১৫ বছরে উচ্চারক

শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে উচ্চারকের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা
শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে উচ্চারকের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা

অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৫ বছরে পা দিয়েছে বাচিক শিল্প সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ। ৩ জানুয়ারি উচ্চারকের জন্মদিন উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে বসে শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও সংগীতের আসর। জন্মদিনের রঙে রঙিন হয়ে ওঠে আর্ট গ্যালারি মিলনায়তন।
আনন্দ আয়োজনের শুরুতে কাটা হয় জন্মদিনের কেক। নারী সংগঠক জেসমিন সুলতানা, সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা কালচারাল কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার, নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাসসহ নগরের সংস্কৃতিকর্মীরা কেক কাটার এই আয়োজনে উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় শুরু হয় কথামালা, কবিতা ও গানের আয়োজন।
নান্দনিক এই আয়োজনে শুভেচ্ছা জানান কবি কামরুল হাসান বাদল, আকতার হোসাইন, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, সংস্কৃতিকর্মী দেওয়ান মাকসুদ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, নাট্য সংগঠক মোস্তফা কামাল যাত্রা, বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী, নাট্যকার কবির আহমেদ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মছরুর হোসেন, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশিষ রুদ্র, তারুণ্যের উচ্ছ্বাসের মুজাহিদুল ইসলাম, স্বপ্নযাত্রী বাচিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক শুভাশীষ শুভ, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি ইকবাল হাসান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক আবদুল্লাহ আল মামুন ও চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক শিহাব জিশান।

এ সময় অতিথিরা বলেন, উচ্চারক বিগত ১৪ বছররে সৃজনশীল আবৃত্তি ও শ্রুতি আয়োজনে সরব থেকেছে। সংগঠনটি দেশের সামাজিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে কাজ করছে। এ ছাড়া নানা মাত্রিক অনুষ্ঠান ও আবৃত্তি উৎসব আয়োজন করে উচ্চারক তাদের পথচলাকে যেমন বেগবান করেছে, তেমনি বাঙালি সংস্কৃতিকে করছে সমৃদ্ধ।

কথামালা পর্বে উচ্চারকের পক্ষে মঞ্চে আসেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী, সহসভাপতি সাজ্জাদ তপু ও নির্বাহী সদস্য এ এস এম এরফান। এই আনন্দ আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা, মো. মোস্তফা কামাল, শ্রেয়সী রায়, কান্তা দে, হাসান জাহাঙ্গীর, রিনি পালিত, অর্পিতা দাশ ও শ্রাবণী দাশগুপ্তা।