জাদুঘর

দুষ্প্রাপ্য সব পুরাকীর্তির সংগ্রহে সাজানো বরেন্দ্র জাদুঘরের একটি কক্ষ। ছবি: প্রথম আলো
দুষ্প্রাপ্য সব পুরাকীর্তির সংগ্রহে সাজানো বরেন্দ্র জাদুঘরের একটি কক্ষ। ছবি: প্রথম আলো

* জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস শুরু হয়েছে প্রাচীন গ্রিস থেকে। শিল্প ও দর্শন চর্চার জন্য সে সময় উপাসনালয়ের তত্ত্বাবধানে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়।
* সবচেয়ে বেশি দর্শনার্থী ঘুরতে আসেন প্যারিসের ল্যুভ জাদুঘরে। প্রতিবছরের হিসাবে যা প্রায় ৮৬ লাখ। এই জাদুঘরেই রয়েছে লেওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’।
* আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইসিওএম) উদ্যোগে ১৯৭৭ সাল থেকে বিভিন্ন দেশে ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস হিসেবে পালিত হয়।
* আইসিওএম প্রকাশিত তথ্যপুঞ্জির ২১তম সংস্করণ অনুসারে বিশ্বের ২০২টি দেশে ৫৫ হাজারের বেশি জাদুঘর রয়েছে।
* বিশ্বব্যাপী বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের তৈরি ভাস্কর্য নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে মাদাম তুসো জাদুঘর।
* ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ১৮১৮ সালে প্রতিষ্ঠিত ‘কেরি মিউজিয়াম’ হচ্ছে উপমহাদেশের প্রথম মহাবিদ্যালয় জাদুঘর। আবার কলকাতায় অবস্থিত ‘চার্লস স্টুয়ার্ট মিউজিয়াম’ হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর।
* বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর।
সূত্র: আন্তর্জাতিক জাদুঘর পরিষদ, সিএনএন, নিউ ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া ও বাংলাপিডিয়া