নিজের ছবি দেখে যা বললেন জয়া
আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন জয়া। জয়া মানে জয়া আহসান। মেরিল–প্রথম আলো কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতেই তাঁর এই আগমন। তবে ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। জয়া আহসান পত্রিকা অফিসে আসবেন আর সাক্ষাৎকার না দিয়ে বেরিয়ে যেতে পারবেন, তা কি হয়? তাই মূল কাজ শেষ করে নায়িকা এলেন ১৩ তলায়। এসেই পড়লেন সেলফিশিকারিদের পাল্লায়।
এমন সময় জয়ার চোখ পড়ল দেয়ালে টানানো তাঁরই একটি ছবির দিকে। ছবিটি ২০১৮ সালে পয়লা বৈশাখের আগে তোলা। সে বছরের ৫ এপ্রিল ‘বৈশাখে বর্ণিল জয়া’ শিরোনামে ‘নকশা’য় যে লিড স্টোরি ছাপা হয়েছিল, সেটার জন্য বেশ কয়েকটি ছবি তোলা হয়েছিল। সেই সিরিজেরই একটি ছবি দেয়ালে টানানো, সেখানে গিয়েই আটকাল জয়ার চোখ। বললেন, ‘বাহ্, আমাকে কী সুন্দর লাগছে! কেউ একজন আমার ছবির সঙ্গে আমার একটা ছবি তুলে দেবেন?’
পাশ থেকে একজন বললেন, ‘আপনি তখনো সুন্দর, এখনো সুন্দর। এই দুই সুন্দরের যদিও তুলনা হয় না, তবে সম্ভবত এখন আরও বেশি সুন্দর।’ বটল গ্রিন টপ আর সাদার ওপর প্রিন্টের কাজ করা ঢিলেঢালা ফ্লেয়ার প্যান্টে সত্যিই জয়াকে বেশ লাগছিল। এমনিতেই ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। এমন মন্তব্য শুনে একগাল হেসে দিলেন।