এ–ই নাকি ধ্রুব এষ!
এ বছর শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেলেন ধ্রুব এষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কারটা নেওয়ার সময় তাঁর পরনে ছিল টি-শার্ট, জিনস আর পায়ে চপ্পল। ফেসবুক-ইনস্টাগ্রামে সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ছবি। পরিচিতজনেরা ছবিটা শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘এ–ই তো ধ্রুব এষ!’ আদতে কেমন তাঁর জীবনযাপন? গত সোমবার ধ্রুব এষের ডেরা থেকে ঘুরে এসে জানাচ্ছেন মাহফুজ রহমান
ঢাকার পুরানা পল্টন লাইনের ‘সঙ্গীতা’ নামের ভবনটার পকেট গেটে উঁকি মেরে জিজ্ঞেস করলাম, ‘ধ্রুবদা আছেন?’
পরক্ষণেই মনে হলো, আরে, ধুর, এই প্রশ্নের মানে কী! বইমেলার মাসে ঘরের বাইরে বেরোনোর ফুরসত কোথায় ধ্রুব এষের? লেখক-প্রকাশকেরা এখন তাঁর ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন।
দারোয়ান বললেন, ‘লিফটের পাঁচে নাইমা এক সিঁড়ি উপরে যান।’
লিফটের পাঁচে নেমে এক সিঁড়ি ভাঙতেই তিনটা ফ্ল্যাট। ধ্রুব এষের ডেরাটা চিনতে ভুল হয় না, দরজার সামনে পাদুকার হাট। ভেতরে লেখক-প্রকাশকের উপস্থিতি সুনিশ্চিত। দোরঘণ্টি বাজালাম। দরজা খুললেন স্বয়ং ধ্রুব এষ। গোঁফ-দাড়ির আড়ালে চেনা হাসি, ‘আসো আসো!’
ঘরের দেয়ালে ঘড়ির বালাই নেই। বিকেল চারটা ছুঁই ছুঁই হবে। ধ্রুব এষ তখন দুপুরের খাবার খাবেন। টেবিলে ভাতের প্লেট। টেবিল বলাও ভুল, দুইটা ডেস্ক জোড়া লাগিয়ে একটা নিচু টেবিলের আকার দেওয়া হয়েছে। পাশে একটা প্লাস্টিকের চেয়ারের ওপর বসে আছে আরও ছয়-সাতটা চেয়ার। একটা নামিয়ে বসে পড়ি। সামনের নোনাধরা দেয়ালটা দেখে মনে হয় ধ্রুব এষের প্রচ্ছদ! দেয়ালের সামনের শেলফে একটা ওভেন এমনভাবে রাখা, দেখলে হঠাৎ মনে হয়, ১২ ইঞ্চি টেলিভিশন! পাশেই একটা ফ্রিজ। এক কোনায় প্লাস্টিকের কতগুলো স্বচ্ছ কনটেইনারের ভেতর অগোছালো কাপড়চোপড়। অধিকাংশই টি-শার্ট। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে এ-ই। একঝলকে পুরো বাসা দেখে মনে হয়, কেউ বুঝি এই বাসা ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, নয়তো আজই বাসাটায় উঠেছে!
একে হয়তো অনেকে অগোছালো বলবেন; কিন্তু ধ্রুব এষের কাছের মানুষেরা বলবেন, এটাই তো স্বাভাবিক। ধ্রুব এষ এই বাসায় এক অর্থে একাই থাকেন, তবে তা কেবল রাতের বেলা। দুপুর থেকে সন্ধ্যা অবধি কাজের খাতিরে লোকজনের আনাগোনা চলতেই থাকে। সন্ধ্যার পর থেকে বন্ধুরা আসেন, তুমুল আড্ডায় রাত হয়ে যায়। তারপর ধ্রুব এষ একা। এই একা থাকা কেমন লাগে? ধ্রুব এষের ভাষায়, ‘এই জগৎটা আমার প্রিয়। আমার মতো করে থাকতে ভালো লাগে। আমি নিয়মের মধ্যে থাকার মানুষ না।’
জীবনানন্দ দাশের সঙ্গে চা খাইতে চাই
ধ্রুব এষের বাসার পুব দিকে একটা জায়গা কাচঘেরা। এটাই তাঁর ‘কারখানা’। পুরো বাসার সঙ্গে বেমানান উজ্জ্বল আলো ওর ভেতরে। করোনাকাল থেকে যাবতীয় কাজ করছেন এখানে বসেই। বসে থাকতে থাকতে মাঝে হাঁটুতে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল। ফলে বাধ্য হয়েই ‘নিয়ম’ মেনে কিছুদিন হাঁটাহাঁটি করেছেন। হাঁটুর ব্যথা বাদে তেমন কোনো রোগবালাই নেই। অবশ্য চোখটা খুব ভুগিয়েছিল, ব্যথার চোটে ডাক্তার দেখিয়েছিলেন। সেই থেকে চশমাটা সঙ্গী। চশমার পাওয়ার কত এখন? ধ্রুব এষ হাসেন, ‘দোকানদার জানে। কাগজপত্র ওদের কাছেই রাখা আছে। চশমা ভেঙে গেলে লোক পাঠাই, ওরা নতুন একটা দিয়ে দেয়।’
কেবল কি চশমা? পরনের টি-শার্ট, জিনস থেকে শুরু করে আঁকাআঁকির রং-পেনসিল—কোনো কিছু নিয়েই ব্যতিব্যস্ত নন ধ্রুব এষ। দীর্ঘদিনের সহচর আলোকচিত্রী কামরুল মিথুনই সব মুশকিলের আসান। এমন আরও অনেক মানুষের কাছে কৃতজ্ঞ ধ্রুব এষ, ‘মানুষের কাছ থেকে অসম্ভব মায়া পাইছি। ম্যাট্রিক পরীক্ষার পর একবারই ঘর পালাইছিলাম। সেটা কাজীদার (কাজী আনোয়ার হোসেন) সঙ্গে দেখা করার জন্য। তার পর থেকে তাঁর ভালোবাসা পাইছি। হুমায়ূন স্যারের কথা আর কী বলব...!’
আর কারও সঙ্গে কি দেখা করার ইচ্ছা ছিল, যাঁর জন্য ঘর পালানো যায়? ধ্রুব এষ মাথা নাড়েন, ‘অবশ্যই আজম খান। মুক্তিযুদ্ধ–পরবর্তী সময়ে তাঁর মতো করে তারুণ্য আর কেউ ধারণ করতে পারে নাই। আর সব সময় দেখা করতে ইচ্ছা করে জীবনানন্দ দাশের সঙ্গে। তাঁর সঙ্গে হাঁটতে চাই, বসতে চাই, চা খাইতে চাই।’
স্যার বরং আমাকে শুভ্র ডাকতেন
সামনে একগাদা বই ভাতের প্লেটটা আড়াল করে রেখেছে বলে ঠিক বোঝা গেল না, ধ্রুব এষ কী দিয়ে ভাত খাচ্ছেন। জিজ্ঞেস করলাম, ‘আপনার প্রিয় খাবার কী?’ একমুহূর্ত না ভেবে বললেন, ‘শুঁটকি।’
খাওয়ার সময় আর কোনো প্রশ্ন করব না ভেবে ঘরের পশ্চিমের জানালার নিচে তাকালাম। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কতগুলো চিত্রিত ক্যানভাস। ধ্রুব এষ নিজে থেকেই বললেন, ‘বুদ্ধদেব দাশগুপ্তর চরাচর সিনেমাটা আমার খুব প্রিয়। ওটা থেকে অনুপ্রাণিত হয়ে এগুলা আঁকছিলাম, এখনো শেষ করতে পারি নাই।’
‘সিনেমা কীভাবে দেখেন আপনি? নেটফ্লিক্স বা তেমন কিছু?’
ধ্রুব এষ শূন্য প্লেট নিয়ে উঠে দাঁড়ান, ‘আরে না না, আমি অত ঝামেলার মধ্যে নাই! বন্ধুরা পেনড্রাইভে এনে দেয়, আমি দেখি। প্রযুক্তি নিয়া আমার মাথাব্যথা নাই।’
কথাটা সত্যি। ধ্রুব এষ প্রযুক্তিবিমুখ না হলেও প্রযুক্তিপণ্যের বেলায় একেবারে নিরাসক্ত। এখনো ফিচার ফোনেই কাজ চালিয়ে নিচ্ছেন। ফেসবুকে অ্যাকাউন্ট নেই।
আর লোকে যে বলে, আপনার ব্যাংক অ্যাকাউন্টও নেই, এটা কি সত্যি? ধ্রুব এষের হাসিতে রহস্য। রহস্যগল্প তাঁর খুব প্রিয়। আর সিনেমা? কী কী সিনেমা দেখলেন সম্প্রতি?
‘হলিউড বা বলিউড গত এক দশকে তেমন কোনো সিনেমা বানায় নাই। কিন্তু মালয়ালম সিনেমাগুলার কথা চিন্তা করো! উস্তাদ হোটেল বা চার্লি কী অদ্ভুত সিনেমা!’
চার্লির প্রসঙ্গ এলে হিমুবিষয়ক প্রশ্নটা মাথায় এল, ‘অনেকেই যে বলে, হুমায়ূন আহমেদের হিমুর সঙ্গে চার্লির একটা মিল আছে, আপনার কী মনে হয়?’
ধ্রুব এষ প্রশ্নটা একেবারে উড়িয়ে দিলেন, ‘আরে, না না! চার্লি তো পুরাপুরি দার্শনিক চিন্তার সিনেমা, এর সঙ্গে হিমুর মিল পাওয়ার কোনো প্রশ্নই আসে না।’
‘আর আপনার সঙ্গে হিমুর মিল নিয়ে যে কথা হয়, সেটা?’
‘এটারও কোনো ভিত্তি নাই। অনেকে বলে, হুমায়ূন স্যার আমাকে দেখে হিমুর কথা ভাবছিলেন। আসলে তো আমি ঢাকায় আসার আগেই স্যার হিমু লিখতে শুরু করছিলেন। স্যার বরং আমাকে অনেক দিন শুভ্র নামে ডাকতেন, ধ্রুব নামটা উচ্চারণই করতেন না!’
‘আপনার নামটা কে রেখেছিলেন?’
‘নামটা রাখছিলেন আমার নানির ধর্মীয় গুরু।’
শার্ট পরলে তো বোতাম লাগাইতে হবে
প্রতিবছর বার্ষিক পরীক্ষা শেষে ধ্রুব এষ তাঁর মা আর তিন ভাইয়ের সঙ্গে সুনামগঞ্জ থেকে বেড়াতে যেতেন শ্রীমঙ্গল, নানিবাড়িতে। শ্রীমঙ্গলেই প্রথম দেখেছিলেন কাঞ্চন ফুল। তবে ওই কাঞ্চন ফুলের শ্রীমঙ্গল কিংবা সুনামগঞ্জের উকিলপাড়ায় যাওয়া হয় কদাচিৎ। ঘোরাঘুরি তাঁর ধাতে নেই। বরং ঢাকাই তাঁর প্রিয় শহর। বলছিলেন, ‘বুঝলা, মানুষ যে কেন এই শহরটাকে এত গালাগালি করে, বুঝি না! তুমি-আমি কে? এই শহর তো আমাকে থাকার জায়গা দিছে, ভাত দেয়। এত অকৃতজ্ঞ আমরা!’
তবে এই শহরের যানবাহনে চড়তে ধ্রুব এষের ভীষণ ভীতি। বলছিলেন আশির দশকের কথা, ‘তখন আমি একদিন গুলিস্তান থেকে মাদারটেক যাইতেছিলাম বাসে করে; বাস তো না, মুড়ির টিন আরকি। আমি তো গড়পড়তা মানুষের চেয়ে একটু লম্বা, ফলে পুরাটা সময় আমি ঘাড় বাঁকা করে ঝাঁকুনি খাইতে খাইতে মাদারটেক গেলাম। সেই যে বাস থেকে নামলাম, তারপর ঠিক করলাম, এরপর হয় হাঁটব, নয়তো রিকশায় উঠব, বাসে আর না।’
ঠিকই সেই থেকে ধ্রুব এষ হয় রিকশায় চড়ছেন, নয়তো হাঁটছেন। চপ্পল তাঁর চিরকালের সঙ্গী, জিনস আর টি-শার্টও। চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর একদিন টি-শার্ট গায়ে চাপিয়েছিলেন, তার পর থেকে অন্য কোনো পোশাক মন টানেনি। কেন? ধ্রুব এষ বললেন, ‘এত আরাম আর কিছুতে নাই। বললাম না, আমি আমার মতো করে থাকতে চাই। শার্ট পরলে তো বোতাম লাগাইতে হবে, পাঞ্জাবি পরলে হাতা গোটাইতে হবে। অত ঝামেলা আমি করতে পারব না! আর আমি তো জানি, ড্রেস কোড আছে, তেমন কোনো জায়গায় আমি যাব না।’
আর যদি যেতেও হয়, সেখানেও যে ধ্রুব এষ নিজের মতো করেই যাবেন, তা দেখা গেল বাংলা একাডেমি পুরস্কার নেওয়ার সময়। তাই তো পুরস্কার তুলে দেওয়ার সময় তাঁকে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এ–ই নাকি ধ্রুব এষ!’