এয়ারকন্ডিশনার ভালো রাখবেন যেভাবে

বর্ষা চলছে, তাই বলে গরম কিন্তু বিদায় হয়নি। ফলে এয়ারকন্ডিশনারের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায়নি। তবে স্বস্তির জন্য একগাদা টাকা খরচ করে কেনা এসির ঠিকঠাক যত্ন নিচ্ছেন তো? সাধারণ কিছু নিয়ম জেনে রাখুন আপনার এয়ারকন্ডিশনারের সুস্বাস্থ্যের জন্য।

এসির ঘরের ভেতরের অংশ শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনের বেশি ব্যবহার নয়

ঘর ঠান্ডা রাখার জন্য দিনরাত এসি চালু রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। বরং যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু সময়ই এসি চালু রাখুন। বিশেষত ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে এসি বন্ধ করে বের হন। দীর্ঘক্ষণ চালু থাকলে এসির যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

হুট করে তাপমাত্রা কমাবেন না

ঘরে ঢুকতে না ঢুকতেই তাপমাত্রা অনেক কমিয়ে দেন কেউ কেউ। অনেকেই মনে করেন, তাপমাত্রা কমালে সমস্যা কী? সমস্যা আছে। বাইরের তাপমাত্রার সঙ্গে এসির তাপমাত্রায় পার্থক্য যত বাড়বে, এসির ওপর চাপ পড়বে তত বেশি। তাই এসি চালানোর পর তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রিতে রাখুন। এরপর প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা আস্তে আস্তে কমান।

নিয়মিত পরিষ্কার করুন

এসির পরিপূর্ণ সুবিধা পেতে ভেতরে–বাইরে ঠিকভাবে পরিষ্কার করা জরুরি। এসির মূল কাজ যেহেতু বাতাস আদানপ্রদান করা, তাই এর ভেতরে ও বাইরে সহজেই ধুলাময়লা জমা হয়। যার প্রভাবে ঘর সহজে ঠান্ডা হয় না। তাই আসবাব মোছার মতো করে এসির চারপাশ শুকনো কাপড় দিয়ে মুছে দিন।

এ ছাড়া এসির ভেতরে একটা জালি দেওয়া ঢাকনা থাকে। নিয়মিত ব্যবহারে সেই ঢাকনায় ধুলা জমে নোংরা হয়ে যায়। সেটা খুলে ব্রাশ দিয়ে সামান্য পানি কিংবা তরল সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। জালি শুকিয়ে গেলে আবার তা জায়গামতো স্থাপন করে নিন। এতে করে এসির বায়ুপ্রবাহে বাধা থাকবে না। আর শুকনো কাপড়, ব্রাশ কিংবা এয়ার ব্লোয়ার দিয়ে ফ্যানের ব্লেডে জমে থাকা ময়লাও পরিষ্কার করুন।

এসির ফিল্টার পরীক্ষা করুন

নিয়মিত বিরতিতে এসির এয়ার ফিল্টার পরীক্ষা করুন। বেশি ময়লা জমলে দক্ষ মিস্ত্রির শরণাপন্ন হোন। ফিল্টারে অতিরিক্ত ময়লা জমা হলে তা ক্যাপাসিটরের কর্মক্ষমতা কমিয়ে দেয়, যা এসির নিয়মিত কাজে বড় বাধা। আর এতে ঘর ঠান্ডা হওয়ার বদলে গরম হতে শুরু করে। তাই এসির ফিল্টার যেমন পরিষ্কার রাখা দরকার, তেমনই নিয়মিত বিরতিতে পরিবর্তনও করা দরকার।

আউটডোর ইউনিট পরিষ্কার করুন

এসির আউটডোর ইউনিট নিজে পরিষ্কার না করাই ভালো। বছরে অন্তত একবার দক্ষ কোনো ব্যক্তির সাহায্যে আউটডোর ইউনিটটি পরিষ্কার করিয়ে নিন। খেয়াল রাখবেন, আউটডোর ইউনিটে বাতাস প্রবেশে যাতে কোনো বাধা তৈরি না হয়। এতে এসির কার্যকারিতা অনেকাংশেই কমে যায়।

নিয়মিত সার্ভিসিং করান

বছরে অন্তত একবার দক্ষ টেকনিশিয়ানের দ্বারা এসির সার্ভিসিং করান। বিশেষ করে শীতের পরে ও গ্রীষ্মের শুরুতে একবার সার্ভিসিং করিয়ে নিন। নিয়মিত সার্ভিসিং না করালে এসির কনডেনসারে ময়লা জমে কমপ্রেসরে উচ্চ তাপ ও চাপ তৈরি হয়, যা থেকে হতে পারে ভয়ংকর কোনো দুর্ঘটনা।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট