বিশ্বের সবচেয়ে বড় টি-শার্টটি বানাতে কী ব্যবহার করা হয়েছে, জানেন

টি-শার্টটির ভাঁজ খুলতেই ১২০ স্বেচ্ছাসেবীর পুরো দিন লেগে গিয়েছিলছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানীয়দের পুনর্ব্যবহারে উৎসাহিত করতে বানানো হয়েছে একটি টি-শার্ট। লম্বায় এটি ৩৫৮ ফুট (১০৮.৯৬ মিটার) আর প্রস্থে ২৪১ ফুটেরও (৭৩.৪৮ মিটার) বেশি। নানা উপকরণের সঙ্গে প্লাস্টিকের পাঁচ লাখ বোতল পুনর্ব্যবহার করে এটি বানানো হয়েছে। টি-শার্টটির ভাঁজ খুলতেই ১২০ স্বেচ্ছাসেবীর পুরো দিন লেগে গিয়েছিল। গত ২৭ মার্চ রোমানিয়ার রাজধানী বুখারেস্টের আর্কুল দে ট্রায়াম্ফ ন্যাশনাল রাগবি স্টেডিয়ামের মাঠজুড়ে সেটা বিছিয়ে দেওয়া হয়েছিল।

রোমানীয়দের পুনর্ব্যবহারে উৎসাহিত করতে বানানো হয়েছে টি-শার্টটি
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রোমানিয়ার অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়াশিয়া ১১ইভেন, খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কাউফল্যান্ড রোমানিয়া ও ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফেডেরেশিয়া রোমানা মিলে টি-শার্টটি বানিয়েছে। কাউফল্যান্ড রোমানিয়ার বিভিন্ন শাখা থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে টি-শার্টের জন্য পাঁচ লাখ ব্যবহৃত বোতল সংগ্রহ করে। রোমানিয়ার জাতীয় পতাকা ও জাতীয় রাগবি দলের জার্সির নকশা মাথায় রেখে টি-শার্টটির নকশা করা হয়েছে।

সম্প্রতি টি–শার্টটিকে ‘বিশ্বের সবচেয়ে বড় টি-শার্ট’–এর স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

সূত্র: ইউপিআই