দুর্ঘটনা থেমে নেই জাহাজভাঙা-শিল্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের জাহাজভাঙা-শিল্পে দুর্ঘটনা থেমে নেই। সতর্কতার অভাব, অত্যধিক জাহাজ আমদানি, নির্দেশনা না মানা, প্রকৃত যাচাই ছাড়াই ছাড়পত্র প্রদান ইত্যাদি কারণে বার বার দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া, দুর্ঘটনায় হতাহতের সঠিক হিসাব নিয়ে লুকোচুরির অভিযোগ রয়েছে জাহাজভাঙা-শিল্প মালিকদের বিরুদ্ধে। এমনকি বার বার উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে জাহাজ আমদানি এবং কাটার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। সর্বশেষ গত রোববার রাতে বার আউলিয়ার জিরি সুবেদার স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। এর দুই দিন আগে ১৪ অক্টোবর ফৌজদারহাট আর কে ইয়ার্ডে দুই শ্রমিক নিহত হন। এ ছাড়া ২২ সেপ্টেম্বর একজন, ১৮ সেপ্টেম্বর একজন, ১৬ মার্চ একজন ও ১৮ জানুয়ারি চারজন শ্রমিক নিহত হন। জানা যায়, গত ২০ বছরে শিপ ব্রেকিং ইয়ার্ডে নিহত হয়েছেন ৪০০ শ্রমিক। ২০০৯ সালের মার্চে উচ্চ আদালতের এক রায়ে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় হতাহতের এ পরিসংখ্যান উল্লেখ করা হয়। একই সময় ছয় হাজার শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলেও ওই রায়ে বলা হয়। তবে শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, হতাহতের ঘটনা এর চেয়ে আরও বেশি ঘটেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইয়ার্ডে দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। অনেক সময় ইয়ার্ডে লাশ গুম করে ফেলা হয়। যার কারণে অনেক সময় হতাহতের সঠিক তথ্য পাওয়া যায় না।’বিস্ফোরক অধিদপ্তর, গ্রিনপিস ও বেলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ২৩ জন, ২০০৮ সালে ১৫ জন, ২০০৭ সালে আটজন, ২০০৬ সালে ১০ জন, ২০০৫ সালে সাতজন, ২০০৪ সালে তিনজন শ্রমিক জাহাজভাঙা শিল্পে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এর আগে ২০০০ সালে ২০ শ্রমিক মারা যান শিপ ইয়ার্ডে। জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অবস্থা যাচাই না করে কিছু কিছু শিপ ইয়ার্ডকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পাওয়া ইয়ার্ডগুলো শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সরঞ্জামও রাখে না বলে অভিযোগ পাওয়া যায়। তবে ইয়ার্ড মালিকদের দাবি, শ্রমিকেরা এসব সরঞ্জাম ব্যবহার করতে চান না। এপ্রিলে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদল জাহাজভাঙা-শিল্প পরিদর্শন করে। এ সময় পরিদর্শন করা ইয়ার্ডগুলোতে দেখা যায়, শ্রমিকদের পোশাক ও হেলমেট পরিয়ে রাখা হয়। কিন্তু সাধারণত কাজের সময় তাঁরা এসব সরঞ্জাম ব্যবহার করেন না। তবে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বলেন, ‘যথাযথ পরিদর্শন, আদালতের নির্দেশনা সবকিছু মেনেই ছাড়পত্র দেওয়া হচ্ছে। জাহাজ কাটার সময় কিছু অসতর্কতার কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে।’ পরিবেশ অধিদপ্তর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ জন্য জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে সাইফুল আশ্রাব জানান। এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, জাহাজভাঙা ইয়ার্ডে বর্তমানে প্রায় দেড় হাজারের মতো পুরোনো জাহাজ আছে। এসব জাহাজ কাটার সময় কোনো নীতিমালাও মেনে চলা হয় না। কিছু কিছু জাহাজ কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয় না বলে জানা গেছে। আবার আমদানি করা জাহাজগুলোর মধ্যে তৈলাধারও আছে। কয়েক মাস আগে চার্চিল ভেঞ্চার নামে একটি পুরোনো জাহাজ এভাবে অনুমতি ছাড়া কাটা হয়।