সড়কজুড়ে ট্রাক, বিশৃঙ্খল ট্রাফিক-ব্যবস্থা
কনটেইনার ভর্তি মালামাল পরিবহন করতে প্রতিদিনই কয়েক হাজার ট্রাক-কাভার্ড ভ্যান বন্দরে আসা-যাওয়া করে। এগুলোর সাময়িক অবস্থানের জন্য নিমতলায় ছোট পরিসরের একটি ট্রাক টার্মিনাল আছে। বন্দরে যত ট্রাক আসা-যাওয়া করে তার মাত্র পাঁচ শতাংশ ট্রাকের স্থানসংকুলান হয় এই ছোট টার্মিনালে। এ কারণেই এসব ট্রাক-কাভার্ড ভ্যান বন্দর এলাকায় যানজট সৃষ্টি করছে। একইভাবে নগরের নাসিরাবাদ ও কালুরঘাট শিল্প এলাকাকে ঘিরে আশপাশের রাস্তার পাশে অবৈধ ট্রাক স্ট্যান্ড গড়ে উঠেছে। নির্দিষ্ট কোনো ট্রাক টার্মিনাল না থাকায় নগরে যানজট বৃদ্ধি পাচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। নগরে প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে তার জন্য ট্রাক চলাচলকে দায়ী করেছে পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, বন্দরসংলগ্ন নিমতলায় বন্দরের জায়গায় ছোট পরিসরে ট্রাক টার্মিনালে ৪০০ ট্রাক রাখার ব্যবস্থা আছে। নগরে আর কোনো টার্মিনাল নেই। চট্টগ্রাম বন্দরের এক প্রতিবেদনে দেখা যায়, বন্দরে আমদানি হওয়া মোট কনটেইনারের ৯০ শতাংশই এফসিএল কনটেইনার (যে কনটেইনারে একজন আমদানিকারকের পণ্য থাকে)। এ ধরনের কনটেইনারের ৬৫ শতাংশই খোলা হয় বন্দরে। পরে বন্দর থেকে মালামালগুলো ট্রাকে তুলে সারা দেশে পরিবহন করা হয়। ট্রাক মালিক সংগঠন সূত্র জানায়, বন্দরকেন্দ্রিক ট্রাক-কাভার্ড ভ্যানের যানজট দূর করতে বিভিন্ন সময় তারা একটি বড় টার্মিনাল নির্মাণের দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে আশ্বাস পাওয়া গেলেও কার্যকর কিছুই হয়নি। ফলে ট্রাক-কাভার্ড ভ্যানের যানজট লেগে আছে। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম হচ্ছে সারা দেশের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল। কারণ দেশের প্রধান সমুদ্র বন্দরের অবস্থান চট্টগ্রামেই। তাই সারা দেশের ট্রাক ও লরি চট্টগ্রামে আসা-যাওয়া করছে। অথচ কোনো টার্মিনাল নেই। ফারুক আহমদ আরও বলেন, ‘ট্রাক টার্মিনাল না থাকায় চালকেরা রাস্তায় গাড়ি পার্কিং করছে। এতে নগরের স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শহরের পরিবেশও নষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করেও রাস্তা থেকে ট্রাক সরাতে পারি না। কারণ একদিকে সরালে ট্রাকগুলো অন্যদিকের সড়কের ওপর আবার পার্কিং করা হয়। এ ছাড়া রাস্তায় গাড়ি পার্কিংয়ের কারণে যন্ত্রাংশ চোরচক্র গড়ে উঠেছে। এই দিকটাও আমাদের দেখতে হচ্ছে। শহরে যান চলাচলে শৃঙ্খলা আনতে হলে ট্রাক টার্মিনাল নির্মাণের কোনো বিকল্প নেই।’ সরেজমিন ঘুরে জানা গেছে, নগরের মাঝিরঘাট, মাদারবাড়ি, নাছিরাবাদ, কালুরঘাট, পাহাড়তলীর ডিটি সড়ক, বন্দর এলাকায় প্রতিদিন শত শত ট্রাক পার্কিং করা আছে। এসব এলাকায় স্বাভাবিক যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া এয়ারপোর্ট সড়কের কাছে জ্বালানি তেলের স্থাপনার অবস্থান। দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়ছে। এ কারণে এয়ারপোর্ট সড়কের কাছে ট্যাংক লরির পার্কিংও দিনে দিনে বাড়ছে। এ ব্যাপারে জানতে চাইলে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পানামা ট্রাক টার্মিনালে ৩০০ থেকে ৩৫০-এর বেশি ট্রাক রাখার জায়গা নেই। ফলে বাধ্য হয়ে বন্দর থেকে মালামাল নিতে আসা গাড়িগুলো রাস্তায় রাখতে হচ্ছে। এ কারণে নতুন ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানিয়ে আসছি। নৌ-পরিবহন মন্ত্রীও আমাদের আশ্বস্ত করেছিলেন।’ এ ব্যাপারে বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বন্দরকেন্দ্রিক একটি ট্রাক টার্মিনালের জন্য প্রথমে বন্দর মার্কেটের সামনে রেলওয়ের জায়গা বাছাই করা হয়। কিন্তু রেলওয়ে জায়গা না দেওয়ায় এখন সরকারি খাসজমিতে ট্রাক টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া চলছে। ট্রাক মালিক সংগঠন সূত্রে জানা গেছে, দেশের নানা প্রান্ত থেকে যেসব ট্রাক আসে সেগুলো বেশির ভাগ রাখা হয় নগরের নিমতলার আশপাশের এলাকায়। এ ছাড়া পোর্ট কানেকটিং সড়কেও রাখা হয় এসব ট্রাক। শহরের মূল সড়কে অবস্থান করা গাড়ির কারণে যানজট হচ্ছে।