যেভাবে ১০ কেজি ওজন ঝরিয়ে ঝরঝরে মিম

লকডাউনে ঘরেই ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অনেকের মতো তিনিও ইউটিউব দেখে রান্না করেছেন। আর আরাম করে খেয়েছেন। বাসায় বসে থাকলে নাকি ক্ষণে ক্ষণে খিদে পায়। তা ছাড়া জানুয়ারি মাসে করোনায় আক্রান্তও হয়েছিলেন। তখন শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য বেশি বেশি খেতে হতো। দুর্বল হওয়ার ভয়েও বেশি বেশি খেতেন। এভাবেই চলছিল। হঠাৎ একদিন ওজন মাপার মেশিনে দাঁড়ালেন। দেখলেন, তিনি ছিলেন ৫৬, উল্টে হয়েছেন ৬৫। সেই সংখ্যা মেনে নিতে পারলেন না মিম। শুরু হলো জিম আর ডায়েট।

বিদ্যা সিনহা মিম
ছবি: শুভ্র কান্তি দাস

চার মাসে ১০ কেজি কমিয়ে এখন ৫৫–তে মিম। মিম বললেন, ‘মার্চ মাসে আমি একটা টার্গেট নিয়ে নামি। যে আমি চার মাসে ওজন ঝরিয়ে ঝরঝরে হয়ে যাব। প্রথম দুই মাস আমার খুব কষ্ট হয়েছে। কারণ, আমি এর আগ দিয়ে যা মনে চাচ্ছিল, তাই খাচ্ছিলাম। পরে খাবারের বৈচিত্র্য আর পরিমাণ দুটোই কমে এল। লকডাউনেই শুরু করলাম কঠোর ব্যায়াম।’

মিমের ট্রেইনার আশরাফুল প্রতিদিন ভোরবেলা মিমকে ডেকে তুলে ট্রেইন করাতেন। এখনো সেটা চলছে। প্রতিদিন সকালে ৪০ থেকে ৫০ মিনিট কার্ডিও করেন মিম। এরপর এক ঘণ্টা চলে ওয়েট ট্রেনিং। শুটিং থাকলে ওয়েট ট্রেনিংটা বাদ দেন। কেবল কার্ডিও করেন। শুটিং বা অন্য কাজ ছিল না। তাই সমস্ত মনোযোগ ছিল ওজন ঝরানোয়। জেনে নেওয়া যাক তিনবেলা যা খান মিম।

সকালে সাতটা থেকে সাড়ে সাতটার ভেতর ঘুম থেকে ওঠেন। উঠেই দুই গ্লাস পানি খান। এরপর দুটো ডিম সেদ্ধ আর কফি খেয়ে জিমে যান। ব্ল্যাক কফি খেয়ে নাকি দারুণ এনার্জি পান মিম। এরপর জিম থেকে ফিরে একটা ব্রাউন ব্রেড পিনাট বাটারের সঙ্গে মিশিয়ে খান। তিনবেলা খাওয়ার কিছুক্ষণ পর খান গ্রিন টি। সেখানে আবার একটা লেবু মিশিয়ে নেন। সকাল আর দুপুরের মাঝখানে খিদে পেলে টুকটাক বাদাম খান।

বিদ্যা সিনহা মিম
ছবি: ইনস্টাগ্রাম

দুপুরে মিম খান মাছ অথবা মুরগির মাংস। সেদ্ধ অথবা গ্রিল করা। যাতে তেল খুবই অল্প থাকে বা থাকে না। লবণের পরিমাণও কম। তবে যা-ই খান, পরিমাণমতো। মাছ খেলে ২০০ গ্রাম আর মুরগি হলে ১৫০ গ্রাম। বিকেলে এক মগ কফি খান। সঙ্গে থাকে বিস্কুট। তবে সেই বিস্কুট অবশ্যই স্বাস্থ্যসম্মত, তেল বা চিনিমুক্ত। রাতের খাবার সারেন সাতটা বা আটটার ভেতর। রাতে সাধারণত মাছ খান মিম। অথবা বিভিন্ন ফল, বাদাম আর সবজি দিয়ে বানানো সালাদ। অথবা কয়েক পদের ফল, চিয়া সিড—এ রকম বিভিন্ন কিছু দিয়ে একটা মেক বানান। সেখানে প্রোটিনও থাকে। রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার ভেতর ঘুমিয়ে পড়েন মিম।

বিদ্যা সিনহা মিম
ছবি: শুভ্র কান্তি দাস

মিম মাঝেমধ্যে কেবল গুড ফ্যাট খান। যেমন স্যামন, টুনা মাছের চর্বি, বাদাম—এগুলো। এ ছাড়া ফ্যাটজাতীয় খাবার খান না। চিনি খান না। দুধ খান না। তবে পনির খান। কোনো ফাস্ট ফুড খান না। এই অভিনেত্রী তাঁর ডায়েটে কোন চিটমিল রাখেননি। কেন? প্রিয় খাবার নেই কোনো? জবাবে এই অভিনেত্রী বললেন, ‘একদিন এই দাওয়াত, আরেক দিন সেই প্রোগ্রাম, পরশু হয়তো আমার নিজেরই উল্টাপাল্টা কিছু একটা খেতে ইচ্ছে করল। তাই আলাদা করে চিটমিল রাখিনি। ডায়েট করার মজা হলো প্রতিদিন যা খাই, তার বাইরে যেকোনো খাবার খেতেই ভালো লাগে। তাই বিশেষ কোনো প্রিয় খাবার নেই। বাঙালি, চাইনিজ, সুশি—সব পছন্দ। আট মাস হলো সুশি খাই না।’