২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করে মৃত্যুর ঘটনাটি কেন হলো?
খবরটা গতকাল প্রথম আলো অনলাইনেই পড়েছি, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে সামারস নামের এক নারী। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তাঁর। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন। এরপরই দেখা দেয় বিপত্তি। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরিণতি মৃত্যু।
এমনটা কেন হলো? পানির অপর নাম তো জানি জীবন। কিন্তু বেশি পানি পান করার কারণে কি কারও মৃত্যু হতে পারে?
হ্যাঁ, পারে। দেখা যাক অল্প সময়ে অতিরিক্ত পানি পান করা কেন বিপজ্জনক।
আমাদের রক্ত বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে পানি ও খনিজ লবণ (সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেশিয়াম)-এর এক সূক্ষ্ম ভারসাম্য বজায় থাকে। রক্তের সঠিক ঘনত্ব বজায় রাখা, দেহের কোষ বিশেষ করে নিউরনগুলোর স্বাভাবিক কাজ করার পরিবেশ বজায় রাখার জন্য এই ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ এই ঘনত্ব বা অসমোলালিটিতে বড় ধরনের পরিবর্তন হলে গোটা দেহের তরলের ভারসাম্য বিনষ্ট হয়। জেনে রাখবেন, এই ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে কিডনি, আর আমাদের রক্তনালির দেয়াল ও প্রতিটি কোষের পর্দা।
এখন যদি কেউ অল্প সময়ের মধ্যে অনেক পানি পান করে ফেলেন, তবে এই ফ্লুইডে তরলের পরিমাণ যায় বেড়ে, উল্টো দিকে খনিজ লবণের আনুপাতিক হার যায় কমে। বিশেষ করে সোডিয়াম কমে যাওয়ার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে বলে হাইপোনেট্রিমিয়া। এর তুলনা করা যায় একটি সাধারণ খাবার স্যালাইনে অতিরিক্ত পরিমাণে পানি যোগ করার সঙ্গে। এতে ওই স্যালাইনে লবণের অনুপাতে পানির পরিমাণ বেশি হয়ে যাবে, আর তা তখন কার্যকারিতাই হারাবে। ঠিক একই ঘটনা ঘটে রক্ত বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে মাত্রাতিরিক্ত পানি যোগ করার ফলে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে জল বিষক্রিয়া বা ওয়াটার ইনটক্সিকেশন।
এখন প্রশ্ন হলো কতটুকু পানি কত কম সময়ে পান করলে এমনটা ঘটতে পারে? এটি নির্ভর করে ওই ব্যক্তির কিডনি কতটা কার্যকর, আগে থেকে পানিশূন্যতা বা লবণশূন্যতা ছিল কি না, হৃদ্রোগ আছে কি না, এমন অনেক কিছুর ওপর। গবেষণা বলে দুটি সুস্থ সবল কিডনি ঘণ্টায় ৮ থেকে ১০ লিটার পানি নিষ্কাশন করে বের করে দিতে সক্ষম। তবে আগেই বলেছি, এটা ব্যক্তিভেদে একেক রকম হতে পারে। সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ৩-৪ লিটার পানি পান করলে রক্ত বেশি তরল বা ডাইলুট হতে শুরু করে, সোডিয়াম কমতে থাকে। যদিও একেককজনের ক্ষেত্রে একেক মাত্রায় গিয়ে উপসর্গ দেখা দেয়। ওয়াটার ইনটক্সিকেশনের সাধারণ উপসর্গগুলো হলো পেশি দুর্বল লাগা বা কামড়ানো, মাথাব্যথা, ভুল দেখা, ভুল বকা, অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি। যখন রক্তে তরলের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন মস্তিষ্কের নিউরনে পানি প্রবেশ করতে থাকে, নিউরনগুলো ফুলে যায় কিশমিশের মতো, ফলে খিঁচুনি, অচেতন হওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
জল বিষক্রিয়া বা ওয়াটার ইনটক্সিকেশন কি খুব কমন বিষয়? উত্তর হলো না। তবে মিলিটারি ট্রেনিং ও অ্যাথলেট অনুশীলনের সময় এমনটা প্রায়ই ঘটে। প্রচণ্ড রোদে পরিশ্রম বা দৌড়াদৌড়ি করার পর এরা আকস্মিক অল্প সময়ে অতিরিক্ত পানি পান করে ফেলে বিপদ ঘটায়। বোস্টন ম্যারাথনের পর রক্ত পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ৪৮৮ ম্যারাথনবিদের মধ্যে ১৩ শতাংশের হাইপোনেট্রিমিয়া হয়েছিল, শূন্য দশমিক ৬ শতাংশের ক্ষেত্রে সেটা বেশ গুরুতর ছিল। তাই খেলাধুলা বা পরিশ্রমের পর পানি পান করতে হবে ধীরে ধীরে, সময় নিয়ে। তাড়াহুড়ো করে নয়। একধরনের মানসিক রোগ আছে—সাইকোজেনিক পলিডিপসিয়া। এই রোগীদের খালি পিপাসা লাগে, আর গ্যালন গ্যালন পানি পান করেন। তাঁরা ওয়াটার ইনটক্সিকেশনে আক্রান্ত হতে পারেন। অনেক সময় পানিশূন্যতা বা ডিহাইড্রেশন পূরণে বেশি তাড়াহুড়া করলেও এমন ঘটতে পারে। যেমন হাসপাতালে যদি অল্প সময়ে বেশি স্যালাইন দিয়ে দেওয়া হয়।
তাহলে খুব পিপাসা পেলেও কতখানি পানি পান করা নিরাপদ? সুনির্দিষ্ট কোনো মাত্রা নেই। কিন্তু বিজ্ঞানীরা বলেন, ঘণ্টায় শূন্য দশমিক ৮ লিটার থেকে ১ লিটারের বেশি পানি পান করা উচিত নয়। এতে রক্ত বা তরলের ভারসাম্যে বিপর্যয় হতে পারে।