আবার বিশ্বকাপ, আবারও আমি স্বেচ্ছাসেবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা দেশের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচয় হয়েছে এই আয়োজনে
ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকে আমি ব্রাজিলের ভক্ত। সেলেসাওদের ম্যাচ থাকলে টেলিভিশনের সামনে থেকে উঠতেই ইচ্ছা করে না। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, ‘তোমার প্রিয় ফুটবলার কে?’ আমি ক্রিস্টিয়ানো রোনালদোর নাম বলব।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশ থেকে গিয়েছিলাম স্বেচ্ছাসেবক হিসেবে। সেবার দায়িত্ব ছিল মারাকানা স্টেডিয়ামে। কিন্তু জার্মানির কাছে সেমিফাইনালে হেরে ব্রাজিলের আর মারাকানায় খেলার সুযোগ হয়নি। রোনালদোর পর্তুগালের কোনো ম্যাচও মারাকানায় হয়নি। তাই না পেরেছি ব্রাজিল দলকে কাছ থেকে দেখতে, না পেরেছি রোনালদোকে দেখতে। দীর্ঘ আট বছর পর আমার অপেক্ষার পালা শেষ হয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল ব্রাজিলের খেলা কাছ থেকে দেখার সুযোগ এবার হয়েছে। শুধু তাই নয়, প্রিয় রোনালদোকেও দেখেছি নিশ্বাস দূরত্বে দাঁড়িয়ে। রোনালদোকে চোখের সামনে দেখেও যেন বিস্ময়ের ঘোর আমার কাটছিল না।

আরও পড়ুন

নিজের পরিচয়টা এবার একটু দেওয়া যাক। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে স্বেচ্ছাসেবকের কাজ করার সুযোগ পেয়েছি।

ব্রাজিল বিশ্বকাপে সেবার মারাকানা স্টেডিয়ামে সাতটি ম্যাচে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির মারিও গোটশের সেই গোলটি একেবারে কাছ থেকে দেখেছি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমার পছন্দের তালিকায় সবার আগে ছিল মস্কোর লুঝনিকি স্টেডিয়াম। কিন্তু ফিফা আমাকে ওই স্টেডিয়ামে কাজের সুযোগ না দেওয়ায় রাশিয়ায় যাইনি।

এবার আসি কাতার বিশ্বকাপে। কাতারে স্থানীয় ১৬ হাজার এবং অন্যান্য দেশের প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। অনলাইনে বাছাইপ্রক্রিয়া শুরু হয়েছিল ৮ মাস আগে। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে আমাদের বাছাই করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার খবরটা যখন ফিফার ই–মেইলের মাধ্যমে পেলাম, আনন্দে চোখে পানি চলে এসেছিল। অফিসের সহকর্মীরা অভিনন্দন জানিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল।

কাতার বিশ্বকাপে কাজ করছি লুসাইল স্টেডিয়ামে। এই ভেন্যুতেই হবে ফাইনাল। আমার দায়িত্ব ম্যাচ দেখতে আসা দর্শকদের বিভিন্ন তথ্য সরবরাহ করা, কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সেটা সমাধানের চেষ্টা করার পাশাপাশি টিকিট অনুযায়ী তাঁদের বসার আসন খুঁজে বের করতে সাহায্য করা। মূলত কাজটা স্টেডিয়ামের ভেতরে, ম্যাচ চলাকালে। ম্যাচ শুরু হয়ে গেলে কাজের চাপও অনেক কমে যায়। তখন ম্যাচগুলো দেখার সুযোগ হয়। কিন্তু মাঝেমধ্যে জরুরি প্রয়োজনে স্টেডিয়ামের বাইরেও আমাদের দায়িত্ব পড়ে।

লুসাইল স্টেডিয়ামে মোট ১০টি ম্যাচ হবে। এর মধ্যে গ্রুপ পর্বে ছয়টি। একটি করে ম্যাচ হবে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে। ফাইনালও হবে লুসাইল স্টেডিয়ামেই। এই ভেন্যুতে কাজের পাশাপাশি আল বায়ত স্টেডিয়ামেও কাজের প্রস্তাব পেয়েছি।

এরই মধ্যে লুসাইল স্টেডিয়ামে অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। একে একে দেখে ফেলেছি আর্জেন্টিনা–মেক্সিকো, ব্রাজিল–সার্বিয়া ও পর্তুগাল–উরুগুয়ের ম্যাচগুলো। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেখে ফেললাম মেসি, নেইমার এবং প্রিয় রোনালদোকে। যখন মেসি, নেইমার, রোনালদোর পায়ে বল আসে, মনে হয় যেন সমুদ্রের গর্জন। স্টেডিয়ামে বসে যাঁরা ম্যাচ উপভোগ করেছেন, এই অসাধারণ অভিজ্ঞতার অনুভূতি শুধু তাঁরাই বুঝবেন।

যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, তাই সব সময় চেষ্টা করি দায়িত্বটা ভালোভাবে পালন করতে। কোনোভাবেই যেন দেশের দুর্নাম না হয়, খেয়াল রাখি। কাজ করার পাশাপাশি চেষ্টা করি বাংলাদেশকে বাকি বিশ্বের কাছে তুলে ধরতে, পরিচয় করিয়ে দিতে। মাঝেমধ্যে খেলার আগে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে গ্যালারিতে দাঁড়িয়েও থাকি।

আয়োজনে কমতি রাখেনি কাতার। দেশের বাইরের স্বেচ্ছাসেবকদের আবাসনের ব্যবস্থা করেছে। আমাদের আবাসনের জায়গার নাম ‘বারাহাত আল জানুব’।

মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, নাকি অন্য কেউ—কার হাতে বিশ্বকাপ ওঠে, আপাতত সেটাই দেখার অপেক্ষায় আছি।