
চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ তারকা পায়েলের গান, পাহাড়ি ঐতিহ্যবাহী গান ও নাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দীঘিনালার চলচ্চিত্রবিষয়ক সংগঠন জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। আমার সংস্কৃতি, আমার অহংকার স্লোগানে ১০ জানুয়ারি উপজেলার উদলবাগান এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জ্ঞান কীর্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ৪ নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা ও জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম লাভা চাকমা।
আলোচনা সভা শেষে নাচ পরিবেশন করেন জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের শিল্পীরা। সংগঠনের শিল্পীদের গান, নাচ পরিবেশনের পর মঞ্চে আসে চ্যানেল আই ক্ষুদে গানরাজ তারকা পায়েল ত্রিপুরা। পায়েল ত্রিপুরা ‘মধু হই হই বিষ খাওয়াইলা’সহ বেশ কয়েকটি গান গেয়ে দর্শক মাতিয়ে রাখে।
জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জ্ঞান কীর্তি চাকমা বলেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে ২০১১ সালের ১ জানুয়ারি জুম্ম ফিল্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে টিভি নাটক, মিউজিক ভিডিও ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি আমরা।’