লাশের প্যাকেট খুলেই চিৎকার করে উঠল আরমান

কিশোরগঞ্জের ভৈরবে ২৩ অক্টোবর আন্তনগর ট্রেন এগারসিন্দুরের ওপর এসে আছড়ে পড়ে একটা মালবাহী ট্রেন, বগি উল্টে মারা যায় ১৮ যাত্রী। আহত হয় শতাধিক। এই এগারসিন্দুরেরই যাত্রী ছিলেন দুই ভাই। বগিতে পাশাপাশি অবস্থান করা দুই ভাইয়ের মধ্যে আফজাল হোসেন মারা যান। সুমন মোল্লার কাছে মর্মান্তিক সে ঘটনার বয়ান দিলেন আরেক ভাই সাদ্দাম হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর হয় বাইরে থাকি। দুই বছর ধরে আছি সৌদি আরব। ছুটিতে দেশে এসেছিলাম। গত সোমবার ফিরে যাওয়ার কথা ছিল। আমার চলে যাওয়ার কথা শুনেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল আফজাল। ঢাকা কলেজে অর্থনীতিতে মাস্টার্স করছে ও। মানুষের প্রয়োজনে নিজের শরীরের রক্ত দেওয়া তার নেশা। এলাকায় মানুষ তাকে ‘রক্ত সৈনিক আফজাল’ নামেই চেনে বেশি।

দুই ভাই নিরাপদে যেন বিমানবন্দরে ফিরতে পারি, তাই মাইক্রোবাস না নিয়ে ট্রেনে যাওয়া ঠিক করি। পৌনে ১০টায় ফ্লাইট। তাই দ্রুত ভৈরবের রাধানগরের বাসা থেকে স্টেশনে যাই। সময়মতো চলে আসে এগারসিন্দুর, সময়মতোই ছাড়ে।

সাদ্দাম হোসেন
ছবি: প্রথম আলো

শেষ বগির টয়লেটের পাশে আমাদের সিট, নম্বর ৫৩-৫৪। আমি ৫৩ নম্বর সিটে বসে পড়ি। আফজাল তখনো বসতে পারে নাই। আমার গা ঘেঁষে দাঁড়াইছে। ভেতরে মানুষ আর মানুষ। এই এক বগির ভেতরই মনে হয় সিট ছাড়া লোক আছে ১০০। দরজার কাছেও অনেকে দাঁড়ানো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ট্রেন। হঠাৎ ধুম করে একটা শব্দে বগিটা উল্টে যায়। সবাই এক পাশে এসে পড়ে। একজনের ওপর আরেকজন। কোনোভাবেই উঠতে পারছি না। চিৎকার চেঁচামেচিতে কান তালা যায়। শ্বাস নিতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসতেছিল। মনে হইতেছিল এখনই মারা যামু। ওই সময় ভেতর থেকে কে আমাকে বের করে আনল, বলতে পারুম না।

আরও পড়ুন

বগি থেকে বের করে আনার পর মাটিতে বসে ছিলাম কিছুক্ষণ। বুঝতে পারছিলাম আমার তেমন কিছু হয় নাই। তারপরও দেখছিলাম, শরীরের কোথাও থেকে রক্ত বের হইছে কি না। না বের হয় নাই। শুধু পা ঝিমঝিম করছিল। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। পানি খাইতে মন চাইল। ‘পানি’, ‘পানি’ করলাম। একজন মাথায় পানি ঢালল, পানি খাওয়াইল। আশপাশে তাকাইয়া দেখি কারও হাত নাই, কারও পা। মাটিতে আঙুল পইড়া আছে। রক্ত ঝরতাছে। তখনই আফজালের কথা মনে হইল—আফজাল কই, আফজাল?

আফজাল হোসেন
ছবি: সংগৃহীত

একসময় মনে হইল আফজালরে ফোন দিই। সে–ও হয়তো আমারে খুঁজতেছে। পকেটে হাত দিয়ে দেখি ফোনটা আছে। কল দিতে চেষ্টা করছি, এমন সময় ছোঁ মেরে একজন হাত থেকে ফোনটা নিয়ে গেল। ক্ষোভে, দুঃখে কান্না চলে এল। মানুষের এমন বিপদের সময়ও মানুষ এমন কাজ করে। আফজালকে আর ফোন দিতে পারলাম না। বাড়িতেও বিপদের কথা জানাতে পারলাম না। একটু পর একজন তাঁর ফোনটা দিলেন। তাঁর ফোন দিয়ে বাড়িতে বিপদের কথা জানালাম।

আরও পড়ুন

বাড়িতে কথা বলার পর মনে জোর পাইলাম। কষ্ট করে উঠে দাঁড়ালাম। চারপাশে তখন মানুষ আর মানুষ। বেশির ভাগই ভিডিও করছে। ভিড় ঠেলে আমাদের উল্টে যাওয়া বগির কাছে যাই। ভেতরে উঁকি দিয়ে দেখি তখনো মানুষ চাপা পড়ে আছে। কারও হাত ওপরে, শরীর নিচে। কারও শরীরের অর্ধেক ট্রেনের নিচে। আফজালও কি আটকা পড়ে আছে?

দুর্ঘটনাস্থলে স্থানীয় মানুষজনের ভিড়। গত মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে
ছবি: প্রথম আলো

ভেতর থেকে মানুষ বের করা হচ্ছে। আধমরা মানুষ। হাসপাতালে পাঠানো হচ্ছে। এরই মধ্যে আমার পরিবারের লোকজন চলে আসে। সবাই মিলে আফজালের খুঁজে হাসপাতালে যাই। হাসপাতালেও মানুষ আর মানুষ। ঢুকতে পারছিলাম না। অনেক কষ্টে ভেতরে গেলাম। আহত ব্যক্তিদের ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দিকে তাকাতে পারছিলাম না। তারপরও কষ্ট করে দেখলাম, কিন্তু সেখানেও আফজাল নাই।

আফজালকে খুঁজছিলাম। জীবিত, না মৃত—ভাবনায় এসব কাজ করছিল না। দেখলাম একটা রুমে সাদা প্যাকেটে করে লাশ এনে রাখা হচ্ছে। ছোট ভাই আরমান কাছে যেতে চাইল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না। পরে জোর করে সে ভেতরে যায়। প্যাকেট খুলে খুলে দেখতে থাকে। হঠাৎ একটা প্যাকেট খুলেই আরমান চিৎকার করে ওঠে। ততক্ষণে যা বোঝার বুঝে গেছি, আফজাল আর নাই।

শরীরে আর জোর পাচ্ছিলাম না। একটা কথা খুব করে মনে পড়ল, দুর্ঘটনার ভয়ে মাইক্রোবাস ভাড়া করলাম না। নিরাপদে যাওয়ার জন্য কষ্ট করে ট্রেনে যেতে চাইলাম। আজরাইল যে ট্রেনের ভেতর বসে ছিল, কে জানত।