তদন্ত প্রতিবেদন যেভাবে পাওয়া যাবে

এ দেশে অনেক তদন্ত কমিটির প্রতিবেদনই প্রকাশ হয় না বলে একটা গুজব চালু আছে। আসুন দেখা যাক, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে।  

আঁকা:শিখা
আঁকা:শিখা

ফেসবুকে তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া যেতে পারে স্ট্যাটাস আকারে। সে ক্ষেত্রে কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যখন অনেক লাইক পাবে তখন অন্য তদন্তকারীরাও সেটা দেখে তদন্ত প্রতিবেদন প্রকাশে উদ্বুদ্ধ হবে।

আঁকা:শিখা
আঁকা:শিখা

ফেসবুক লাইভে তদন্ত চালানোর আদেশ দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে আলাদা করে প্রকাশ করার দরকারই পড়বে না। শুরু থেকেই প্রকাশিত হতে থাকবে তদন্তের সব ফল।

আঁকা:শিখা
আঁকা:শিখা

পেটে কথা থাকে না এমন কিছু হিন্দি সিরিয়ালপ্রেমী মানুষকে তদন্ত কমটিতে রাখা যেতে পারে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন একান-ওকান করে জনসমক্ষে চলে আসবে।

আঁকা:শিখা
আঁকা:শিখা

তদন্ত কমিটিকে প্রতিবেদন তৈরি করার জন্য শুধু কিছু সাদা কাগজই দেওয়া যেতে পারে। সঙ্গে কোনো ফাইল দেওয়া হবে না। ফলে স্বভাবতই প্রতিবেদনটি কেউ ফাইলবন্দী করে ফেলে রাখতে পারবে না।

আঁকা:শিখা
আঁকা:শিখা

তদন্তের শুরুতেই বিরোধী দলকে দিয়ে বলানো যেতে পারে, ‘এই প্রতিবেদন প্রকাশ করা যাবে না। এই প্রতিবেদন প্রকাশ করলে জ্বলবে আগুন বাসে বাসে!’ দেখবেন, অল্প দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়ে যাবে।

আঁকা:শিখা
আঁকা:শিখা

কোনোভাবেই কাজ না হলে তদন্ত প্রতিবেদনটি লেখার জন্য দেওয়া যেতে পারে ভীষণ পিচ্ছিল কাগজ। কোথাও লুকিয়ে রাখতে যাওয়ার পথেই হাত থেকে সাংবাদিকদের সামনে পিছলে পড়ে যাবে। তারপর বাকিটা হবে বাংলার তদন্ত কমিটি জগতের জন্য নতুন এক ইতিহাস! আমরা হব সেই ইতিহাসের গর্বিত সাক্ষী। নাতি-নাতনিদের গর্ব করে বলতে পারব, আমাদের সময়ে একটা তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশিত হয়েছিল!