বন্দরে পণ্য পরিবহন কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেটিতে নোঙর করার অপেক্ষায় বন্দরের বহির্নোঙরে জাহাজের দীর্ঘ সারি নেই এখন। গত বৃহস্পতিবার বন্দরের মূল জেটি ১৬টির মধ্যে অর্ধেক অর্থাৎ আটটি জেটিতেই কোনো জাহাজ ছিল না। মঙ্গলবারও খালি ছিল পাঁচটি জেটি। প্রতিদিন গড়ে চারটি জেটি খালি থাকছে। গত এক মাসের চিত্র এটি। ২০১০-১১ অর্থবছরে আগের একই সময়ের তুলনায় বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। চলতি অর্থবছরে কনটেইনার পরিবহন না বেড়ে উল্টো কমে গেছে। পণ্য পরিবহন কমে যাওয়ায় বন্দরের আয় কমে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেসরকারি কনটেইনার ডিপো ও জেটি পরিচালনাকারী সংস্থাগুলো। বন্দর সূত্রে জানা গেছে, সমুদ্রপথে দেশের প্রায় ৯৫ শতাংশ পণ্য এই বন্দর দিয়ে পরিবহন হয়। কনটেইনার পরিবহন কমে যাওয়ায় বন্দরে জাহাজ চলাচলের হারও কমে গেছে। এ বছরের শুরুতে প্রতি মাসে গড়ে বন্দরে ৯২টি কনটেইনার জাহাজ চলাচল করেছে। গত তিন মাসের হিসাবে দেখা গেছে, প্রতিমাসে বন্দরে গড়ে ৬৮টি কনটেইনার জাহাজ চলাচল করেছে।বন্দরের পরিবহন বিভাগের পরিচালক গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, জাহাজের সংখ্যা কমলেও এখন বাড়তে শুরু করেছে। পোশাকশিল্প খাতের রপ্তানি পণ্য বাড়লেও অন্যান্য পণ্যের রপ্তানি না বাড়ায় এই অবস্থা হয়েছে বলে মনে করেন তিনি। বন্দরের পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চার লাখ ২৮ হাজার ৫৯৫ একক কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময় চার লাখ ৭৪ হাজার ৯৩৩ একক কনটেইনার ওঠনো-নামানে হয়। অর্থাৎ কনটেইনারে আমদানি-রপ্তানি কমার হার প্রায় ১০ শতাংশ। কনটেইনারসহ খোলা পণ্য আমদানি-রপ্তানিও কমেছে। প্রসঙ্গত, কনটেইনারে রপ্তানি পণ্যের মধ্যে সিংহভাগ তৈরি পোশাকশিল্প খাতের। এ ছাড়া তৈরি পোশাকশিল্প খাতসহ অন্যান্য শিল্পের কাঁচামালও আমদানি হয় কনটেইনারে। এ কারণে কনটেইনারে পণ্য পরিবহন কমলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।বন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে রপ্তানি পণ্য পরিবহনের চাকা সচল রেখেছে তৈরি পোশাক খাত। অর্থবছরের তিন মাসের পাওয়া হিসাবে দেখা যায়, জুলাই-আগস্টে তৈরি পোশাক খাতের রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহন ছিল অন্য সময়ের চেয়ে বেশি। এ সময়ে গড়ে প্রতি মাসে এক লাখ ৯৪ হাজার টন পোশাক শিল্পের পণ্য কনটেইনারে রপ্তানি হয়। তবে সেপ্টেম্বর মাসে এই হারও কমে যায়। এ মাসে প্রায় দেড় লাখ টন পণ্য কনটেইনারে রপ্তানি হয়েছে। টাকার অঙ্কে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক খাতে আগের চেয়ে রপ্তানি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জন করেনি বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়। তৈরি পোশাক খাত ছাড়া কনটেইনারের সংখ্যা হিসাবে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রবৃদ্ধি হয়নি। জানা গেছে, জাহাজ চলাচল কমে যাওয়ায় পণ্য ওঠানো-নামানোর সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থাগুলোর কাজও কমেছে। কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো বেশি হলে সংস্থাগুলোর আয় বাড়ে। এখন জাহাজ কমে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। এ ছাড়া জেটিতে জাহাজ না থাকায় আশানুরূপ কাজ পাচ্ছেন না শ্রমিকেরা। এ প্রসঙ্গে বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণ কার্গো বার্থ-জিসিবির ১২টি জেটির মধ্যে গড়ে চারটি জেটি খালি থাকছে। জাহাজ না থাকায় শ্রমিকদের কাজও কমে গেছে।’ বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতি সূত্রে জানা যায়, আমদানি-রপ্তানি পণ্য ভর্তি কনটেইনারের সংখ্য কমে যাওয়ায় বেসরকারি কনটেইনার ডিপোগুলোও সংকটে পড়েছে। চট্টগ্রামে ১৬টি বেসরকারি ডিপোতে রপ্তানিপণ্য কনটেইনারে বোঝাই, ১৭ ধরনের আমদানিপণ্য খালাস এবং খালি কনটেইনার সংরক্ষণ করে থাকে।এ প্রসঙ্গে বেসরকারি কনটেইনার ডিপোর মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ূম খান প্রথম আলোকে বলেন, ‘হিসাব করে দেখেছি, গত কয়েক মাসে বেসরকারি ডিপোগুলোয় অন্তত ৩০ শতাংশ কাজ কমেছে। বেসরকারি ডিপোগুলোয় এখন অর্থনৈতিক দুরবস্থা চলছে।’