..এবং তালেবান ফ্রন্টের সর্বশেষ
আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তালেবান জঙ্গিদের গুলি-বোমা হামলা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গত ডিসেম্বরে একের পর এক বোমা হামলায় বাজাউর, মোহমান্দ, খাইবার, ওরাকজি, ওয়াজিরিস্তান—এসব এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। জঙ্গিদের হামলা থেকে রেহাই পায়নি ত্রাণপ্রার্থী দুর্গতরাও। বাজাউরে বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ত্রাণ বিতরণকেন্দ্র ও বিদ্যালয়, মোহমান্দ এলাকার একটি সরকারি ভবন ও আধাসামরিক বাহিনীর পাঁচটি চেকপোস্টসহ কয়েকটি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে জঙ্গিরা। এসব হামলায় ৩০০-র বেশি লোক নিহত হওয়ায় আতঙ্কিত হয়ে উঠেছে জনপদগুলো। অনেক মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। পাকিস্তানের সামরিক কমান্ডাররা গত দুই বছরের জঙ্গিবিরোধী অভিযানে যে অগ্রগতি করেছেন, তা ভেস্তে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করে ডিসেম্বরের সন্ত্রাসবাদী তৎপরতার জোয়ার। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পাকিস্তানি সামরিক বাহিনীর অক্লান্ত অভিযান ও যুক্তরাষ্ট্রের বিরামহীন ড্রোন (চালকহীন ক্ষুদ্র বিমান) হামলা সত্ত্বেও তালেবান জঙ্গিদের শেকড় উৎপাটন করা যাচ্ছে না। কারণ, জঙ্গিরা সীমান্তের ওপারে বিশেষ করে আফগানিস্তানের কুনার প্রদেশে নিরাপদ ঘাঁটি তৈরি করে সেখান থেকে পরিচালনা করছে অভিযান। শীর্ষ জঙ্গি নেতারা ওই সব এলাকায় আত্মগোপন করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্ন থাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষে আফগান সীমান্ত অতিক্রম করে কুনারে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা অসম্ভব। পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযোগ, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এবং কুনার প্রদেশের গভর্নর জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছেন। তবে, আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের তালেবানবিরোধী অভিযানের অন্যতম সমস্যা হলো, জঙ্গিরা সম্মুখযুদ্ধে অবতীর্ণ না হয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তাঁঁরা নিজেদের পছন্দসই জায়গায় আকস্মিক ও প্রায়ই আত্মঘাতী বোমা হামলা করছে। সম্প্রতি পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি কমে যাওয়াও জঙ্গিদের তৎপরতাও বাড়ার কারণ। এসব কারণে পাকিস্তান সরকার জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখলেও সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তাবোধ কাজ করছে। বছর ধরে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেও এখনো সীমান্তের ওই সব অঞ্চলে নিরাপত্তা এক শ ভাগ নিশ্চিত করা যায়নি। ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করায় বেসামরিক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির কারণে অনেক সময় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। সবক্ষেত্রে অভিযান-পরবর্তী পুনর্বাসন ঠিকমতো হচ্ছে না। এসব কারণে জনমত ক্রমেই বিরূপ হয়ে ওঠায় সীমান্তবর্তী অঞ্চলগুলোর ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণ স্থায়ীভাবে হারিয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নও উঠেছে।কাজী এম আনিছুল ইসলাম