নোটিশ বোর্ড

বিশেষ আয়োজন
ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর ফোর পয়েন্টস বাই শেরাটনের ‘দি ইটারি’ রেস্তোরাঁয় থাকবে বুফের আয়োজন। যেখানে লাইভ কার্ভিং স্টেশন, সি ফুড স্টেশনসহ নানা কিছুর ব্যবস্থা থাকছে। জনপ্রতি খাবারের দাম ৪ হাজার ৫০০ টাকা। বারবিকিউয়ের আয়োজন থাকছে ছাদে।
দুই মলাটে তাঁতশিল্প
২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শিল্পী ও গবেষক শাওন আকন্দের লেখা বাংলাদেশের তাঁতশিল্প বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।
লেখক শাওন আকন্দ বলেন, ভারতীয় উপমহাদেশ এবং বাংলার তাঁতশিল্পের ইতিহাস রয়েছে এতে। অন্যান্য দেশের তাঁতশিল্পের কথাও রয়েছে। বাংলাদেশের তাঁতশিল্পের সোনালি অতীতের বর্ণনা আছে বইতে। কয়েকজন তাঁতশিল্পীর সাক্ষাৎকার এতে স্থান পেয়েছে।
বইটি প্রকাশ করেছে ফ্যাশন হাউস দেশাল। তাঁতের তৈরি পোশাক নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে দেশাল। তাঁত-অধ্যুষিত অঞ্চলে ঘুরে আর ঐতিহ্যবাহী নকশিকাঁথা, টাঙ্গাইল শাড়ি, ঢাকাই জামদানি ইত্যাদির নকশা, বুননশৈলী দেখে নতুন করে ভাবতে শুরু করে দেশাল। পুরোনো ও হারিয়ে যাওয়া নকশাগুলো পুনরায় ব্যবহার করা যায় কি না, সেটি তাদের প্রাথমিক ভাবনায় ছিল। তখন থেকেই গবেষণাধর্মী বইয়ের প্রয়োজন বোধ করেন দেশালের কর্মীরা। এই কাজের দায়িত্ব নিয়েছিলেন শাওন আকন্দ।
প্রকাশনা উৎসব শুরু হয় পাবনার তাঁতিদের গান পরিবেশনার মধ্য দিয়ে। শেষে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরার মাধ্যমে তাঁত ও তাঁতিদের গল্প পরিবেশন করেন মানি রহমান ও তাঁর দল।
বাংলাদেশের তাঁতশিল্প বইটির মলাট হিসেবে তাঁতের কাপড় ব্যবহার করেছেন প্রচ্ছদশিল্পী ইশরাত জাহান। এর দাম ২ হাজার ৪০০ টাকা। দেশালের সব শাখায় এবং বাংলা একাডেমির বইমেলায় জার্নিম্যানের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।