...দিনবদলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিয়া নগর কক্সবাজার পর্যটন রাজধানী হলেও, অনেক আধুনিক সুবিধাবঞ্চিত দেশের দক্ষিণাঞ্চলের শহর এটি। এখানে অন্যান্য সমস্যার পাশাপাশি একটি বড় সমস্যা হলো যথার্থ স্বাস্থ্যসেবার অভাব। এই বঞ্চিত জনপদের ২৩ লাখ মানুষের জন্য যেমন সংকট রয়েছে চিকিত্সকের, তেমনি অভাব রয়েছে হাসপাতালের। কিন্তু সব সমস্যার ওপরে একটি সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে, তা হলো রক্তসঞ্চালন। তবে, রক্তসঞ্চালনের সমস্যা প্রক্রিয়াগত নয়, সমস্যা হলো তাজা রক্তের অভাব। এক ব্যাগ রক্তের অভাবে কত রোগী জীবন হারাচ্ছে, তার হিসাব এই জনপদে নেই। অন্যান্য বড় শহরের মতো এখানে যেমন নেই কোনো ব্লাড ব্যাংক, তেমনি নেই কোনো ব্লাড ডোনার ক্লাব। ফলে প্রায়ই রক্তের সংকটে পড়তে হয়। জরুরি অবস্থায় রক্তের অভাবে চিকিত্সা করতে হিমশিম খেতে হয়। সড়ক দুর্ঘটনা কিংবা প্রসূতি মায়ের বাচ্চা প্রসবের সময় রক্ত সংগ্রহে রাখা অপরিহার্য, কিন্তু শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া মানুষ রক্ত কীভাবে জোগাড় করবে, তা জানে না। তাই প্রায়ই রক্ত প্রতিস্থাপন করতে না পারায় অনেকের জীবন রক্ষা করা সম্ভব হয় না। অথচ এক ব্যাগ রক্তই তাদের বাঁচিয়ে দিতে পারত। তাই আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এই বঞ্চিত জনপদে একটি ‘স্বেচ্ছা রক্তদাতা’ সংগঠন গড়ে তুলব। আর আমার এই স্বপ্নকে গতি দান করেছে প্রথম আলোর দিনবদলের আহ্বান। আমার স্বপ্ন শপথে পরিণত করেছে ‘শপথ অভিযান’। যখনই কোনো ব্যানারে দেখি, ‘বদলে যাও, বদলে দাও’, তখন কি রকম অনুভূতি যেন আমাকে নাড়া দিয়ে যায়। আমি দিশেহারা হয়ে পড়ি, কীভাবে আমার স্বপ্নপূরণ করব। প্রথম আলোই আমাদের সে পথ দেখিয়ে দিল। শপথ নিলাম এই দক্ষিণ জনপদের সাধারণ মানুষের রক্তের অভাব পূরণ করব, গড়ে তুলব ডোনার ক্লাব। শুরু হলো স্বপ্নপূরণের সংগ্রাম। এর প্রথম ধাপ হিসেবে সংগঠনটির নাম রেখেছি ‘জীবন’; যার স্লোগান হলো ‘এক ব্যাগ রক্ত, একটি জীবন’। এই সংগঠনের জন্য সদস্য সংগ্রহে আমার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছি। ‘মানুষ মানুষের জন্য’—এই অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করছি মানবমনে। আমার দৃঢ় বিশ্বাস, আমি সফল হব। রক্তের অভাবে কোনো মাকে হারাতে হবে না তাঁর প্রিয় সন্তানকে। কোনো অবুঝ শিশুকে হারাতে হবে না তার একমাত্র অবলম্বনকে, কোনো পিতা-মাতাকে রক্তের অভাবে মারা যাওয়া শিশুর লাশ আর বহন করতে হবে না। আমার শপথ, আমার স্বপ্ন পূরণ করবই। আর এর জন্য চাই প্রথম আলোর সম্ভব সব সহযোগিতা। চাই আমার আবেদন সবার কাছে পৌঁছে দিক প্রথম আলো। দিনবদলের এই দিনে মানুষের মনের বদল হোক, মানুষের মনে মানবপ্রেমের সুপ্ত শিখা জ্বলে উঠুক এই প্রত্যাশায়—এম মকছুদ উল কবির আজাদকক্সবাজার