...আমি তখনই এভারেস্টে যাব, যখন এমন একটা ডায়েরি লিখতে পারব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৩ মে। গত বছর ঠিক এই দিনে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। তারপর গত এক বছর তাঁর এভারেস্ট অভিযানের দিনপঞ্জি ‘স্বপ্ন নিয়ে’ পাতায় প্রকাশিত হয়। সেসব পড়ে বোঝা যায় এভারেস্ট জয় করা চাট্টিখানি কথা না। বড্ড পরিশ্রমের। তবে আমরা আশায়আছি, একদিন এভারেস্ট অভিযান এমনই সহজ হবে যে অভিযান শেষে এমন একটা ডায়েরি লিখে ফেলা যাবে।মার্চ ১৪, শনিবার আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো অনেক দিন ঘুরতে যাওয়া হয় না। বন্ধু রনীকে ফোনে কথাটা বলতেই সে বলল, ‘হুম, ঠিক বলেছ। কোথায় যাওয়া যায় বল তো?’ আমি বললাম, ‘একটু ঠান্ডা এলাকায় যেতে চাই, নেপাল হয়ে এভারেস্ট গেলে কেমন হয়?’ সে বলল, ‘গুড আইডিয়া, কিন্তু আমার গাড়ি নিয়ে এভারেস্টের নিচ পর্যন্ত যাওয়া যাবে তো?’ আমি বললাম, তা যাওয়া যাবে, তবে পার্কিংয়ে একটু সমস্যা হতে পারে। প্রচুর গাড়ি যায় তো, তবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। সেখানে আমাদের প্রথম আলো প্রতিনিধিকে আগে থেকে বলে রাখলেই হবে। রনীকে বললাম, জুয়েলও যেতে চাইছিল। তাকে একটা ফোন দিক।মার্চ ১৫, রোববার চারজনের একটা দল আগামী শনিবার এভারেস্টের উদ্দেশে রওনা দেব বলে ঠিক করেছি। আজ অফিস থেকে ছুটি নিলাম। আমার ফিচার এডিটর আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি না থাকলে সেই সংখ্যা রস+আলো কে বের করবে?’ আমি তাঁকে আশ্বস্ত করলাম, আরে, আমি তো এই সংখ্যা বের করেই দিয়ে যাচ্ছি, পরের সংখ্যার পেস্টিংয়ের আগেই আমি এভারেস্ট জয় করে চলে আসব। এখন তো সব মিলিয়ে চার-পাঁচ দিন লাগে। অফিস থেকে এত সহজে ছুটি পেয়ে যাব এটা ভাবিনি। তবে জুয়েলের ছুটি নিয়ে একটু সমস্যা হচ্ছে। ব্যাংকের চাকরি তো, সহজে নাকি ছুটি পাওয়া যায় না।মার্চ ২৩, সোমবার আজ আমরা ভোরে এভারেস্টের উদ্দেশে রওনা দিয়েছি। রাস্তায় একবার শুধু আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়া ছাড়া কোনো ধরনের ঝামেলা হয়নি। রাত ১০টার দিকে আমরা এভারেস্টের একেবারে কোল ঘেঁষে তৈরি ফাইভ স্টার হোটেল ‘এভারেস্ট ভিউ’-এর আঙিনায় এসে পৌঁছালাম। প্রথম আলোর প্রতিনিধির মাধ্যমে আগে থেকেই রুম বুকিং দিয়ে রেখেছিলাম বলে রুম পেতে কোনো সমস্যা হয়নি। রুমে ঢুকে গিজার চালু করে দিলাম। গরম পানি দিয়ে গোসল করে ডিনার সারলাম। টিভিতে একটা ভালো মুভি হচ্ছে। সবাই এখন সেটা দেখছে, আর আমি গরম কফিতে চুমুক দিতে দিতে ডায়েরি লিখছি। কালকে সকালে আমরা কেব্ল কারে করে এভারেস্টের চূড়ায় উঠব। মার্চ ২৪, মঙ্গলবার আমি এখন এই ডায়েরি লিখছি এভারেস্টের চূড়ায় বসে কফি খেতে খেতে। এখানে চমৎকার একটা হোটেল হয়েছে। নাম ‘টপ অব দ্য এভারেস্ট’। এখানকার কফি নাকি বিশ্ববিখ্যাত। তবে দাম একটু বেশি। খোঁজ নিয়ে জানলাম, এখানে থাকারও সুবন্দোবস্ত আছে। ডাবল রুম মাত্র ১০০ ডলার ভাড়া। বাংলাদেশি টাকায় সাত হাজার। আমাদের অবশ্য থাকার ইচ্ছা নেই। তবে কেব্ল কার দিয়ে যখন এভারেস্টের গোড়া থেকে উঠছিলাম তখন আমার একটু ভয় ভয় লাগছিল। প্রায় চূড়ার কাছাকাছি যখন এসেছি তখন আমাদের গাইড একটা জায়গা দেখিয়ে বলল, এটা নাকি হিলারি স্টেপ। আগে মানুষ যখন পায়ে হেঁটে এভারেস্টে উঠত, তখন এই জায়গাটিকেই সবচেয়ে ভয়ংকর বলে মনে করত। এখন বিশেষ জ্যাকেট পরে বাইরে যেতে হবে। বন্ধুরা সবাই ডাকাডাকি করছে। বাইরে নাকি এখন সুন্দর আবহাওয়া। ছবি তোলার এখনই উপযুক্ত সময়।মার্চ ২৬, বৃহস্পতিবার গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছি। আবার শুরু হলো আমার সেই একঘেয়ে অফিস। আজ এভারেস্টের সব ছবি ফেসবুকে আপ করব ভাবতেই ভালো লাগছে। সারা দিন সেসব ছবিতে যেসব কমেন্ট পড়বে, সেসব কমেন্টের উত্তর দিতেই ব্যস্ত থাকব। আহ্! কী দ্রুতই না ফুরিয়ে গেল আমার এভারেস্ট অভিযানের দিনগুলো। যত দিন বেঁচে থাকব, তত দিন এই রোমাঞ্চকর, বিপৎসংকুল এভারেস্ট অভিযানের কাহিনি আমার মনে জাগরুক থাকবে।