এক পার্বতী মারা গেছেন, আছেন আরও ৬৩ পার্বতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে ভারত থেকে দিনাজপুর হয়ে বাংলাদেশে ঢোকেন এক নারী। আদালতের মাধ্যমে ২০১২ সালে রাজশাহী সেফ হোমে তাঁর ঠাঁই হয়। তাঁর ভাষা কেউ বুঝতেন না। তাঁর নতুন নাম দেওয়া হয় পারুল। কোনো বিদেশি রাজশাহী এলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পারুলের সঙ্গে তাঁর কথা বলানো হতো, যদি ভাষা মিলে যায়। ২০১৫ সালের নভেম্বরে ভারতের মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সি সুধাকর ও ম্যাজিস্ট্রেট ওয়াই রত্নাকারা রায় রাজশাহীতে আসেন। সুধাকরের বাড়ি ভারতের তামিলনাড়ু, আর রত্নাকারার অন্ধ্র প্রদেশে। সুধাকর মাতৃভাষায় কথা বললে পারুল তাঁর জবাব দিতে শুরু করেন। জানা যায়, পারুলের প্রকৃত নাম পার্বতী। বাবার নাম সিলাতুদামা। মা কল্যাণী। বাড়ি তামিলনাড়ুর থিরুনিলভেলি। স্বামী মারা গেছেন। কোনো সন্তান নেই। তবে কীভাবে বাংলাদেশে এলেন, বলতে পারলেন না। শুধু একটা ট্রেনে উঠেছিলেন, এটুকু মনে আছে। সেফ হোমে তিন বছর ঠিকানাবিহীন থাকার পর এভাবেই পার্বতীর পরিচয় জানা যায়। ২০১৫ সালের ২৮ নভেম্বর তাঁকে নিয়ে একটি প্রতিবেদন করে প্রথম আলো। শিরোনাম ‘পারুলই তামিলনাড়ুর পার্বতী’। কিন্তু পরিচয় জানার পরও আইনি জটিলতায় তাঁর আর দেশে ফেরা হয়নি। গত ৮ জানুয়ারি মারা গেছেন পার্বতী।

বছরের পর বছর অনিশ্চিত এক জীবন নিয়ে পড়ে আছেন এই ৬৩ নারী। পত্রিকায় ছবি দিয়ে তাঁদের কথা লিখলে কোনো আত্মীয়স্বজন যদি চিনতে পারেন, তাহলে তাঁরা হয়তো তাঁদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন
অনিশ্চিত এক জীবন নিয়ে রাজশাহী সেফ হোমে পড়ে আছেন এই নারীরা
ছবি: নারীমঞ্চ

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত রাজশাহী সেফ হোমে পার্বতীর মতো আরও অনেক নারীই বছরের পর বছর ধরে পড়ে আছেন। এর মধ্যে ২০১৯ সালে প্রশিক্ষণ দিয়ে ১০ জনকে ঢাকায় চাকরি দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর দুজনের বিয়ে দেওয়া হয়েছে। এখনো রয়ে গেছেন ৬৩ জন নারী।

বিভিন্ন জায়গায় পুলিশের হাতে ধরা পড়ার পরে আদালতের মাধ্যমে তাঁদের এই সেফ হোমে পাঠানো হয়। হোমে আনার পর চেনাপরিচয়ের সুবিধার্থে এদের বেশির ভাগেরই নাম দেওয়া হয়। অনেকের চলাফেরাই স্বাভাবিক মানুষের মতো। বাক্‌প্রতিবন্ধী বলে অনেকের ঠিকানা জানা সম্ভব হচ্ছে না। হোমের কর্মচারীরা তাঁদের ইশারা বুঝতে পারেন। কর্তৃপক্ষের মাধ্যমে সেফ হোমের এ রকম কয়েকজনের সঙ্গে কথা হলো। একজনের নাম রাখা হয়েছে লাভলী (২৬)। তিনি অস্পষ্ট উচ্চারণে বলতে পারেন বাড়ি ঢাকা। আর ইশারায় বোঝাতে পারেন তাঁর স্বামী ভালো না, মারধর করে; তবে তাঁর শাশুড়ি ভালো। দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। ১২ বছর ধরে তিনি এখানে আছেন।

২৭ বছর বয়সী সুমি শুধু বলতে পারেন, বাড়ি কুষ্টিয়া, বাবার নাম নাসির। অনুরাধা (১৮) বলতে পারেন তাঁর বাবার নাম অনিমেষ, মায়ের নাম জ্যোতি, বোন অন্তরা। রামগতির সোনালী ব্যাংকের সামনে তাঁদের বাড়ি। ওখানে নদী আছে। জেলা লক্ষ্মীপুর। আরেকজন ৩০ বছর বয়সী সুমি বলছেন, তাঁর বাবার নাম ইসমাইল। রাজশাহী নগরের বালিয়াপুকুর এলাকায় তাঁর বাড়ি। কিন্তু হোমের কর্মচারীরা বলছেন, এই এলাকায় কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি। কাজল (৩০) বলতে পারে বাবার নাম মজিদ, মায়ের নাম রানু, বাড়ি মধুপুর। থানার নাম মনে নাই। একটা বাচ্চা আছে। আল আমিন নাম। ছোট। শাশুড়ি জ্বালাইছে বলেই কাঁদতে লাগলেন। সম্প্রতি এ রকম দুজনের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের একজন নিজের নামটাও বলতে পারেন না, আরেকজনের নাম আশা খাতুন, বাবা মাসুম, মা তাসলিমা, তিনিও ঠিকানা বলতে পারেন না।

রাজশাহী মতিহার থানার মাধ্যমে পাওয়া মেহজাবীন (২৫) নামের একজন ২০২০ সাল থেকে হোমে আছেন। ঘোমটায় সব সময় নিজের মুখ ঢেকে রাখেন। ইংরেজি হিন্দি ও বাংলা মিশিয়ে কথা বলেন, নিজেকে অবাঙালি দাবি করেন। ঘোমটা দেওয়া অবস্থার ছবি তুলতে চাইলে বলেন, ‘স্টপ, সিনারি নাহি তুলেঙ্গি।’ সেফ হোমে তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক বলেন, দুই বছর থেকে এই নারী এখানে থাকলেও কখনো তাঁর মুখ তিনি দেখতে পাননি। সঙ্গে সব সময় একটা পোঁটলা থাকে, ভেতরে দামি দামি সব শাড়ি। কখনো ওটা হাতছাড়া করেন না।

লাইজু রাজ্জাক বলেন, বছরের পর বছর অনিশ্চিত এক জীবন নিয়ে পড়ে আছেন এই ৬৩ নারী। পত্রিকায় ছবি দিয়ে তাঁদের কথা লিখলে কোনো আত্মীয়স্বজন যদি চিনতে পারেন, তাহলে তাঁরা হয়তো তাঁদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।