শিখি সাইকেল

চলছে সাইকেল চালানোর প্রশিক্ষণ l ছবি: প্রথম আলো
চলছে সাইকেল চালানোর প্রশিক্ষণ l ছবি: প্রথম আলো

সালমা জাহান, আমিনা খাতুন, কবিতা, অনামিকা সাহা—তাঁরা সবাই বিডি সাইক্লিস্টস গ্রুপের সদস্য হয়ে সাইকেল চালানো শিখছেন। কারও নিজের সাইকেল নেই। শেখার সাইকেলগুলো বিডি সাইক্লিস্টস দলের। বিডি সাইক্লিস্টস দলের পক্ষ থেকে বিনা মূল্যে প্রতি শনিবার সকাল ৭টা থেকে ১০টা অবধি প্রশিক্ষণ দেওয়া হয়। রমজান মাসে প্রশিক্ষণ বন্ধ ছিল। ৮ জুলাই থেকে আবার শুরু হবে এই প্রশিক্ষণ।

এখানে প্রশিক্ষণ নিতে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করতে হয়। এরপর আগ্রহী ব্যক্তিরা ধারাবাহিকভাবে সুযোগ পান সাইকেল চালানোর প্রশিক্ষণে।

একই মাঠের এক পাশে ছেলেরা ফুটবল খেলছে, কেউবা ক্রিকেট অনুশীলন করছে। এর মধ্যেই মেয়েরাও সাইকেলে প্যাডেল মারছে। পড়ে যাচ্ছে আবার উঠে প্যাডেল মারছে। এভাবেই একটা সময় নিজেই সাইকেল চালাতে পারছে।

পাবনার মেয়ে আমিনা খাতুন। ঢাকায় মিরপুরে একটি স্কুলে চাকরি করেন। নিজের ভালো লাগা থেকে সাইকেল চালানো শিখছেন। ইচ্ছা আছে নিজের সাইকেল চালিয়ে রোজ স্কুলে যাতায়াত করার। তিনি বলেন, ‘মনোবল ঠিক থাকলে সব ঠিক। পুরোটাই হচ্ছে নিজের সাহসের ওপর। পেছনে কে কী বলল, সেসবে কান দেওয়া যাবে না।’

মাঠে গিয়ে দেখা গেল প্রায় দুই ঘণ্টা চালিয়ে সাইকেলকে পুরো আয়ত্তে নিয়ে এসেছেন অনামিকা সাহা। সকাল সাতটা থেকে প্রশিক্ষণ নিয়ে নয়টায় মোটামুটি আয়ত্তে নিয়ে এসেছেন তিনি সাইকেলকে। কাজটা করতে পেরে তিনি বেশ আনন্দিত।

‘যাও যাও তুমি পারবে, সারা বাংলাদেশ তোমাকে দেখবে’—কথাগুলো চিৎকার করে বলে উৎসাহ দিচ্ছিলেন প্রশিক্ষক রুনি মাহজাবিন। তিনি কবিতাকে উৎসাহ দিচ্ছিলেন। প্রায় এক বছর ধরে সাইকেল প্রশিক্ষক হিসেবে এই গ্রুপে আছেন। নিজে সাইকেল চালিয়ে সবখানে যান। বাজার থেকে শুরু করে কাজের ক্ষেত্র—সবখানে সাইকেলে চেপে চলেন রুনি। বললেন, ‘শরীরের ব্যায়াম শুধু নয়, একটা সুন্দর পরিচ্ছন্ন পৃথিবী গড়তে দূষণমুক্ত যানবাহন চালানো জরুরি।’

জোহানা শারমিন এভাবে নিজে শিখেছেন। এখন নিয়মিত অন্য মেয়েদের শেখান। যত কাজই থাকুক, প্রতি শনিবার সকালে ইকবাল রোডের মাঠে ঠিক সকাল সাতটায় চলে আসেন। জোহানা বলেন, ‘বাংলাদেশের সবখানে সাইকেল চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার।’

সাইকেল শেখানোর এই কার্যক্রমের প্রশিক্ষক ও সমন্বয়ক হিসেবে আছেন সিফাত নূর ইসলাম। তিনি বলেন, ‘এই গ্রুপে নতুন সদস্য হতে গেলে তাকে সাইকেল চালাতে জানতে হবে। সে জন্য নতুন সদস্যদের বিনা মূল্য সাইকেল প্রশিক্ষণ দেওয়া হয়।’

ভিডিও দেখুন প্রথম আলো অনলাইনে (www.prothom-alo.com) এবং ইউটিউবে (www.youtube.com/prothomalo)