চিকিৎসকদের জন্য চিকিৎসকদের গড়া এই প্ল্যাটফর্ম যুক্ত আছে মানবিক উদ্যোগেও
দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)। ছয় বছরের পথচলায় চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণার পাশাপাশি মানবিক উদ্যোগেও নিজেদের যুক্ত করেছে তারা। দেশের ও প্রবাসের বাংলাদেশি চিকিৎসকদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মেডিক্যাল শিক্ষার্থীদেরও বৃত্তি দিচ্ছে। লিখেছেন মো. নাজিম উদ্দিন
গ্রামের ৮ থেকে ১০টি বাড়িতে গিয়ে গাভির দুধ দোয়ান নড়াইলের শিবানী সেন। সেই দুধই কিনে ভ্যানে করে প্রায় ১২ কিলোমিটার দূরে নিয়ে বিক্রি করেন। ওই সামান্য আয়েই চলে সংসার।
এমন একটা পরিবারের কেউ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলে আনন্দের চেয়ে দুশ্চিন্তাই হয় বেশি। মেয়ে শান্তা পাবনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পর শিবানীদের পরিবারেও এমনটা হয়েছিল। দূরে থেকে পড়াশোনার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয় ভেবে পরে মাইগ্রেশন করে মেয়েকে যশোর মেডিকেল কলেজে আনান তাঁর বাবা। স্থানীয় মানুষের সহযোগিতায় ভর্তি সম্পন্ন হলেও সামনে আসে আরেকটি বড় প্রশ্ন—পাঁচ বছরের পড়াশোনার খরচ কীভাবে চলবে?
অর্থাভাবে যখন চিকিৎসক হওয়ার স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম, তখন প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে পাশে দাঁড়ায় প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)। তাদের মাসিক বৃত্তির আওতায় এসে থেমে যাওয়ার মুখে নতুন করে পথ খুঁজে পান শান্তা।
বর্তমানে যশোর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে পড়ছেন শান্তা সেন। তিনি বলেন, ‘পিএইচএ এবং প্রথম আলো ট্রাস্টের দেওয়া স্কলারশিপ আমার শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস এনে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
শান্তা একা নন, দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অসচ্ছল ১৫ জন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া।
শান্তাদের পাশে দাঁড়ানো পিএইচএর সামাজিক উদ্যোগের একটি অংশ। তবে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা বিস্তারে কাজ। ২০২০ সালে যাত্রা শুরুর পর অল্প সময়েই চিকিৎসকদের প্রশিক্ষণ, গবেষণা, জনস্বাস্থ্যসচেতনতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে পরিচিত একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে পিএইচএ। চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একটি কনফারেন্সে যোগ দিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন সংগঠনটির মূল উদ্যোক্তা ডা. তাসবিরুল ইসলাম। তখনই যুক্তরাষ্ট্রপ্রবাসী এই পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের কাছে তাঁদের চিকিৎসক হয়ে ওঠার গল্পটা শুনেছি।
পিএইচএর যাত্রা যেভাবে
২০০৮ সাল থেকেই ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের চিকিৎসা খাতে নানা কার্যক্রম পরিচালনা করছিলেন ডা. তাসবিরুল ইসলাম। তবে উদ্যোগগুলো ছিল বিচ্ছিন্ন। স্থায়ী কাঠামো না থাকায় সেগুলোর দীর্ঘমেয়াদি প্রভাবও সীমিত ছিল। তাসবিরুল জানালেন, কোভিড-১৯ মহামারির সময় নিজের অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে আসেন। সেই অনিশ্চিত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি চিকিৎসকেরা ভার্চ্যুয়াল মাধ্যমে নিয়মিত আলোচনা করেলেন রোগীর চিকিৎসা, নতুন গবেষণা ও স্বাস্থ্যব্যবস্থার নানা চ্যালেঞ্জ নিয়ে। সেই আলোচনায় একটি প্রশ্ন বারবার সামনে আসে, বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কীভাবে আরও সংগঠিতভাবে বাংলাদেশের চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজে লাগানো যায়, একটি স্থায়ী সেতুবন্ধ গড়ে তোলা যায়।
সেই ভাবনা থেকেই ডা. শাকিল ফারিদ, ডা. বি এম আতীকুজ্জামান, ডা. চৌধুরী এইচ আহসান, ডা. মো. জাকের উল্লাহ, ডা. নাসের খান ও ওমর শরীফকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। ২০২০ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হলেও নভেম্বরে এটি নিবন্ধিত ট্রাস্ট হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছে সাত সদস্যের বোর্ড অব ট্রাস্টিজ।
চিকিৎসকদের শেখার নতুন পরিসর
অল্প সময়ের মধ্যেই চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণা, জনস্বাস্থ্যসচেতনতা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে পরিচিত একটি প্ল্যাটফর্মে পরিণত হয়ে ওঠে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। শুরুর দিকে অনলাইনভিত্তিক ওয়েবিনারের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পিএইচএ সরাসরি সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন শুরু করে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৩৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৪০০–এর বেশি ওয়েবিনার, তিনটি আন্তর্জাতিক সম্মেলন এবং ২০টির বেশি কর্মশালা ও সেমিনারের আয়োজন করেছে। কার্ডিওলজি, অনকোলজি, সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার, জনস্বাস্থ্যসহ ২৫টির বেশি বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুধু রাজধানী নয়; সিলেট, চট্টগ্রাম, ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলেও স্ট্রোক, হৃদ্রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করেছে পিএইচএ। বর্তমানে দেশ-বিদেশের দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিষ্ঠানটির ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত রয়েছেন।
২০২৩ সালে পিএইচএর উদ্যোগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে জরুরি চিকিৎসা ও সার্জারি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ পরিচালনা করে। পাশাপাশি মেডিক্যাল শিক্ষার্থীদের গবেষণা, নেতৃত্ব ও উপস্থাপনা দক্ষতা বাড়াতে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে নিয়মিত কাজ করছে সংগঠনটি।
সামনে আরও বড় স্বপ্ন
পিএইচএর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তাসবিরুল ইসলামের ভাষায়, তাঁদের লক্ষ্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে বিদেশের রোগীরাও চিকিৎসার জন্য বাংলাদেশে আসবেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এ দেশের মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনায় আগ্রহী হবেন।
সেই লক্ষ্য সামনে রেখে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে একটি আন্তর্জাতিক মাল্টি-স্পেশালিটি গ্লোবাল সামিট আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি দেশব্যাপী বেসিক লাইফ সাপোর্ট (সিপিআর) প্রশিক্ষণ, গবেষণা ও রোগতাত্ত্বিক তথ্যভান্ডার গড়ে তোলা, আধুনিক মেডিকেল কারিকুলাম প্রণয়ন, জরুরি চিকিৎসাসেবা (ইএমএস)–বিষয়ক প্রশিক্ষণ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচি এবং দ্বিতীয় মেডিক্যাল অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
ছয় বছরের পথচলায় প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া দেখিয়েছে, দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে ভৌগোলিক দূরত্ব কোনো বাধা নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করার যে উদ্যোগ তারা নিয়েছে, ইতিমধ্যে তার সুফল পাচ্ছেন চিকিৎসক, মেডিক্যাল শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আর শান্তা সেনের মতো শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ কেবল একটি বৃত্তি নয়, চিকিৎসক হওয়ার স্বপ্নটিকে বাঁচিয়ে রাখারও নাম।