গরমে ঈদের দিন কী খাবেন, কী পরবেন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
‘সবুজ-শ্যামল’ দেশে মরুর মতো খরতাপ। গরমে তাই সুস্বাস্থ্য আর স্বস্তির দিকটা মাথায় রেখেই চলুক ঈদের প্রস্তুতি। বিশেষ খাওয়াদাওয়া ছাড়া ঈদের দিনটা যেন পূর্ণতাই পায় না—এ মানসিকতা থেকে এবার বেরিয়ে আসতে হবে। ঈদের সময়কার প্রথাগত খাবারদাবারের পরিবর্তে তৈরি করুন ভিন্নধারার পদ। পানি তো খেতেই হবে। মেনুতে রাখতে পারেন নানান স্বাদের পানীয়ও। বাইরের খাবার ও পানীয় এড়িয়ে ঘরের নিরাপদ পানি ও টাটকা খাবার গ্রহণ করুন। খাবার ঢেকে রাখুন। জমকালো কারুকাজের পোশাক নাই–বা পরলেন। হালকা পোশাকেই পাবেন স্বস্তি। শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেলাতেও একই কথা প্রযোজ্য।
সুস্থতা হোক প্রথম কথা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মতলেবুর রহমান বলেন, ‘গরমজনিত রোগের প্রকোপ বাড়ছে। সুস্থ থাকতে প্রচুর পানি এবং রসাল ফলমূল খেতে হবে। প্রখর রোদে না বেরোনোই ভালো। বেরোতে হলেও সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় কিছু অনুষঙ্গ।’ ঈদে স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে তাঁর থেকেই জেনে নেওয়া যাক।
এক মাস নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পর হুট করে খুব বেশি খাওয়া যাবে না। কয়েক দিন ধরে খাবারের পরিমাণ অল্প অল্প করে বাড়াতে হবে। এই সময়ে গুরুপাক এড়িয়ে চলাই ভালো।
বাইরে যাওয়ার সময় ভালো মানের ছাতা ও রোদচশমা নিন। কয়েক স্তরসম্পন্ন ফুড গ্রেড ফ্লাস্কে পানি রাখুন। পানির পাত্র দীর্ঘ সময় সরাসরি রোদে রাখবেন না। খেয়াল রাখুন, ঈদযাত্রায় যাতে পানিশূন্যতা না হয়।
প্রস্রাব দীর্ঘ সময় আটকে রাখবেন না।
গরমে অস্বস্তি লাগলে রোজ এক প্যাকেট ওরস্যালাইন খেতে পারেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরাও স্যালাইন খেতে পারেন এ সময়। তবে কিডনি বা লিভারের সমস্যা থাকলে পানি ও পানীয়র ব্যাপারে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।
কালো কাপড় তাপ শোষণ করে। তাই হালকা রঙের পোশাক পরুন। কৃত্রিম তন্তুর কাপড় এড়িয়ে চলুন।
গরমে ক্ষুধামান্দ্য, মাথাব্যথা, মানসিক অবসাদ, বিরক্তি, অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। খারাপ লাগলেই ছায়ায় বিশ্রাম নিন, বাতাসে থাকুন, পানি ও পানীয় খান, ঠান্ডা পানিতে শরীর মুছে নিন। আক্রান্ত ব্যক্তি ক্ষেত্রবিশেষে জ্ঞানও হারাতে পারেন। সে ক্ষেত্রে খোলামেলা, ছায়াময় জায়গায় মাথার দিক নিচু করে শুইয়ে ত্বকে ঠান্ডা পানি বা বরফ লাগিয়ে তাঁকে কাছের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান।
শিশুর সুস্থতায়
শিশুর সুস্থতার বিষয়ে পরামর্শ দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক সাঈদা আনোয়ার।
শিশুরও প্রয়োজন পর্যাপ্ত পানি, হালকা মসলার খাবার এবং আরামদায়ক পোশাক। শিশুদের ঘন ঘন পানি বা তরল খাবার দিতে হবে। পর্যাপ্ত প্রস্রাব হচ্ছে কি না, খেয়াল রাখতে হবে। ছয় মাসের কম বয়সী শিশুকে ঘন ঘন বুকের দুধ দিতে হবে। ছয় মাস পেরোলে অন্যান্য তরলও দিন। কোমল পানীয় বা বাজারের জুস নয়। স্তন্যদায়ী মায়েদেরও পর্যাপ্ত তরল গ্রহণ আবশ্যক। শিশুর মনের মতো করে পরিবেশন করুন ফলমূল, সবজি, মাছ। স্যাঁতসেঁতে জায়গায় নয়, শিশুকে রাখুন আলো-বাতাসপূর্ণ জায়গায়। গরমে শিশুর শরীরে তেল মালিশ করবেন না। শিশুর উপযোগী পাউডার দিন। চুলে সামান্য তেল দিলেও কিছুক্ষণ পর শ্যাম্পু করতে হবে। এই গরমে শিশুকে বাইরে নেবেন না। ডায়াপার না পরানোই ভালো। পরাতে হলেও শিশু প্রস্রাব-পায়খানা করামাত্রই বদলে দিন।
খাদ্যাভ্যাসে সুস্থতা
স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের পরামর্শ দিলেন ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা বেগম।
রসাল ফল এবং ফলের রসে মিটবে পানির চাহিদা, পাবেন প্রয়োজনীয় পুষ্টি উপাদানও। প্রয়োজনে ফল বা ফলের রসে সামান্য লবণ যোগ করুন। চিনি বর্জনীয়।
ডাবের পানি উপকারী। লেবুর রস, কাঁচা মরিচকুচি, ধনেপাতা, পুদিনাপাতা ও সামান্য বিট লবণ দিয়ে পানীয় বানাতে পারেন। লেবুর রস, সামান্য জিরার গুঁড়া আর সামান্য বিট লবণ দিয়েও স্বস্তিদায়ক পানীয় হতে পারে। লেবু কেটে বেশিক্ষণ রাখবেন না।
কাঁচা সবজির সালাদের জন্য ভালোভাবে খোসা ছিলে নিন।
টক দই উপকারী। বাড়িতে বোরহানি বানাতে পারেন।
কোমল পানীয় এড়িয়ে চলুন। এগুলো কখনোই পানির বিকল্প নয়।
মিষ্টান্ন খান কম। খেতে পারেন নানান ধরনের বাদাম।
মাংস রান্নার আগে চর্বি ফেলে দিন। গরুর মাংসের চর্বি তেমন দেখতে পাওয়া যায় না বলে রান্নার আগেই ফুটন্ত পানিতে ২-৩ মিনিট সেদ্ধ করুন। ঝাঁজরিতে পানিটা ঝরিয়ে নিলে মাংসের ভেতরকার চর্বি অনেকটাই কমে যাবে।
ভাত, পোলাও, বিরিয়ানি কম পরিমাণে খাওয়াই ভালো। বিরিয়ানি রান্না করলেও তাতে মাংস কম দিন।
সয়াবিন তেলের পরিবর্তে সামান্য অলিভ অয়েলে রান্না করতে পারেন। শর্ষের তেল হতে পারে এর বিকল্প।
লাউ-জালি, ঝিঙে, পটোল, করলা ও অন্যান্য সবজি দিয়ে ভিন্নধারার পদ রান্না করতে পারেন ঈদের দিন।
খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটুন।
ফ্যাশনে বসনে সাজে
ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী ও ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘এই গরমে পাতলা, সুতি কাপড়েই আরাম পাওয়া যাবে। দেশে এখন সুতি কাপড়ের দারুণ সব পোশাক পাওয়া যায়। ভিন্নধারার প্যাটার্নের সুতি পোশাক ফ্যাশনধারাতেও চলছে।’ ঢিলেঢালা পোশাকে যেমন স্বস্তি পাওয়া যায়, তেমনি আধুনিক ফ্যাশনধারায়ও এমন পোশাক ‘ট্রেন্ডি’ বলেই জানালেন তিনি। কাফতান এবং ‘লম্বা ড্রেস’ও বেশ চলছে। চলছে ফ্রিল দেওয়া পোশাকও। ফুলেল প্রিন্টের কাপড় দেখতেও আরামদায়ক, এতে উৎসবের আমেজটাও ফুটে ওঠে। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, বাটিক, টাই-ডাইয়ের পোশাকে আরাম পাবেন। সাদামাটা তাঁতের শাড়িতেও সুন্দর লাগবে ঈদের দিন।
মিউনি’স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিনের মতে, ঈদ উৎসবে সাদামাটা, সতেজ সাজেই সুন্দর দেখায়। ‘ন্যাচারাল লুক’টাই মানানসই এবার। সকালে গোসলের পর সান প্রটেকশন ফ্যাক্টর (এসপিএফ) ফিল্টারসমৃদ্ধ ফাউন্ডেশন লাগাতে পারেন। আইলাইনার আর লিপস্টিকও দিন সেভাবে। গরমে মেকআপ নষ্ট হতে পারে, তাই মেকআপ করলে ঠান্ডা জায়গাতেই থাকুন। বাইরে বেরোতে হলে চুলে সেরাম লাগিয়ে নিন। ব্লো ড্রাই কিংবা আয়রন করতে চাইলে তার আগেও চাই সেরাম। গরমে চুল বেঁধে রাখা ভালো হবে। বাইরে থেকে ফিরেই ভালোভাবে মুখ ধুয়ে নিন।