৩ বৃত্তির খোঁজ, আবেদন গ্রহণ চলছে
প্রধানমন্ত্রী ফেলোশিপ
প্রধানমন্ত্রী ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। স্নাতকোত্তর বা পিএইচডির জন্য আবেদন করা যাবে। টাইম হায়ার এডুকেশন প্রকাশিত র্যাঙ্কিংয়ে যেসব বিশ্ববিদ্যালয় শীর্ষ ২০০-এর মধ্যে আছে, সেসব বিশ্ববিদ্যালয়ের কোনো একটির অফার লেটার থাকলে স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির জন্য আবেদন করা যাবে। পিএইচডির জন্য আবেদন করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং হতে হবে ১০০–এর মধ্যে। শিক্ষা, নারী উন্নয়ন, গণস্বাস্থ্য, কূটনীতি, কৃষি ও খাদ্যনিরাপত্তা ইত্যাদি বিষয়ে পড়ার ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। টোয়েফল, আইইএলটিএস বা পিটিই একাডেমিকে নির্ধারিত স্কোর থাকতে হবে। আবেদনকারীরা ওয়েবসাইটে প্রবেশ করে এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলে পরবর্তী ধাপগুলো পূরণ করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
ইন্দোনেশিয়াতে উচ্চশিক্ষা
ইন্দোনেশিয়ার উনতাগ সুরাবায়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। স্নাতক পর্যায়ে চার বছরের অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। ইন্দোনেশিয়ার ইস্ট জাভা অঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়টি আগামী ১ মে পর্যন্ত বৃত্তির আবেদন গ্রহণ করবে। আবেদনের সময় প্রয়োজনীয় সনদ ও সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। কোনো সনদ বাংলায় থাকলে ইংরেজি করে নিতে হবে। আইন, মনোবিজ্ঞান, ইংরেজি সাহিত্য, জাপানি সাহিত্য, লোক প্রশাসন, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং প্রভৃতি বিষয়ে পড়া যাবে। চার বছরের টিউশন ফি বৃত্তির আওতায় পড়বে। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধাও দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে:
বিস্তারিত:
ফুলব্রাইট বৃত্তির আবেদন গ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাঁরা বৃত্তিসহ স্নাতকোত্তর করতে চান, তাঁদের কাছে ফুলব্রাইট বৃত্তি বেশ জনপ্রিয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছ থেকে আবেদন গ্রহণ চলছে। ঢাকাস্থ আমেরিকান সেন্টারের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। আবেদন করা যাবে ১ জুন পর্যন্ত।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত তরুণ থেকে মধ্য পর্যায়ের কর্মকর্তারা কার্যক্রমে অংশ নিতে পারেন। বাংলাদেশের স্বীকৃত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। যে বিষয়ে পড়তে চান, সেই বিষয় সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইন্টারনেটভিত্তিক টোয়েফলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস স্কোর ন্যূনতম ৭ থাকতে হবে। আবেদনপ্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হবে অনলাইনে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।