হ্যাঁ, আমি মিশেল ওবামা, এখনো ভয় পাই
শুধু সাবেক মার্কিন ফার্স্ট লেডি বলেই নয়, নানা ধরনের দাতব্য কাজের জন্যও বিশ্বজোড়া পরিচিতি আছে মিশেল ওবামার। পাশাপাশি লেখালেখিতেও সক্রিয় তিনি। সম্প্রতি তাঁর লেখা বই দ্য লাইট উই ক্যারি প্রকাশিত হয়েছে। সেই বইয়ের প্রচারেই সম্প্রতি তিনি কথা বলেছেন মার্কিন সাময়িকী পিপল–এর সঙ্গে। সেখানে উঠে এসেছে তাঁর বর্তমান লক্ষ্য আর জীবনের মূলমন্ত্রের কথা। মিশেলের কথামালার নির্বাচিত অংশ থাকল আজ।
কোভিডের সময় যখন পৃথিবী থমকে গেল, তখনই আমি আমার নতুন বইটা লিখতে বসি। ওই সময়টায় আমার কাছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য চিঠি আসত। এসব চিঠিতে বেশির ভাগেরই প্রশ্ন ছিল, আমি কীভাবে সময় কাটাই? আমি কী করি? করোনাকালে মনকে কী করে শান্ত রাখি? ইত্যাদি ইত্যাদি। এসব পড়ে আসলেই আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করি। কেন মানুষ আমার কাছেই উত্তর জানতে চাইছে, সমাধান খুঁজছে—সেটাও ভাবতে থাকি। আর তখনই আমার নতুন বই লেখার কাজে হাত দিই। মূলত সবাই আমার কাছে যে প্রশ্নের জবাব খুঁজছিল, সেটাই আমার বইয়ের বিষয়বস্তু। বইটা আমি লিখেছিলাম নিজের জন্য। কারণ, শুরুতে আমি নিজেই প্রশ্নের জবাবগুলো জানতাম না। আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করি। নিজেই নিজের পথ খুঁজে বের করি, আলো খুঁজে বের করি।
মনের কথা শুনি
ইদানীং আমি নিজের প্রতি যত্নশীল হওয়ার চর্চা করছি। কারণ, সমাজ কখনো আমাদের এই সুযোগটা দেয় না। বিশেষ করে নারীদের। সমাজ সব সময় আমাদের সামনে মানদণ্ড দাঁড় করিয়ে দেয়। সব সময়ই আমাদের মনে করিয়ে দিতে চায়, আমরা নিখুঁত নই। সমাজ চায়, আমাদের বয়স বাড়বে, কিন্তু শরীরে এর ছাপ পড়তে পারবে না। একাধিক সন্তান জন্ম দিতে হবে, কিন্তু চোখের নিচে বলিরেখা আর পাকা চুল মেনে নেওয়া যাবে না। নানাজনের নানা কথা আমাদের আজীবন তাড়া করতে থাকে। এখন আমি যদি আমার অবস্থানে দাঁড়িয়ে বলি, ‘সমাজের এসব কথায় আমার কিচ্ছু যায় আসে না’; তাহলে এটা হবে হাস্যকর। আমার যায় আসে! নানা লোকের নানা কথা আমাকে নানাভাবে প্রভাবিত করে। অন্তত এত দিন তো করতই।
তবে আমি এখন বাইরের লোকের আগে নিজের মনের কথা শুনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, নিজের সঙ্গে কথা বলি, নিজের যত্ন নিই। সবার আগে নিজের ভালো থাকাকে প্রাধান্য দিই। নিজের সৌন্দর্য, নিজের ইতিবাচক চিন্তার চর্চা যদি আমিই না করি, যদি এর গুরুত্ব আমিই না উপলব্ধি করি; তাহলে অন্যের প্রশংসাকেও আমি গ্রহণ করতে পারব না। তাই এখন আমি নিজের পেছনে আগের চেয়ে অনেক বেশি সময় দিই। নিজের যে দিকগুলোকে আমি ভালোবাসি, সে দিকগুলোর আরও বেশি যত্ন নিই। আমি বিশ্বাস করি, নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই সব ভালো কিছুর শুরু হয়। নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো। নিজেকে ভালো না বাসলে তোমরা অন্য কারও ভালোবাসার গুরুত্ব বুঝবে না।
ভয়ের সঙ্গে লড়াই
আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো, আমি নিজেকে অনেক বেশি আবদ্ধ রাখি। পরিবর্তন মেনে নিতে পারি না। একটা গল্প আমি প্রায়ই বলি, আমার জীবনের সবচেয়ে ভীতিকর পরিবর্তনের গল্প। সেটা হলো—বারাক ওবামা যখন সিদ্ধান্ত নেয়, সে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামবে, তখন সব সিদ্ধান্ত আমার ওপর বর্তে দেয়। বলে, ‘দেখো, তুমি যদি না চাও আমি নির্বাচন করি, তাহলে এখনই আমি সরে দাঁড়াব। কিন্তু আমি চাই, তুমি তোমার ভয়কে একপাশে রেখে একদম পরিষ্কার মাথায় ভেবে সিদ্ধান্তটা নাও।’
তাঁর কথামতো আমি গভীরভাবে ভেবে দেখলাম—কেন আমার মন পরিবর্তনের প্রশ্নে এমন একরোখাভাবে ‘না’ বলে দেয়। ভেবে দেখলাম, আমি একা নই, অনেকেই পরিবর্তন আর নতুনকে ভয় পায়। পরিবর্তন আমাদের স্বাচ্ছন্দ্য থেকে বের করে আনে, আর এটাই আমরা মেনে নিতে পারি না। আমরা কেউই অস্বস্তি চাই না।
আমার অভিজ্ঞতা কী বলে জানো? একবার সব ভয় আর অস্বস্তিকে ঠেলে পরিবর্তনকে মেনে নিতে পারলেই সাফল্য আর অধরা থাকে না। হ্যাঁ, আমি মিশেল ওবামা, এখনো ভয় পাই, এখনো পরিবর্তন দেখলেই আড়ষ্ট হয়ে যাই। কিন্তু এই আমিই আবার মনের সঙ্গে যুদ্ধ করে, সংগ্রাম করে পরিবর্তনকেই বেছে নিই। আমার মনের ভয় আর জড়তা যে একবারে চলে গেছে, তা বলব না। তারা এখনো আমার ভেতরে প্রায়ই তোলপাড় তোলে। কিন্তু আমি তাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি আয়ত্তে এনে ফেলেছি। তারা আমার ভেতর প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু তারা আমাকে থামাতে পারে না। অনেক চেষ্টার পর আমি ভয় আর জড়তাকে বাগে আনতে পেরেছি।
আমি একটা ভারসাম্যপূর্ণ জীবন সব সময় চেয়ে এসেছি। যেই জীবনে আমি মানুষের জন্য কাজ করতে পারব, আবার একইভাবে নিজের ভালো থাকার জন্যও পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারব। অন্যকে যেমন ভালো কিছু শেখাতে পারব, তেমনি নিজেও প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে পারব, সেটা ছোট হোক বা বড়। মোট কথা আমি নিজের মন আর আত্মাকে সব সময় সজাগ রাখতে চাই, যেন এটা অন্য অনেক কিছুর ভিড়ে হারিয়ে না যায়।
আমি এখন দৌড়াতে চাই না। সবাইকে রেসে হারিয়ে আমি জিততে চাই না। আমি নিজের গতিতে এগিয়ে যেতে, সক্রিয় থাকতে চাই।