গ্যাস নেই, চুলা জ্বলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম বাকলিয়ার গৃহিণী নাসিমা চৌধুরী চার দিন ধরে নিয়মিত ভোর পাঁচটায় রান্না শুরু করেন। সকালে দুই ছেলেমেয়ে স্কুলে যাওয়ার আগে যাতে একটু গরম খাবার খেতে পারে, সে জন্য তাঁর এ আয়োজন। নাসিমা জানান, তিনি আগে রান্না করতেন সকাল আটটার দিকে। কিন্তু এক সপ্তাহ ধরে এ সময়ে চুলায় গ্যাস থাকছে না। তাই বাধ্য হয়েই তাঁকে রান্না শুরু করতে হচ্ছে ভোরে।নাসিমা বলেন, ‘বেশির ভাগ তরকারি ও সবজি রাতেই রান্না করে ফেলি। ভোরে তা গরম করে পরিবারের সদস্যদের পরিবেশন করি।’ নাসিমার মতো যাঁরা ভোরে রান্না করতে পারেন না, তাঁরা সকালে বাসার সামনে উঠোনে ইটের চুলা বসিয়ে রান্না করেন। জ্বালানি হিসেবে ব্যবহার করেন পুরোনো খবরের কাগজ ও খড়কুটো। ঘনবসতিপূর্ণ মহল্লায় একটি চুলায় একাধিক পরিবার ভাগ করে রান্নার কাজ সারছে। নগরের ডিসি সড়কের একাধিক আবাসিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণে বেশির ভাগ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা জানান, চার বছর ধরে চট্টগ্রামে গ্যাস-সংকট চলছে। বর্তমানে তা চরমে পৌঁছেছে। এত দিন রেশনিং করে পরিস্থিতি সামাল দেওয়া হলেও এখন রেশনিংয়ের জন্যও গ্যাস পাওয়া যাচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, গ্যাস-সংকট শুরুর পর নগরের বেশির ভাগ এলাকায় সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত একটানা গ্যাস থাকছে না। ফলে একদিকে সংশ্লিষ্ট এলাকার কারখানা যেমন বন্ধ থাকছে, তেমনি আবাসিক এলাকাগুলোতে রান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আন্দরকিল্লার বাসিন্দা ও উন্নয়নকর্মী এম এ গফুর প্রথম আলোকে বলেন, ‘গ্যাস না থাকায় পর পর দুই দিন রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছি। এভাবে তো নগরজীবন চলে না।’গ্রাহকেরা আশঙ্কা করছেন, কোরবানি ঈদের আগে এ সংকটের কারণে নগরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে গ্যাসনির্ভর কারখানায় উৎপাদন কমে গেলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা অনেক মালিকের জন্য কঠিন হবে। এতে শ্রম-অসন্তোষ দেখা দেবে। তা ছাড়া কোরবানি ঈদে রান্না নিয়ে গৃহিণীদের চরম ভোগান্তি পোহাতে হবে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মো. মোবিরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে গ্যাস সরবরাহে সংকট আছে। আমরা পরিস্থিতির উন্নতির জন্য নানাভাবে চেষ্টা করছি। খাগড়াছড়ির স্যামুতাং থেকে দ্রুত গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাঙ্গু গ্যাসক্ষেত্রেও উৎপাদন বাড়বে বলে আশা করছি। এসব সম্ভব হলে নভেম্বরের মাঝামাঝি নাগাদ সরবরাহ অনেক বাড়বে।’কেজিডিসিএল সূত্র জানায়, গ্যাস-সংকটের কারণে চার বছর ধরেই রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) পালা করে বিদ্যুৎ ও সার উৎপাদন করা হচ্ছে। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট একসঙ্গে চালু করতে গেলে অন্তত ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। কিন্তু এই মুহূর্তে সে পরিমাণ গ্যাস সেখানে দেওয়া সম্ভব নয়। তা ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে রাউজান বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে আছে। ফলে অন্য ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩০ থেকে সর্বোচ্চ ৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হয়। সর্বশেষ গতকাল বুধবার পর্যন্ত রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয় ৩০ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন শুরু করার জন্য দরকার কমপক্ষে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ না হওয়ায় সেখানে গ্যাস যাচ্ছে মাত্র ১৫ মিলিয়ন ঘনফুট। ফলে শহরের আবাসিক ও শিল্প-কারখানা যেমন গ্যাসের অভাবে চলতে পারছে না, তেমনি সিইউএফএলও পারছে না উৎপাদনে যেতে।নাম প্রকাশে অনিচ্ছুক কেজিডিসিএলের এক কর্মকর্তা বলেন, ‘কারখানা চালুর নামে সিইউএফএলে বর্তমানে কেবল গ্যাস অপচয় হচ্ছে। সরকারের সিদ্ধান্তের বাইরে আমাদের কথা বলার সুযোগ নেই। তাই এ নিয়ে আমাদের কোনো বক্তব্যও নেই।’ সূত্রে জানা যায়, চট্টগ্রামে যে গ্যাস পাওয়া যাচ্ছে তা চাহিদার মাত্র অর্ধেক। বর্তমানে গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। তবে বুধবার পর্যন্ত পাওয়া গেছে প্রায় ২৪০ মিলিয়ন ঘনফুট। এ সরবরাহ ক্রমেই কমছে।