্রামের মানুষগুলোর
বড্ড পেরেশানি
একটুখানি বৃষ্টি হলেই
থইথইথই পানি।
উঠবে পানি জোয়ার-ভাটায়
বিশেষ বিশেষ দিনে
গ্রামের লোকের উপায় কি আর
সাঁতার কাটা বিনে?
টুকরো মেঘের ছায়া দেখেই
কাঁপবে তাদের রুহু
অবস্থা কি একটা ফোঁটাও
হচ্ছে বদল? উঁহু!
গ্রামের যত সড়ক, গলি
রূপ নিয়েছে হ্রদে
বদল যেটুক হচ্ছে তা ওই
গ্রামপ্রধানের পদে!
ভোটের আগে সাজান তাঁরা
প্রতিশ্রুতির ডালি
ভোটের পরে? পুরান রেকর্ড
যান বাজিয়ে খালি!
কৌতূহলী? জানতে কি চাও
আমার গ্রামের নাম?
কেউবা তাকে চাটগাঁ ডাকে,
কেউবা চট্টগ্রাম!