নগরে আকস্মিক বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকস্মিক গণপরিবহন ধর্মঘটের কারণে নগরে জনদুর্ভোগ চরমে উঠেছে। সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবিতে পরিবহন মালিক সংগঠনের একাংশ এই ধর্মঘটের ডাক দেয়। ফলে গতকাল ভোর থেকে নগরে বাস ও রাইডার চলাচল বন্ধ হয়ে যায়। টেম্পো চলেছে সীমিতসংখ্যক। হঠাৎ করে বাস-রাইডার বন্ধ হয়ে যাওয়ার কারণে পোশাক কারখানা ও অন্যান্য শিল্পকারখানার শ্রমিক, অফিস ও স্কুল-কলেজগামী লোকজন চরম দুর্ভোগের শিকার হন। সড়কের মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে। এ অবস্থায় জনজীবন স্থবির হয়ে পড়ে।এদিকে পরিবহন ধর্মঘটের কারণে নগরে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকটও দেখা দেয়। চালকেরা ভাড়াও হেঁকেছেন স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। টেম্পোর ওঠানামা ভাড়া হাঁকা হয়েছে ১০ টাকা।নগরের বহদ্দারহাট মোড়ে সকাল থেকে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন গাড়ির জন্য। সকাল ১১টার দিকে সেখানে দেখা যায়, একটি টেম্পো আসামাত্র জড়ো হয়ে থাকা লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। বাস না পেয়ে ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যের দিকে ছুটছে অনেকে। বহদ্দারহাট মোড়ে যানবাহনের অপেক্ষায় থাকা শওকত আলম বলেন, ‘আমি দেড় ঘণ্টা আগে এখানে এসে দাঁড়িয়েছি। এখনো কোনো গাড়ি পাচ্ছি না। সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশাও পাওয়া যাচ্ছে না। দু-একটি পাওয়া গেলেও চালকেরা ভাড়া হাঁকছেন অনেক বেশি।’দূরত্বভেদে রিকশায় ২০ টাকার স্থলে ৪০ টাকা, সিএনজিচালিত অটোরিকশায় ৪০ টাকার স্থলে ৭০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন চালকেরা। যানবাহনের সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার নগরের বিভিন্ন বিদ্যালয়ে শুরু হয়েছে এসএসসি নির্বাচনী পরীক্ষা। যানবাহনের সংকটের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। বিভিন্ন কলেজগামী শিক্ষার্থীরাও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। হাজী মুহম্মদ মুহসীন কলেজের বিএসএসের শিক্ষার্থী সাইফুল আলম বলেন, ‘আজ (সোমবার) আমাদের প্রবেশপত্র দেওয়া হবে। কিন্তু মুরাদপুরে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাহন পাইনি। অথচ আমাকে কলেজে যেতেই হবে। আকস্মিকভাবে ধর্মঘট ডাকায় আমরা সবচেয়ে বেশি বিপদে পড়লাম।’ একইভাবে নগরের ইপিজেড, পতেঙ্গা, আগ্রাবাদ, অলংকার মোড়, কাজীর দেউড়ি, বন্দরসহ বিভিন্ন স্থানে সড়কের মোড়ে মোড়ে বিপুলসংখ্যক মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া দিতে রাজি আছে। কিন্তু এই ভাড়া কার্যকর করতে হলে সরকারের নিয়মকানুনও মেনে চলতে হবে। এতে পরিবহন-ব্যবস্থায় শৃঙ্খলা আসবে। আসলে কাউন্টারভিত্তিক বাস চলাচল বজায় থাকলে অনেক আগেই সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করা সম্ভব হতো। পরিবহন শ্রমিকদের একাংশের নেতাদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।’ পরিবহন মালিক সংগঠনের সূত্র জানায়, চট্টগ্রামে বাসে প্রতিকিলোমিটারে এক টাকা ২০ পয়সা হারে ভাড়া নেওয়া হয়। আর ওঠানামায় ভাড়া তিন টাকা। ওঠানামার মধ্যে একজন যাত্রী সর্বোচ্চ তিন কিলোমিটার পর্যন্ত যেতে পারেন। অথচ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরকার বাসভাড়া বাড়িয়ে প্রতিকিলোমিটারে এক টাকা ৬০ পয়সা করেছে। আর গাড়িতে ওঠানামার ভাড়া হয়েছে পাঁচ টাকা। প্রসঙ্গত, জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার পর গত রোববার থেকে নগরের গণপরিবহনের ভাড়া বৃদ্ধি কার্যকরের চেষ্টা করে মালিক সমিতি। কিন্তু সকালে নগরের বহদ্দারহাট, ইপিজেডসহ বিভিন্ন এলাকায় বাসশ্রমিকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি ও মারামারি হয়। এ সময় দু-তিনটি বাস ভাঙচুর করা হয়। এর পর থেকে বিভিন্ন যাত্রাপথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে সড়ক পরিবহন মালিক গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, ‘রাস্তায় গাড়ি চালানো নিরাপদ নয়। আমরা সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করতে চেয়েছি। এ জন্য আমাদের নিরাপত্তা দিতে হবে। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করায় আমরা রোববার রাতে বৈঠক করে আকস্মিকভাবে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।’তবে পরিবহন মালিকদের অপর একটি পক্ষ এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেনি। তার পরও নিরাপত্তার কথা ভেবে অনেকে যানবাহন নামাননি। সকালের দিকে দু-একটা বাস নামলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আর চোখে পড়েনি। মুরাদপুর এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, ‘সকালে মানুষের মিছিল ছিল এখানে। তখন গার্মেন্টস কর্মীরা বিড়ম্বনার মধ্যে পড়েন। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় হুমড়ি খেয়ে পড়েন মানুষ।’রেহেনা আক্তার নামে ইপিজেডের এক শ্রমিক বলেন, ‘আমাদের আয় কম। আমরা কি সিএনজিচালিত অটোরিকশায় যেতে পারি? নিরুপায় হয়ে আমরা ছয়-সাতজন এক গাড়িতে করে কর্মস্থলে গিয়েছি।’