জুতার যত্ন নির্ভর করে এর উপকরণের ওপর। প্রয়োজন অনুযায়ী বছরের একেক সময় একেক ধরনের জুতা পরতে হয়। তবে তা পরিষ্কারের পদ্ধতি যাবে বদলে। না হলে জুতা টিকবে না বেশি দিন। জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লা মোডের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ হেড ফাহমিদা ইসলাম জানালেন জুতার যত্ন নেওয়ার উপায়গুলো—
গাঢ় রঙের জুতায় কাদা লেগে গেলে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে তা নিজেই ঝরে পড়ে। প্রয়োজনে শুকনা কাপড় দিয়ে মুছে নেওয়া যেতে পারে।
হালকা রঙের জুতায় ময়লা-কাদা লেগে গেলে অবশ্যই সঙ্গে সঙ্গে ভেজা কাপড় দিয়ে ধীরে ধীরে ময়লা তুলে ফেলতে হবে, নাহলে দাগ হয়ে যাবে।
কট কাপড়ের মতো উপকরণে তৈরি জুতা ধোয়া মুশকিল। এসব জুতায় শুকনা ময়লা লাগলে ডাস্টার ব্রাশ (জুতার জন্য আলাদা ব্রাশ কিনতে পাওয়া যায়) দিয়ে পরিষ্কার করতে হবে।
ভেজা ময়লা লাগলে তা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে যাওয়ার পর ডাস্টার ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলুন।
লেদারের জুতা ময়লা হলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেললেই তা পরিষ্কার হয়ে যায়। তবে এর পরপরই অবশ্য তা বাতাসে শুকিয়ে ফেলতে হবে খুব ভালোভাবে।
জুতা ভেজা থাকা অবস্থায় আবদ্ধ স্থানে সংরক্ষণ করা যাবে না।
আবদ্ধ স্থানে জুতা রেখে দেওয়ার সময় সিলিকা জেল দিয়ে এরপর রাখতে হবে। ব্যবহারের সময় সিলিকা জেল সরিয়ে ফেলুন। এতে জুতা দীর্ঘসময় পর্যন্ত ভালো থাকে।
খুব শখের কোনো জুতা থাকলে সেটির জন্য পেশাদার সেবা নেওয়া যেতে পারে। যেসব প্রতিষ্ঠান ‘ড্রাই ক্লিনিং’ সেবা দিয়ে থাকে, তাঁদের কাছে সাধারণত পাওয়া যায় এমন সেবা।