কারেন্ট জালে মরছে পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা আমন ধান বাঁচাতে খেতের ওপর টানানো হয়েছে কারেন্ট জাল। সে জালে প্রতিদিন আটকে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। আর যেগুলো জীবিত থাকে সেগুলো বিক্রি করা হচ্ছে বাজারে। এটি বাঘাইছড়ির উলুছড়ি গ্রামের চিত্র। শুধু উলুছড়ি গ্রাম নয়, বাঘাইছড়ির সর্বত্র কৃষকেরা ফসল বাঁচাতে খেতের ওপর জাল টানিয়ে দিয়েছেন। জানা গেছে, এখন আমন পাকার মৌসুম। পাকা ধান খেতে আসছে ঝাঁকে ঝাঁকে টিয়া, ঘুঘু, চড়ুই ও বাবুই পাখি। ধান খেতে এসে জালে আটকে মারা পড়ছে। শুধু ধান খেত নয় কাচালং নদীর দুই তীরের সবজিখেতে কারেন্ট জাল টানানো হয়েছে। এতে পোকা-মাকড় খেতে আসা নানা প্রজাতির পাখিও জালে আটকা পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, ‘এ সময়টাতে ধান ও সবজিখেতে পাখির আনাগোনা বেড়ে যায়। এ জন্য খেতের চারদিকে কারেন্ট জাল টানানো হয়েছে। এসব জালে প্রতিদিন অসংখ্য পাখি আটকা পড়ে মরে যাচ্ছে এ কথা স্বীকার করে তাঁরা বলেন, ‘ফসল তোলা হলে জালগুলো সরিয়ে নেওয়া হবে। তবে কৃষক ছাড়াও কিছু অসাধু শিকারিও জাল দিয়ে পাখি শিকার করে বিক্রি করছে।’ সরেজমিনে দেখা গেছে, কাচালং নদীর দুই তীরের সবজিখেতে টানিয়ে রাখা হয়েছে কারেন্ট জাল। পাকা-আধাপাকা ধান ও বেগুন খেতে থেকে শুরু করে সবখানেই কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা করা হচ্ছে। প্রাণী বিশেষজ্ঞরা জানান, পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হওয়ার কারণে পাখিরা আবাসস্থল হারিয়েছে। খাবারের খোঁজে লোকালয়ে বিভিন্ন ধান ও সবজিখেতে বিচরণ করছে। তাতে প্রতিদিন কারেন্ট জালে আটকা পড়ে শত শত পাখি মরছে। এভাবে চলতে থাকলে প্রাকৃতিক পরিবেশে বিরূপ প্রভাব পড়তে পারে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো.আমিনুল ইসলাম বলেন, যদি কোনো কৃষক কারেন্ট জাল দিয়ে পাখি শিকার করে তাহলে তাঁকে ডেকে এনে জাল তুলে নেওয়ার অনুরোধ জানানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো স্থানে কারেন্ট জাল দিয়ে পাখি শিকার করছে খোঁজ নেওয়া হবে। খাবারের সন্ধানে পাখিরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। যাঁরা ধান ও সবজিখেতে জাল টানিয়ে পাখি শিকার করছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।