দাগ নিয়ে যত কথা

কাপড়ে দাগ লাগলে নিয়ম মেনে তা তোলা যায়। মডেল: অন্তু, ছবি: নকশা
কাপড়ে দাগ লাগলে নিয়ম মেনে তা তোলা যায়। মডেল: অন্তু, ছবি: নকশা
হুক, বোতাম, বকলেস প্রভৃতিতে মরচে পড়ার কারণে অনেক সময় কাপড়ে দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে সাবান-পানি দিয়ে কাপড়টি পরিষ্কার করে নিতে হবে। এরপর গরম পানিতে লেবু বা অক্সালিক অ্যাসিড মিশিয়ে তা দিয়ে কাপড় পরিষ্কার করে ফেলুন।

দারুণ স্বাদের কোনো ফলের রস গ্লাসে ঢালতে গিয়ে হঠাৎ পড়ে গেল কাপড়ে কিংবা খেতে গিয়ে দামি পোশাকটিতে লেগে গেল ঝোল৷ শখের পোশাকে এভাবে দাগ লাগলে মন তো খারাপ হবেই৷ তবে কিছু কৌশল খাটিয়ে অনায়াসেই দূর করতে পারেন কাপড়ের দাগ৷

ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রিনিউরশিপ বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাত জানালেন, কাপড়ের তন্তুর ধরন এবং সেটিতে কোন ধরনের দাগ লেগেছে, এ দুটো বিষয়ের ভিত্তিতে রয়েছে দাগ তোলার বিভিন্ন পদ্ধতি। সঠিকভাবে কাপড় থেকে দাগ তোলার কিছু পদ্ধতি বলে দিলেন তিনি৷

.
.

কাপড় থেকে দাগ তোলার পদ্ধতি
* সুতি বা লিনেনকাপড়ে ফলের রস বা কষ লেগে গেলে প্রথমে কিছুক্ষণ গরম পানির বাষ্পে ধরে রাখুন। যেমন কেটলিতে পানি গরম করার সময় এর সামনের নল দিয়ে যে বাষ্প বের হয়, সেই বাষ্পে কিছুক্ষণ কাপড়টি ধরে রাখুন। বাষ্পে ধরে রাখার পর সাবান-পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন। তবে এ পদ্ধতিতে জামের দাগ ওঠার সম্ভাবনা কম, তাই এ ক্ষেত্রে পেশাদার ব্যক্তির শরণাপন্ন হওয়া ভালো। বাড়িতে এ দাগ তোলার চেষ্টা করা হলে স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে রেশমি, পশমি বা জর্জেট কাপড়ে ফলের রসের দাগ তুলতে হলে কুসুম গরম পানিতে সমপরিমাণে ভিনেগার ও গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণে কাপড়টি ভিজিয়ে পরিষ্কার করে নিন।
* সুতি কাপড়ে মাংসের তেল-চর্বি বা রক্ত লেগে গেলে সামান্য পরিমাণ অ্যামোনিয়ার মিশ্রণে কাপড়টি অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে ঘষে পরিষ্কার করে ফেলুন।

* কাপড়ে হলুদ লেগে গেলে সাবান-পানিতে পরিষ্কার করে সূর্যের আলোতে ঘাসের ওপর বিছিয়ে রাখলে দাগ উঠে যায়। ঘামের দাগ লেগে থাকা কাপড়ও এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন।

* চা বা কফির দাগ ওঠাতে হলে প্রথমে কাপড়টি সাবান-পানিতে ধুয়ে ফেলুন। এরপর লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিন। রেশমি, পশমী বা জর্জেটের কাপড়ে চা-কফির দাগ তুলতে হলে পানিতে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিয়ে কাপড়টি সেই মিশ্রণে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন।

* হুক, বোতাম, বকলেস প্রভৃতিতে মরচে পড়ার কারণে অনেক সময় কাপড়ে দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে সাবান-পানি দিয়ে কাপড়টি পরিষ্কার করে নিতে হবে। এরপর গরম পানিতে লেবু বা অক্সালিক অ্যাসিড মিশিয়ে সেটিতে কাপড় পরিষ্কার করে ফেলুন।

* কাপড়ে কাদা লাগলে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলতে হবে, নইলে মাটির দাগ রয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

* সাদা রঙের সুতি কাপড়ে কলমের কালি লেগে গেলে কাপড়টি সাবান-পানিতে ধুয়ে নিতে হবে। তবে ধোয়ার আগেই কাপড়ের দাগের ঠিক নিচে একটি ব্লটিং পেপার রেখে দিন। ধোয়ার পর মিথাইলেটেড স্পিরিট নিয়ে স্পঞ্জের সাহায্যে ঘষে দাগ তুলে ফেলুন। দাগের ঠিক নিচেই ব্লটিং পেপার রাখতে ভুলবেন না। রেশমি-পশমি কাপড়ে কলমের দাগ লাগলে প্রথমে ভিনেগারের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিন। এরপর পানিতে অক্সালিক অ্যাসিড মিশিয়ে নিয়ে এই মিশ্রণে কাপড়টি পরিষ্কার করুন। এরপরও দাগ না গেলে দুধের সর দিয়ে কাপড়টি মুছে নিন। তবে মিশ্র প্রকৃতির কাপড়ে কালির দাগ লাগলে পেশাদার পরিষ্কারকের শরণাপন্ন হোন।

* রঙিন সুতি কাপড়ে কলমের কালি লেগে গেলে সাবান-পানির পাশাপাশি লেবু বা ভিনেগারের সাহায্যে দাগ তুলতে চেষ্টা করতে পারেন। এভাবে একবার পরিষ্কার করলেই অবশ্য দাগ ওঠে না। দু-এক দিন পরপর এভাবে পরিষ্কার করতে থাকলে কিছুদিনের মধ্যে ধীরে ধীরে দাগ ফিকে হয়ে আসবে।