১০০ দিনে স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি বানিয়েছে আইইউটি

ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬-তে প্রথম বাংলাদেশি দল হিসেবে মেকানিক্যাল ইন্সপেকশন ও টিল্ট টেস্টে উত্তীর্ণ হয়েছে আইইউটির একদল তরুণ।

চীনের চেংদুর তিয়ানফু ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা আইইউটি দলছবি: ফর্মুলা আইইউটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা বলছে, ঢাকায় সময়ে সময়ে ঘণ্টায় পাঁচ কিলোমিটারে নেমে আসে গাড়ির গতি, হাঁটার গতিও এর চেয়ে বেশি। সেই শহরের পাশে বসে ফর্মুলা ওয়ান গাড়ি তৈরির স্বপ্ন দেখাটাও যেন বিলাসিতা। কিন্তু যাঁদের বুকে স্বপ্ন আঁকা, তাঁদের কি পাঠ্যবইয়ের পাতা আর গবেষণার সংখ্যায় থেমে থাকার উপায় আছে?

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কয়েকজন তরুণ তৈরি করেছেন স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি। আর সেই গাড়ি বিশ্বমঞ্চে শুধু লাল-সবুজের পতাকা ওড়ায়নি, এনে দিয়েছে অনন্য সম্মান।

চীনের চেংদুর তিয়ানফু ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬-তে প্রথম বাংলাদেশি দল হিসেবে উত্তীর্ণ হয়েছে মেকানিক্যাল ইন্সপেকশন ও টিল্ট টেস্ট। স্টুডেন্ট ফর্মুলা ওয়ানের ট্র্যাকে নামার জন্য যে ১০টি ট্যাকটিক্যাল সত্যিকার প্রয়োজন, তার মধ্যে ৮টি স্টিকার অর্জন করেছে তারা। এই প্রথম বাংলাদেশ থেকে ৮টি স্টিকার পেয়েছে কোন দল!

ফর্মুলা স্টুডেন্ট কী

ফর্মুলা স্টুডেন্ট একটি আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই এক-আসনবিশিষ্ট ফর্মুলা-ধাঁচের রেসিং কার ডিজাইন, নির্মাণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পেশাদার মোটরস্পোর্টসের মতো এখানে শুধু ট্র্যাকের পারফরম্যান্স দেখা হয় না; ইঞ্জিনিয়ারিং ডিজাইন, কস্ট ও ম্যানুফ্যাকচারিং, বিজনেস প্ল্যান, সেফটি এবং গাড়ির সার্বিক কার্যক্ষমতাও মূল্যায়ন করা হয়।

ফর্মুলা আইইউটি ইসরার ১
ছবি: ফর্মুলা আইইউটি

স্বপ্নের শুরু

২০১২ সাল থেকে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে অংশগ্রহণ করছে বাংলাদেশ। আর ২০২২ সাল থেকে এই যাত্রায় সঙ্গী হয়েছে আইইউটি। শুরুতে অনলাইনে ফর্মুলা স্টুডেন্টের কনসেপচুয়াল রাউন্ডে ডিজাইন জমা দিতেন তাঁরা।

সেটাই ছিল অভিজ্ঞতা কাজে লাগিয়ে যন্ত্র ও উৎপাদন, তড়িৎ ও বৈদ্যুতিন, পুরকৌশল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন ফর্মুলা আইইউটি দল। প্রতিবছর নতুন নতুন শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন ফর্মুলা আইইউটিতে আর বাড়ছে স্বপ্ন দেখার পরিসর। 

২০২২ সালে ফাইনালিস্ট পর্যায়ে পৌঁছায় দল। ২০২৩ সালে ফর্মুলা ভারতের স্ট্যাটিক রাউন্ডে অর্জন করে তৃতীয় স্থান আর ২০২৪-এর ফর্মুলা ইম্পেরিয়ালে সপ্তম। তিন বছরের অভিজ্ঞতা নিয়ে অবশেষে গাড়ি তৈরির সাহস করে ফর্মুলা আইইউটি। নিজেদের সঙ্গে নিজেরাই বাজি ধরে প্রতিযোগিতায় নেমে পড়ে।

যেভাবেই হোক, মূল প্রতিযোগিতায় গাড়ি পাঠাতে হবে। আর সেই জেদটাই সত্যি হয়। গত বছর চীনে নিজেদের তৈরি গাড়ি নিয়ে অংশ নেয় আইইউটি। সঙ্গে নিয়ে আসে তিনটি টেকনিক্যাল স্টিকার। একবার যখন মূল প্রতিযোগিতায় পা রাখতে পেরেছে, বুকে জমে থাকা স্বপ্নটাও বড় হতে শুরু করে।

১০০ দিনের কম সময়ে ‘ইসরার ১’

টিম লিডার ফারহান ইবতেসাম জানান, ‘গত বছরের ফর্মুলা গাড়ি বানানোর অভিজ্ঞতা এবার কাজে লেগেছে। কী করব, কোথা থেকে করব, কীভাবে করব—সব সম্পর্কেই একটা ধারণা ছিল। যে কারণে কাজটা সহজ হয়েছে।’

জানুয়ারি থেকেই ‘ফর্মুলা আইইউটি ইসরার ১’ তৈরির কাজ শুরু হয়েছিল। প্রথম তিন মাস পুরো কাজটাই চলেছে মাথায়। একের পর এক ডিজাইন তৈরি হয়েছে, সেটা ভেঙে আবার নতুন কাজ হয়েছে। কোন জিনিসটা বানালে খরচ কম পড়বে, কোন জিনিস তৈরি করা সহজ হবে—সবকিছু বিবেচনায় রেখে তৈরি করা হয়েছিল গাড়ির ডিজাইন।

আইইউটি ফর্মুলার ট্যাকটিক্যাল লিডার আজমীর হাসান
ছবি: ফর্মুলা আইইউটি
আমাদের বিশ্ববিদ্যালয় কী, দেশেই ফর্মুলা গাড়ি চালানোর মতো ভালো কোনো ট্র্যাক নেই। আইইউটির ভেতরেও ইটের তৈরি রাস্তা। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় সকালে চালানোর সুযোগ পেতাম কম। রাতে ইটের রাস্তায় আমাদের ফর্মুলা ওয়ানের গাড়ি চালাতে হতো। সেখানে বসেই রেসিং ট্র্যাকের হিসাব করে তৈরি করতে হতো গাড়ি।
আজমীর হাসান, ট্যাকটিক্যাল লিড

এরপর এগিয়ে আসে বি-টেক। গাড়ির যন্ত্রপাতি বাদে বাকি অংশগুলো তৈরিতে সাহায্য করে তারা। চীন থেকে নিয়ে আসা হয় গাড়ির ইঞ্জিন আর চাকা। প্রতিযোগিতার তখন বাকি আর মাত্র ১০০ দিন। আইইউটির গাজীপুর ক্যাম্পাসে শুরু হয় দিনরাত খাটুনি।

তাই বলে পড়াশোনা তো আর থেমে থাকে না। এমনও দিন গেছে, মিড, ফাইনাল পরীক্ষা শেষে সরাসরি এসে কাজে বসে পড়েছেন। অক্লান্ত পরিশ্রমের ফলও মিলেছে। চীনে পাঠানোর দুই দিন আগে প্রস্তুত হয় ইসরার ১। মাত্র এক দিনের টেস্ট ড্রাইভ শেষে গাড়ি কার্গো হিসেবে পাঠিয়ে দেওয়া হয় চীনে। আর বাকিরা যাত্রা শুরু করেন বিমানে।

মূল প্রতিযোগিতায় চমক, সঙ্গে হতাশাও

ফর্মুলা স্টুডেন্ট কিন্তু শুধু গতির লড়াই নয়; বরং এখানে যাচাই করা হয় প্রতিটি গাড়ির ইঞ্জিনিয়ারিং ডিজাইন, খরচ, বিজনেস প্ল্যান, সেফটি থেকে শুরু করে গাড়ির কার্যক্ষমতা। তাই তো শুধু দ্রুততম একটা গাড়ি তৈরি করলেই হয় না, আগে এসব পরীক্ষায় পাস করে তবেই মেলে ট্র্যাকে নামার সুযোগ।

দলের এবারের টেকনিক্যাল লিড আজমীর হাসান জানান, ওদের কাছে একটা ২৫০ পৃষ্ঠার রুলবুক থাকে। সেখানে লেখা প্রতিটি জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়। বিন্দুমাত্র ভুল হলেই বাতিল।

আইইউটি ফর্মুলার ড্রাইভার তাহমিদ হাসান
ছবি: ফর্মুলা আইইউটি
গাড়ি ড্রাইভ করলে কী হবে, পুরো কাজেই আমাদের সবাইকে থাকতে হয়েছিল। টিল্ট টেস্টে আমাদের দ্বিতীয় ড্রাইভার থাকলেও পুরোটা সময় দড়ি ধরে দাঁড়িয়ে ছিলাম। গাড়ির ভেতর না থাকলেও সারাক্ষণ বুকটা ধুকপুক করছিল। গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে কী হবে, ওই জায়গায় বসলে মানিয়ে নেওয়া বেশ কঠিন।
তাহমিদ হাসান, ড্রাইভার

মেকানিক্যাল ইন্সপেকশনে ড্রাইভার ইগ্রেস, ইকুইপমেন্ট রিকয়ারমেন্ট, চেসিস, সাসপেনশন-স্টিয়ারিং ও ব্রেকিং, ফুয়েল ও ইলেকট্রিক্যাল, ইঞ্জিন এবং ককপিট ও সেফটি—এই সাত চড়াই উতরাতে হয়। অবশেষে আসে টিল্ট টেস্ট। গাড়িকে প্রথমে ৪৫ ও পরে ৬০ ডিগ্রিতে হেলিয়ে দেখা হয়, কোনো লিক হচ্ছে কী না, চাকা মাটি থেকে সরে যাচ্ছে কি না। এই ৮টি রাউন্ডেই জিতে এসেছে ফর্মুলা আইইউটি। নামের পাশে যুক্ত হয়েছে আটটি ট্যাকটিক্যাল স্টিকার।

সাশ্রয়ী গাড়ি

বাকি দলগুলো যখন গাড়ির পেছনে কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে আইইউটির শিক্ষার্থীদের পুরো গাড়ি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৯ থেকে ১০ লাখ টাকা। আর গাড়িটিকে দেশ থেকে চীনে পাঠাতে আর ফেরত আনতে লেগেছে ৬ লাখ টাকা। সব মিলিয়ে খরচ মাত্র ১৬ লাখ টাকা। আর এই বাজেট নিয়েই চীনে ফর্মুলা ওয়ান গাড়ি নিয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছে আইইউটি।

আইইউটি ফর্মুলার টিম লিডার ফারহান ইবতেসাম
ছবি: ফর্মুলা আইইউটি
এমন এমন দলও আছে, যারা ১৫-১৭ বছর ধরে গাড়ি বানাচ্ছে। তাদের বাজেটও আমাদের ১৫ থেকে ২০ গুণ! অভিজ্ঞতা, টাকা দুই দিক থেকেই আমরা পিছিয়ে আছি অনেক। এমনও দল আছে, যারা কোম্পানি থেকে সরাসরি পার্টস কিনে ব্যবহার করে। সেখানে আমরা পুরোটাই তৈরি করেছি নিজেদের ডিজাইনে, নিজেদের কাজে।
ফারহান ইবতেসাম, টিম লিড

কিন্তু এত আনন্দের পাশাপাশি একটা আক্ষেপও রয়েছে। আর দুটি স্টিকার পেলেই গাড়ি নিয়ে রেসে নামা হতো। কিন্তু বৃষ্টির কারণে সময়টা কাজে লাগাতে পারেননি তাঁরা। ফলে নবম ট্যাকটিক্যাল স্টিকার পাওয়ার আগেই ডিসকোয়ালিফায়েড হয়ে যান। আটে এসেই স্বপ্নটা থেমে যায়।

কিন্তু স্বপ্ন দেখা তো আর থেমে থাকে না। তাই দেশে ফিরেই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। এবার লক্ষ্য ১০ ট্যাকটিক্যাল স্টিকারের ১০টিই অর্জন করা। মূল রেসে বাকি দলগুলোর সঙ্গে ট্র্যাকে নামা।

আরও পড়ুন